শুধু সংবাদ সংগ্রহ করলেই এখন আর চলে না। তথ্য যাচাই, ভিডিও সম্পাদনা, আকর্ষণীয় উপস্থাপনা আর দ্রুত দর্শকের কাছে পৌঁছানো, এসবই আজকের গণমাধ্যম কর্মীদের অন্যতম দক্ষতা। এই বার্তা নিয়েই গাজীপুরে অনুষ্ঠিত হয়েছে জনস্বার্থমূলক সাংবাদিকতায় দক্ষতা উন্নয়ন কর্মশালা।
গাজীপুর সাংবাদিক পরিষদের আয়োজনে শুক্রবার সী-গাল রিসোর্টে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে এই আয়োজন। গাজীপুর সদর ও শ্রীপুরে কর্মরত ৩০ জন সংবাদকর্মী এতে অংশ নেন।
কর্মশালার মূল আকর্ষণ ছিল জনস্বার্থে সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ। এই সেশনে প্রশিক্ষণ দেন কালের কণ্ঠের হেড অব ডিজিটাল রাজীবুল হাসান। মাল্টিমিডিয়া রিপোর্টিং, ভিডিও কনটেন্ট তৈরি, অনলাইনে সংবাদ উপস্থাপনের নতুন কৌশল এবং ডিজিটাল প্ল্যাটফর্মে দর্শক-সম্পৃক্ততা নিয়ে হাতে-কলমে ধারণা দেন তিনি। দ্বিতীয় সেশনে প্রশিক্ষণ দেন ইত্তেফাকের মাল্টিমিডিয়া চিফ ফখরুল ইসলাম।
কর্মশালায় তথ্য অধিকার নিয়েও আলোচনা হয়। জনস্বার্থের সংবাদ করতে হলে তথ্য পাওয়ার অধিকার এবং সেই তথ্যের সত্যতা যাচাই কতটা জরুরি, সে বিষয়ে অভিজ্ঞতা বিনিময় করেন অংশগ্রহণকারীরা।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের চট্টগ্রাম বিভাগের রিজিওনাল চিফ ড. সেলিম শেখ। সভাপতিত্ব করেন পরিষদের প্রধান উপদেষ্টা শাহান সাহাবুদ্দিন। সঞ্চালনায় ছিলেন কলামিস্ট সাঈদ চৌধুরী। শেষে অংশগ্রহণকারীদের হাতে তুলে দেওয়া হয় প্রত্যয়নপত্র।
প্রযুক্তি বদলাচ্ছে, সংবাদে পরিবেশনও বদলাচ্ছে। এই পরিবর্তনের সঙ্গে তাল মেলাতে মফস্বলের সাংবাদিকদের হাতে নতুন দক্ষতা তুলে দিল গাজীপুর সাংবাদিক পরিষদ এমন আয়োজন করছে বলে জানান সংগঠনের সভাপতি মো. মোজাহিদ।
পড়ুন : ভারতের ভিসা প্রত্যাশীদের জন্য নতুন নির্দেশনা


