জুলাই গণ-অভ্যুত্থানে চট্টগ্রামের প্রথম শহীদ ছাত্রদল নেতা মো. ওয়াসিম আকরাম হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত একেএম জিয়াউদ্দিন ওরফে জিয়া রনিকে গ্রেপ্তার, জামিনের বিষয়টি আইনানুগভাবে পুনর্বিবেচনা এবং দ্রুত বিচার নিশ্চিত করার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল।
বুধবার [৪ নভেম্বর) চট্টগ্রাম মহানগর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, উত্তর ও দক্ষিণ জেলা ও বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যৌথ উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহবায়ক সাইফুল আলম বলেন,২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতার আত্মত্যাগের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশের প্রত্যাশা তৈরি হয়েছে, সেখানে কোনো হত্যাকাণ্ডের বিচারহীনতা মেনে নেওয়া যায় না। শহীদ ওয়াসিম আকরাম হত্যার ঘটনায় সংশ্লিষ্ট প্রত্যেক অভিযুক্তের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইনের আওতায় এনে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। শহীদ ওয়াসিমের আত্মত্যাগ কোনোভাবেই বিস্মৃত হওয়ার নয়।তাঁর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের রাজনৈতিক পরিচয় কিংবা প্রভাব-প্রতিপত্তি বিবেচনায় না নিয়ে আইনের আওতায় আনতে হবে।মামলার তদন্ত ও বিচারিক কার্যক্রমে কোনো ধরনের প্রভাব বিস্তারের সুযোগ দেওয়া যাবে না।
সাইফুল আলম বলেন, ৭১ ও ২৪ এর পরাজিত শক্তিরা আজ মিলেমিশে একাকার হয়ে বর্তমান সরকারের বিরুদ্ধে যে ষড়যন্ত্র করছে ছাত্রদল তা মোকাবিলা করতে রাজপথে সজাগ আছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, মামলার তদন্ত দ্রুত সম্পন্ন করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং আদালতের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।বিক্ষোভ মিছিল থেকে শহীদ ওয়াসিম আকরাম হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং জুলাই গণ-অভ্যুত্থানের সকল শহীদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়নের দাবি জানানো হয়।
উক্ত মিছিলে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন,চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সভাপতি তকিবুল হাসান চৌধুরী তকি, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের আহবায়ক রবিউল হোসেন রবি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান,চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সরওয়ার রুবেল, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের যুগ্ম আহবায়ক আসিফ চৌধুরী লিমন,তারিকুল ইসলাম তানভীর, জিএম সালাহউদ্দিন কাদের আসাদ, আরিফুর রহমান (মাষ্টার আরিফ),জহির উদ্দিন বাবর,শহিদুল ইসলাম সুমন,মাহমুদুর রহমান বাবু,ইসমাইল,আনাছ, রাহুল,শাহীন,সদস্য বাপ্পী,আল মামুন সাদ্দাম,জুয়েল ও এনামুল হকসহ অন্যান্যরা।
পড়ুন : নেত্রকোনা সীমান্তে গরু, কম্বল ও মাদকসহ সাড়ে ১৬ লাখ টাকার পণ্য জব্দ


