ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। অভিনয়শিল্পী হিসেবেই দর্শকদের কাছে তাঁর পরিচিতি সবচেয়ে বেশি। তবে অভিনয়ের পাশাপাশি গানেও যে তাঁর দক্ষতা রয়েছে, সেটিও অনেকের জানা। গেল আগস্টে প্রথমবারের মতো একক কনসার্টে গান পরিবেশন করে সংগীতাঙ্গনে নতুন করে আলোচনায় আসেন তিনি। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত সেই কনসার্টে তাঁর গান শুনে মুগ্ধ হন প্রবাসী বাঙালিরা। এবার দ্বিতীয় একক কনসার্টের ঘোষণা দিয়েছেন এই তারকা। নিউইয়র্কের পর এবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় গানের মঞ্চে উঠবেন তিনি।
আগামী ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের টাম্পা শহরে অনুষ্ঠিত হবে ‘সপ্তম ওয়ার্ল্ড ফেয়ার অ্যান্ড ফেস্ট’। তিন দিনের এই আয়োজনের দ্বিতীয় দিন, অর্থাৎ ১৩ ডিসেম্বর সংগীত পরিবেশন করবেন অপূর্ব। স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হওয়ার কথা রয়েছে তাঁর কনসার্ট।
নতুন এই সংগীত আয়োজন নিয়ে একটি ভিডিও বার্তায় অপূর্ব বলেন, ‘নিউইয়র্কের পর এবার গান শোনাতে আসছি ফ্লোরিডায়। গান আর গল্প নিয়ে দেখা হবে সবার সঙ্গে।’
তাঁর এই ঘোষণার পর যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে নতুন কনসার্ট ঘিরে আগ্রহ তৈরি হয়েছে। বিশেষ করে অভিনয়ের পাশাপাশি প্রিয় তারকার কণ্ঠে সরাসরি গান শোনার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত ভক্তরা।
গত আগস্টে নিউইয়র্কে প্রথম একক কনসার্টে অংশ নেন অপূর্ব। অভিনয়শিল্পী হিসেবে দীর্ঘদিনের পরিচিতি থাকলেও সংগীতশিল্পী হিসেবে একক মঞ্চে তাঁর এই অভিষেক ছিল ব্যতিক্রমী আয়োজন। সেখানে গান পরিবেশনের পাশাপাশি দর্শকদের সঙ্গে গল্প ও আড্ডায়ও মেতে ওঠেন তিনি।
নিউইয়র্কের কনসার্টের পর অপূর্ব জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহর থেকে তাঁর গান শোনার আয়োজন করার আগ্রহ প্রকাশ করছেন প্রবাসীরা। দেশটির অন্তত ১২টি শহর থেকে তাঁর কাছে কনসার্টের প্রস্তাব এসেছিল বলেও জানান এই অভিনেতা।
সেই ধারাবাহিকতায় এবার ফ্লোরিডার টাম্পায় সংগীত পরিবেশনের প্রস্তুতি নিচ্ছেন তিনি। নিউইয়র্কের পর দ্বিতীয় কনসার্টের মাধ্যমে যুক্তরাষ্ট্রে নিজের সংগীতযাত্রাকে আরও বিস্তৃত করতে চান অপূর্ব।
স্ত্রী ও সন্তানের সুবাদে বর্তমানে বছরের বেশির ভাগ সময় যুক্তরাষ্ট্রে অবস্থান করেন অপূর্ব। ফলে সেখানে তাঁর ব্যক্তিগত ও পারিবারিক জীবনের পাশাপাশি নতুন কিছু কাজের সুযোগও তৈরি হয়েছে। অভিনয়ের পাশাপাশি গানকে ঘিরে নিজের ব্যস্ততা বাড়াচ্ছেন তিনি।
যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে সংগীতের মাধ্যমে সংযোগ তৈরি করাও তাঁর এই আয়োজনের অন্যতম আকর্ষণ। তবে শুধু যুক্তরাষ্ট্রেই নয়, ভবিষ্যতে বাংলাদেশেও কনসার্ট করার ইচ্ছা রয়েছে বলে জানিয়েছেন এই অভিনেতা।
সংগীত নিয়ে নতুন ব্যস্ততা তৈরি হলেও অভিনয় থেকে দূরে সরে যাচ্ছেন না অপূর্ব। গত আগস্টে বাংলাদেশে এসে কিছুদিন অবস্থানের পর অক্টোবরের শুরুতেই আবার যুক্তরাষ্ট্রে ফিরে যান তিনি। দেশ ছাড়ার আগে বেশ কয়েকটি নাটকের শুটিং সম্পন্ন করেছেন।
এ ছাড়া সিনেমায় অভিনয় নিয়েও আলোচনা চলছে বলে জানিয়েছেন অপূর্ব। তবে এখনো কোনো সিনেমার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বিষয়টি চূড়ান্ত হলে বিস্তারিত জানাবেন তিনি।
দীর্ঘদিন ধরে টেলিভিশন নাটকে অভিনয়ের মাধ্যমে দর্শকদের ভালোবাসা অর্জন করেছেন অপূর্ব। এবার গানের মাধ্যমে নিজের ভিন্ন প্রতিভা তুলে ধরছেন। অভিনয়, সংগীত ও সিনেমা—সব মিলিয়ে আগামী দিনগুলোতে নতুন কিছু কাজ নিয়ে দর্শকদের সামনে হাজির হওয়ার পরিকল্পনা রয়েছে তাঁর।
নিউইয়র্কে প্রথম একক কনসার্টের সাড়া পাওয়ার পর ফ্লোরিডায় দ্বিতীয় আয়োজন অপূর্বর সংগীতজীবনে নতুন অভিজ্ঞতা যোগ করতে যাচ্ছে। আগামী ১৩ ডিসেম্বর টাম্পার মঞ্চে তাঁর পরিবেশনার অপেক্ষায় রয়েছেন যুক্তরাষ্ট্রপ্রবাসী বাঙালিরা।
পড়ুন:মাথায় কাফন বেঁধে অবরোধ, ঢাকা থেকে চট্টগ্রাম ও সিলেটে ট্রেন চলাচল বন্ধ
ইমি/


