লক্ষ্মীপুর সদর উপজেলার চররমনী মোহন ইউনিয়নে প্রায় ৮০০ একর জমিতে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রস্তাবিত ‘লক্ষ্মীপুর অর্থনৈতিক অঞ্চল’-এর সম্ভাব্য স্থান সরেজমিনে পরিদর্শন করেছে ইনভেস্ট বাংলাদেশ ও জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) প্রতিনিধিদল।
শনিবার (৭ নভেম্বর) ইনভেস্ট বাংলাদেশের সদস্য (ইন্ডাস্ট্রিয়াল জোন) ও অতিরিক্ত সচিব সালেহ আহমেদের নেতৃত্বে প্রতিনিধিদলটি প্রস্তাবিত স্থান পরিদর্শন করে। এ সময় জাইকার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চলের ভৌগোলিক অবস্থান, জমির প্রকৃতি, যোগাযোগব্যবস্থা এবং শিল্পাঞ্চল গড়ে তোলার সম্ভাব্যতা পর্যবেক্ষণ করেন প্রতিনিধিদলের সদস্যরা।
সংশ্লিষ্টরা জানান, প্রায় ৮০০ একর জমিতে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার পরিকল্পনা বাস্তবায়িত হলে লক্ষ্মীপুরে শিল্পায়নের নতুন দ্বার উন্মোচিত হবে। দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট হওয়ার পাশাপাশি গড়ে উঠতে পারে বিভিন্ন শিল্পকারখানা। এতে স্থানীয়ভাবে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, বেকারত্ব হ্রাস এবং জেলার সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণের সম্ভাবনা রয়েছে।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রীর সহকারী একান্ত সচিব (সিনিয়র সহকারী সচিব) জামশেদ আলম রানা, লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথোয়াইপ্রু মারমা, সহকারী কমিশনার (ভূমি) সঞ্জয় ঘোষসহ জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। এ ছাড়া সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরাও উপস্থিত ছিলেন।
তবে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের আগে প্রয়োজনীয় সম্ভাব্যতা যাচাই, জমি-সংক্রান্ত পর্যালোচনা ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
পড়ুন : ধামরাইয়ে সিএনজি চালক নিখোঁজ, খাগুরতা-বাটুলিয়ায় পরিত্যক্ত অবস্থায় মিলল গাড়ি


