সিরাজগঞ্জ সদর উপজেলার পিপুলবাড়িয়া বাজারে অভিযান চালিয়ে দুটি প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া ইলেকট্রিক পণ্য উৎপাদন ও বাজারজাতকরণ এবং শিশু খাদ্যের মোড়কে প্রয়োজনীয় লেবেল না থাকার দায়ে এ জরিমানা করা হয়। বুধবার (৪ নভেম্বর) বিকালে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহকারী পরিচালক মো. সোহেল শেখের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে গ্যাস সিলিন্ডার, নিত্যপ্রয়োজনীয় পণ্য, ইলেকট্রিক পণ্য ও শিশু খাদ্যের দোকান তদারকি করা হয়। এ সময় বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া বাল্ব, সুইচ, সকেট ও হোল্ডার উৎপাদন ও বাজারজাতকরণ এবং উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম ও পূর্ণ ঠিকানা উল্লেখ না থাকার অপরাধে অনিক সুপার প্রা. লিমিটেডের মালিক মো. হেলাল উদ্দিনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া শিশু খাদ্যের মোড়কে প্রয়োজনীয় লেবেল না থাকায় মিমি স্টোরের মালিক মো. আব্দুল কাইয়ুমকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া গ্যাস সিলিন্ডারের বাজারদর ও সরবরাহ পরিস্থিতি তদারকি করা হয়। সরকার নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রির নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ও সরবরাহ পরিস্থিতিও পর্যবেক্ষণ করা হয়। অভিযানে স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।
পড়ুন : নেত্রকোনা সীমান্তে গরু, কম্বল ও মাদকসহ সাড়ে ১৬ লাখ টাকার পণ্য জব্দ


