গাজীপুরে পোশাক শ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনকালে দুর্বৃত্তদের হামলায় নিহত পোশাক শ্রমিক তৌফিক হোসেনের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরীর নির্দেশনায় এই সহায়তা পৌঁছে দেওয়া হয়।
বুধবার (৪ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের ছয়ঘরিয়া এলাকায় নিহত তৌফিকের বাড়িতে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানা। সেখানে তিনি নিহতের স্ত্রী সেতু মনি ও ভাই হারুন উর রশিদের সঙ্গে কথা বলেন, তাদের খোঁজখবর নেন এবং সরকারের পক্ষ থেকে এক লাখ টাকার আর্থিক সহায়তার চেক হস্তান্তর করেন।
পরে মুঠোফোনে ভিডিও কলের মাধ্যমে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী নিহতের পরিবারের সদস্যদের সাথে কথা বলেন। এ সময় তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাদের পাশে থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। পাশাপাশি, ঘটনার সাথে জড়িত প্রকৃত অপরাধীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে বলে আশ্বাস দেন মন্ত্রী।
উক্ত সহায়তা প্রদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি): তামশিদ ইরাম খান,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা: আব্দুর রহিম,উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা: এনামুল হক,কোচাশহর ইউপি চেয়ারম্যান: জহুরুল হক জাহিদ,ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক: ফরিদুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পড়ুন : চট্টগ্রামের বোয়ালখালীতে ওয়ালটনের পুরস্কার উৎসব


