দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়ন কারিগর খ্যাত, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। আজ বুধবার সকাল থেকেই যশোরে জেলা বিএনপির উদ্যোগে শ্রদ্ধা নিবেদন, কবর জিয়ারত ও বিশেষ প্রার্থনা সহ বিস্তর কর্মসূচি পালন করা হয়।
দিনের শুরুতেই সকাল সাড়ে ১০টায় শহরের কারবালা কবরস্থানে মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ ও কবর জিয়ারত করা হয়। জেলা বিএনপির এই আয়োজনে উপস্থিত হন দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সরকারি কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
কবর জিয়ারত শেষে দলীয় কার্যালয়ে আয়োজন করা হয় দোয়া মাহফিল ও কোরআন খানি। এ সময় তরিকুল ইসলামের রুহের মাগফিরাত কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। দোয়া মাহফিল শেষে জেলা ছাত্রদলের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ এবং জেলা মৎস্যজীবী দলের পক্ষ থেকে মুসল্লিদের মধ্যে জায়নামাজ, টুপি ও তাসবিহ বিতরণ করা হয়।
এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিএনপি এবং এর অঙ্গসংগঠনের শীর্ষ নেতারা। এছাড়া মরহুমের বড় পুত্র ও বিসিবি পরিচালক শান্তনু ইসলাম সুমিতসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এতে অংশ নেন।
দিনটি উপলক্ষে যশোর জেলা সদরের বাইরেও সকল উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও গণভোজের আয়োজন করা হয়।
পড়ুন : চট্টগ্রামের বোয়ালখালীতে ওয়ালটনের পুরস্কার উৎসব


