ভারত থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে কোনো সাধারণ পাসপোর্ট কিংবা ট্রাভেল পাস দেওয়া হবে না বলে স্পষ্ট করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি জানান, ভারত ও বাংলাদেশের মধ্যে কার্যকর থাকা বন্দি প্রত্যর্পণ চুক্তির নিয়ম মেনেই তাকে দিল্লি থেকে ফেরত আনতে হবে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিন দিনের সফর শেষে ঢাকা ত্যাগ করা চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের প্রধান লিউ হাইশিংকে বিদায় জানানোর সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
একই দিনে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সফররত সিপিসি নেতা লিউ হাইশিংয়ের সম্মানার্থে এক প্রাতরাশ বৈঠকের আয়োজন করা হয়। ওই বৈঠকে বাংলাদেশ ও চীনের মধ্যে দ্বি-পাক্ষিক সম্পর্ককে একটি নতুন যুগের ‘অভিন্ন ভবিষ্যতের সম্প্রদায়’ হিসেবে গড়ে তোলার অঙ্গীকার নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে রাজনৈতিক ও দলীয় যোগাযোগ বৃদ্ধি, বাণিজ্য, বিনিয়োগ এবং উন্নয়ন অবকাঠামো জোরদারের ওপর গুরুত্ব আরোপ করে উভয় পক্ষ।
প্রাতরাশ বৈঠকে বাংলাদেশ-চীনের সুদীর্ঘ বন্ধুত্বের কথা স্মরণ করার পাশাপাশি ২০২৬ সালের জুনে বাংলাদেশের প্রধানমন্ত্রীর চীন সফরের বিভিন্ন সাফল্য ও অর্জনে সন্তোষ প্রকাশ করা হয়। আলোচনা প্রসঙ্গে সিপিসি নেতা লিউ হাইশিং বাংলাদেশে চীনের সাবেক রাষ্ট্রদূত এবং তার বাবা লিউ শুচিংয়ের অবদানের কথা তুলে ধরেন। তিনি জানান, দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও দৃঢ় করতে তার দপ্তর আন্তরিকভাবে কাজ করে যাবে। এসময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী রোহিঙ্গা সংকটের দ্রুত ও নিরাপদ সমাধানের লক্ষ্যে মিয়ানমারের ওপর কার্যকর প্রভাব ফেলতে চীনের জোরালো ভূমিকা কামনা করেন।
পরবর্তী সময়ে বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আঞ্চলিক বাণিজ্য ও করিডোর নিয়েও কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি উল্লেখ করেন, চীন, বাংলাদেশ ও মিয়ানমারকে অন্তর্ভুক্ত করে প্রস্তাবিত ত্রিপক্ষীয় করিডোরটি বাস্তবায়িত হতে পারলে পুরো অঞ্চলটি একটি বড় অর্থনৈতিক কেন্দ্রবিন্দুতে পরিণত হবে। এতে যুক্ত হতে ঢাকার আগ্রহ থাকলেও তার আগে রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধান হওয়া জরুরি।
সিপিসি নেতার এই সফরের মাধ্যমে ঢাকা ও বেইজিংয়ের মধ্যকার দ্বিপক্ষীয় ও কৌশলগত বন্ধুত্ব আরও বেশি সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন হুমায়ুন কবির। উল্লেখ্য, সিপিসি প্রতিনিধিদলের প্রধান লিউ হাইশিং ৩ নভেম্বর থেকে ৫ নভেম্বর পর্যন্ত তিন দিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে অবস্থান করেন এবং বৃহস্পতিবার দুপুর ১২টার পর তিনি ঢাকা ত্যাগ করেন।
পড়ুন : ঢাকা ও আশপাশের বিভিন্ন শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন
সা/


