ভারত থেকে সম্প্রতি আমদানিকৃত নতুন ব্রডগেজ প্যাসেঞ্জার ক্যারেজ কোচগুলোর কারিগরি পরীক্ষার জন্য ট্রায়াল রান শুরু হয়েছে।
আজ রোববার (৮ নভেম্বর) দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ে জংশন থেকে ১৮টি LHB কোচ দিনাজপুর হয়ে পঞ্চগড় রেলওয়ে স্টেশনের উদ্দেশে নিয়ে যাওয়া হয়।
রেলওয়ে সূত্রে জানা গেছে, সৈয়দপুর রেলওয়ে কারখানা (ওয়ার্কশপ) থেকে যাত্রা করে আজ দুপুর ১২টা ১৫ মিনিটে পার্বতীপুর রেলওয়ে স্টেশন থেকে কোচগুলো কারিগরি পরীক্ষার জন্য যাত্রা শুরু করে পঞ্চগড় রেলওয়ে স্টেশন পর্যন্ত যায়। আবার পঞ্চগড় থেকে সৈয়দপুর রেলওয়ে কারখানায় ট্রেনটি পৌঁছাবে।
ট্রায়াল রান সংক্রান্ত বিষয়টি নিশ্চিত করতে সৈয়দপুর রেলওয়ে কারখানার সঙ্গে যোগাযোগ করা হলে তারা বিষয়টি নিশ্চিত করেন।
এ ব্যাপারে দিনাজপুর রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার জানান, ১৮টি নতুন কোচ নিয়ে ট্রেনটি সৈয়দপুর ওয়ার্কশপ থেকে পঞ্চগড় পর্যন্ত রওনা যায়। আবার পঞ্চগড় থেকে সৈয়দপুর ওয়ার্কশপে ফিরে আসবে।
রেলের একটি সূত্র জানিয়েছে, সাধারণত নতুন কোচ আমদানির পর রেলওয়ের প্রকৌশলী ও সংশ্লিষ্ট টেকনিক্যাল টিমগুলোর তত্ত্বাবধানে বিভিন্ন রুটে এ ধরনের পরীক্ষামূলক ট্রায়াল রান পরিচালিত হয়ে থাকে, যাতে ট্র্যাকের সাথে নতুন কোচগুলোর ফিটনেস, স্পিড ট্রায়াল এবং ব্রেকিং সিস্টেম সঠিকভাবে যাচাই করা যায়।
ট্রায়াল রান সফলভাবে সম্পন্ন হলে কোচগুলো আনুষ্ঠানিকভাবে রেলওয়ের ট্রাফিক বিভাগের কাছে হস্তান্তর করা হবে।
পড়ুন:দিনাজপুর সরকারি কর্মচারী সমবায় সমিতির উদ্যোগে জাতীয় সমবায় দিবস পালিত
ইমি/


