সিরাজগঞ্জে মোটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত নেতৃবৃন্দের নামে অপপ্রচার

দীর্ঘ ৫ বছর পর গণতান্ত্রিক প্রক্রিয়ায় অনুষ্ঠিত সিরাজগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে ঘিরে জেলাজুড়ে যে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছিল, তা এখনও মানুষের মুখে মুখে। জেলার ৯টি উপজেলা থেকে হাজার হাজার শ্রমিক ভোটার স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে তাদের পছন্দের নেতৃত্ব নির্বাচিত করেছেন।

কিন্তু এই সফল ও শান্তিপূর্ণ নির্বাচনের পরপরই একটি স্বার্থান্বেষী মহল নবনির্বাচিত কমিটির বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিকল্পিতভাবে মিথ্যা অপপ্রচার ও কুৎসা রটাচ্ছে বলে অভিযোগ উঠেছে। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ।

শনিবার (৭ নভেম্বর) বিকেলে জেলা মোটর শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নবনির্বাচিত নেতৃবৃন্দ এই প্রতিবাদ জানান।

সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ বলেন, সিরাজগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন দীর্ঘদিন পর অনুষ্ঠিত হওয়ায় শ্রমিকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ছিল। ভোটের দিন সকাল থেকেই ভোটকেন্দ্রগুলোতে শ্রমিকদের ঢল নামে। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়। এই সুষ্ঠু নির্বাচন সম্পন্ন হওয়ার জন্য নেতৃবৃন্দ প্রথমেই বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, জেলা বিএনপির সভাপতি রোমানা মাহমুদ, সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।

তারা বলেন, নির্বাচনে জয়-পরাজয় থাকবেই। এটাই গণতন্ত্রের সৌন্দর্য। কিন্তু দুঃখজনকভাবে নির্বাচনে পরাজিত একটি গ্রুপ এই পরাজয় মেনে নিতে না পেরে তাদের অনুসারীদের দিয়ে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে নবনির্বাচিত নেতাদের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারে লিপ্ত হয়েছে।

নেতৃবৃন্দ জোর দিয়ে বলেন, নবনির্বাচিত কমিটির কোনো নেতাই কোনোদিন কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন না। তারা সবাই খাঁটি মোটর শ্রমিক। শ্রমিকদের ভোটে নির্বাচিত হয়েছেন, শ্রমিকদের স্বার্থেই কাজ করতে চান। অথচ তাদেরকে রাজনৈতিক ট্যাগ দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা চলছে।

তারা আরও বলেন, এই ধরনের অপপ্রচার শুধু নবনির্বাচিত নেতাদের সম্মানহানিই করছে না, পুরো সংগঠনের ভাবমূর্তিও নষ্ট করছে। শ্রমিকদের মধ্যে বিভেদ সৃষ্টির ষড়যন্ত্র চলছে। আমরা এর তীব্র নিন্দা জানাই।

সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রশাসন, সাংবাদিক সমাজ ও সাধারণ শ্রমিকদের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, আপনারা কোনো ধরনের গুজব ও অপপ্রচারে কান দেবেন না, বিভ্রান্ত হবেন না। যাচাই না করে কোনো মিথ্যা তথ্য বিশ্বাস করবেন না।

একই সঙ্গে নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনকে সুন্দর, সুশৃঙ্খল ও গতিশীলভাবে পরিচালনা করতে সবার সহযোগিতা কামনা করেন। তারা বলেন, আমরা সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে শ্রমিকদের অধিকার আদায়, তাদের কল্যাণে কাজ করতে চাই। মোটর শ্রমিকদের সুখ-দুঃখে পাশে থাকাই হবে আমাদের প্রধান লক্ষ্য।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি সুলতান তালুকদার, কার্যকরী সভাপতি সিরাজুল ইসলাম, সহ-সভাপতি মো: শহীদ, যুগ্ম-সাধারণ সম্পাদক সেলিম রেজা, সহ-সাধারণ সম্পাদক আবুল কালাম এ্যাটম, দপ্তর সম্পাদক মো: মাসুদ খন্দকার, সাংস্কৃতিক সম্পাদক নাজমুল হাসান কোরবান ও কার্যনির্বাহী সদস্য মো: আব্দুল মজিদ, হাফিজুর রহমানসহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন

পড়ুন : কসবায় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচিতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন