তেলুগু সিনেমার সুপারস্টার মহেশ বাবু শুধু অভিনয়েই নিজের সাফল্যের পরিচয় দেননি, ব্যবসায়ী হিসেবেও গড়ে তুলেছেন শক্ত অবস্থান। প্রযোজনা প্রতিষ্ঠান জিএমবি এন্টারটেইনমেন্ট, মাল্টিপ্লেক্স চেইন এএমবি সিনেমাস এবং পোশাকের ব্র্যান্ড দ্য হাম্বল কো-এর মাধ্যমে আগেই ব্যবসায়িক জগতে নিজের উপস্থিতি জানান দিয়েছেন তিনি। এবার সেই ব্যবসায়িক সাম্রাজ্য আরও বিস্তৃত করতে গেমিং দুনিয়ায় পা রাখলেন এই অভিনেতা। ভারতের মুম্বাইভিত্তিক গেম নির্মাতা প্রতিষ্ঠান শর্টগান গেমসে কৌশলগত বিনিয়োগ করেছেন তিনি।
ভারতে বর্তমানে মোবাইল গেমিংয়ের বাজার দ্রুত সম্প্রসারিত হচ্ছে। তবে মহেশ বাবু প্রচলিত সেই পথে না গিয়ে পিসি ও কনসোল গেম তৈরির উদ্যোগে যুক্ত হয়েছেন। তাঁর বিনিয়োগের মাধ্যমে আন্তর্জাতিক মানের ভিডিও গেম তৈরির ক্ষেত্রে ভারতীয় গেমিং শিল্প নতুন সম্ভাবনা পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
জিৎ চন্দন ও বিধি মেহতার প্রতিষ্ঠিত শর্টগান গেমস মূলত উচ্চমানের পিসি ও কনসোল গেম তৈরিতে কাজ করছে। প্রতিষ্ঠানটি প্লেস্টেশন ৫, এক্সবক্স সিরিজ এক্স/এস এবং পিসির জন্য গেম নির্মাণের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। তাদের লক্ষ্য আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা করতে সক্ষম বড় বাজেটের গেম তৈরি করা।
শর্টগান গেমসের প্রথম প্রকল্পের নাম ‘প্রজেক্ট টেকডাউন’। এটি একটি বিগ-বাজেট ও গল্পনির্ভর অ্যাকশন-অ্যাডভেঞ্চার গেম। গেমটিতে আধুনিক প্রযুক্তি, উন্নত গ্রাফিকস এবং সিনেমাটিক গল্প বলার ধরনে গুরুত্ব দেওয়া হচ্ছে। উত্তর আমেরিকা, ইউরোপ ও যুক্তরাজ্যের মতো আন্তর্জাতিক বাজারের জনপ্রিয় গেমগুলোর সঙ্গে প্রতিযোগিতা করার লক্ষ্য নিয়ে প্রকল্পটি তৈরি হচ্ছে। তবে প্রতিষ্ঠানটিতে মহেশ বাবু ঠিক কত টাকা বিনিয়োগ করেছেন, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
নতুন এই বিনিয়োগ প্রসঙ্গে মহেশ বাবু নিজের আগ্রহের কথা জানিয়েছেন। তাঁর মতে, ভারতে আন্তর্জাতিক মানের গেম তৈরির যথেষ্ট সৃজনশীল সম্ভাবনা রয়েছে। সেই সম্ভাবনাকে কাজে লাগিয়ে বিশ্ববাজারে পরিচিতি পাওয়ার মতো মৌলিক চরিত্র ও গেমিং জগৎ তৈরি করা সম্ভব।
মহেশ বাবু বলেন, ‘ভারতের অসাধারণ সৃজনশীল সম্ভাবনা রয়েছে। বিশ্বজুড়ে আলোড়ন তুলবে এমন মৌলিক চরিত্র এবং সিনেমাটিক জগৎ এখান থেকেই গড়ে তোলার এখনই সবচেয়ে উপযুক্ত সময়। আন্তর্জাতিক মানের সঙ্গে পাল্লা দিয়ে হাই-অ্যান্ড পিসি ও কনসোল গেম তৈরির প্রতি শর্টগান গেমসের প্রতিষ্ঠাতাদের যে প্রবল আগ্রহ, সেটাই মূলত আমাকে এই কোম্পানিতে যুক্ত হতে আকৃষ্ট করেছে।’
বিশ্লেষকদের মতে, ভারতের বিনোদনশিল্পে চলচ্চিত্রের পাশাপাশি গেমিং খাতও গুরুত্বপূর্ণ ব্যবসায়িক ক্ষেত্র হয়ে উঠছে। বিশেষ করে পিসি ও কনসোল গেমের আন্তর্জাতিক বাজারে ভারতীয় নির্মাতাদের অংশগ্রহণ বাড়ানোর সুযোগ রয়েছে। এ অবস্থায় মহেশ বাবুর মতো জনপ্রিয় তারকার বিনিয়োগ নতুন উদ্যোক্তা ও নির্মাতাদের উৎসাহিত করতে পারে। একই সঙ্গে ভারতীয় গেমিং শিল্পকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার ক্ষেত্রেও এটি ভূমিকা রাখতে পারে।
এদিকে ব্যবসায় নতুন বিনিয়োগের পাশাপাশি অভিনয় নিয়েও ব্যস্ত সময় পার করছেন মহেশ বাবু। ভারতের অন্যতম আলোচিত নির্মাতা এস এস রাজামৌলির নতুন সিনেমা ‘বারাণসী’তে অভিনয় করছেন তিনি। ‘বাহুবলী’ ও ‘আরআরআর’-এর মতো সফল সিনেমার নির্মাতা রাজামৌলির এই নতুন প্রকল্প নিয়ে দর্শকের মধ্যে আগে থেকেই ব্যাপক আগ্রহ রয়েছে।
‘বারাণসী’ সিনেমায় মহেশ বাবুকে রুদ্র ও রাম—দুটি চরিত্রে দেখা যাবে। সিনেমাটিতে আরও অভিনয় করছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া এবং দক্ষিণী অভিনেতা পৃথ্বীরাজ সুকুমারন। বিভিন্ন সময়ের প্রেক্ষাপটে নির্মিত হতে যাওয়া সিনেমাটির গল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বারাণসী শহর।
সিনেমার কাহিনিতে বারাণসী শহরের দিকে ধেয়ে আসা একটি গ্রহাণুকে কেন্দ্র করে ঘটনাপ্রবাহ এগিয়ে যাবে। এতে সময়, অভিযান ও অ্যাকশননির্ভর নানা উপাদান থাকবে বলে জানা গেছে। বড় বাজেটের এই সিনেমাটি ২০২৭ সালে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
সব মিলিয়ে অভিনয়, প্রযোজনা ও ব্যবসার পাশাপাশি এবার ভিডিও গেম তৈরির জগতেও নিজের অবস্থান তৈরি করতে চাইছেন মহেশ বাবু। চলচ্চিত্রের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে আন্তর্জাতিক গেমিং বাজারে ভারতীয় প্রতিষ্ঠানের সম্ভাবনা বাড়ানোই তাঁর নতুন উদ্যোগের অন্যতম লক্ষ্য।
পড়ুন:দ্বিতীয় বিচ্ছেদের পথে হাঁটছেন গায়িকা কনিকা কাপূর
ইমি/


