চলতি বছর ৩৫ টাকা কেজি দরে আমন ধান, ৪৯ টাকা কেজি দরে সিদ্ধ চাল কিনবে সরকার। এ ছাড়া আতপ চাল ৪৮ টাকা কেজি দাম নির্ধারণ করা হয়েছে।
রোববার (৮ নভেম্বর) সচিবালয়ে ধান-চাল ও গম কেনা নিয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভায় সরকারি এই দাম নির্ধারণ করা হয়।
পরে এক ব্রিফিংয়ে খাদ্যমন্ত্রী আফরোজা খানম জানান, চলতি ২০২৬ আমন মৌসুমে ৩ লাখ মেট্রিকটন আমন ধান, ৫ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল ও ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল সংগ্রহ করবে সরকার।
তিনি আরও জানান, ১৪ নভেম্বর থেকে শুরু হবে ধান সংগ্রহ। এই সংগ্রহ চলবে ২০২৭ এর ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। এছাড়া, ১ ডিসেম্বর শুরু হয়ে আমন চাল সংগ্রহ ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে বলেও জানান তিনি।
তিনি আরও জানান, খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) সভায় দেশের সার্বিক খাদ্য পরিস্থিতি, আমন সংগ্রহ কার্যক্রম, খাদ্যশস্যের মজুদ, সরকারি বিতরণ ব্যবস্থা এবং খাদ্যশস্য আমদানি বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
সংবাদ সম্মেলনে খাদ্যমন্ত্রী বলেন, ‘নির্বাচনি ইশতেহার ২০২৬’-এর প্রতিশ্রুতি অনুযায়ী বর্তমান সরকারের মূল লক্ষ্য হলো বৈষম্যহীন অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন এবং টেকসই রাষ্ট্রীয় সক্ষমতা অর্জন। সেই লক্ষ্যে একটি কৃষককেন্দ্রিক আধুনিক কৃষিব্যবস্থা গড়ে তোলার কাজ চলছে। ক্ষুধা ও দারিদ্র্য দূরীকরণ এবং খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী তারেক রহমান নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য সুনিশ্চিত করাকেই এই সংগ্রহ অভিযানের মূল চালিকাশক্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে বলে জানান মন্ত্রী।
পড়ুন : শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সার্বভৌমত্ব চূড়ান্তভাবে রক্ষা করেছিলেন: স্বরাষ্ট্রমন্ত্রী


