প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার গুণগত পরিবর্তনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত জনাব মোঃ সজিবুল হাসানকে সম্মাননা প্রদান করা হচ্ছে।
এ উপলক্ষে আগামীকাল ৪ নভেম্বর (বুধবার) বিকাল ৩টায় জামালপুরের ইসলামপুর উপজেলা পরিষদ কেন্দ্রীয় অডিটোরিয়ামে এক আলোচনা সভা ও সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব শাহ্ মোঃ জুবায়ের। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব স্বর্নজিৎ দেব।
অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— ‘ভালো শিক্ষক তৈরি করেন ভালো মানুষ, আর ভালো মানুষ গড়ে তোলেন আলোকিত সমাজ।’
আয়োজক সূত্রে জানা গেছে, প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধ বিকাশ এবং শিক্ষার গুণগত উৎকর্ষ সাধনে শিক্ষকদের ভূমিকা নিয়ে অনুষ্ঠানে আলোচনা করা হবে। পাশাপাশি জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক হিসেবে স্বীকৃতি অর্জন করায় মোঃ সজিবুল হাসানকে আনুষ্ঠানিকভাবে সম্মাননা জানানো হবে।
শিক্ষকতা শুধু একটি পেশা নয়, বরং মানুষ গড়ার মহান ব্রত। একজন আদর্শ শিক্ষক তাঁর জ্ঞান, দক্ষতা, নিষ্ঠা ও মানবিক মূল্যবোধের মাধ্যমে একটি প্রজন্মকে আলোকিত করতে পারেন। সজিবুল হাসানের এই অর্জন শিক্ষক সমাজের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
অনুষ্ঠানটির আয়োজন করেছে উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা পরিবার, ইসলামপুর, জামালপুর।
শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের অবদানকে স্বীকৃতি দেওয়া এবং নতুন প্রজন্মের শিক্ষক-শিক্ষার্থীদের অনুপ্রাণিত করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
পড়ুন : মহেশপুর সীমান্তের ধানখেত থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার


