চট্টগ্রামের সীতাকুণ্ডের দক্ষিণ মছজিদ্দা সার্বজনীন শ্রী শ্রী কালী মন্দিরে শ্যামা পূজার ৫২৬তম বর্ষপূর্তি উপলক্ষে চার দিনব্যাপী ধর্মীয় উৎসব অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা, পূজা-অর্চনা, কীর্তন, গীতাপাঠ, সন্ধ্যা আরতি ও ধুনুচি নৃত্যসহ নানা আয়োজন করা হয়।
গতকাল সকাল সাড়ে ১০টায় মন্দির প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রাটি বের হয়। শোভাযাত্রাটি কুমিরা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে পুনরায় মন্দির প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এতে সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ ও ভক্তরা ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত হয়ে বাদ্যযন্ত্র ও বিভিন্ন ধর্মীয় প্রতীক নিয়ে অংশ নেন।
চার দিনব্যাপী উৎসবে মঙ্গল আরতি, কীর্তন, গীতাপাঠ, বিশেষ সন্ধ্যা আরতি, পাল্টা কীর্তন, ধুনুচি নৃত্য ও নিশীথ রাতে দেবীর বিশেষ পূজার আয়োজন করা হয়। এ ছাড়া প্রদীপ প্রজ্বালন, পুষ্পাঞ্জলি ও ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, মা কালী শক্তি ও অশুভ বিনাশের প্রতীক। সমাজ থেকে অন্যায়-অবিচার দূর করে শান্তি, সম্প্রীতি ও মানবকল্যাণ প্রতিষ্ঠার প্রত্যাশায় প্রতিবছর এ আয়োজন করা হয়।
দক্ষিণ মছজিদ্দা সার্বজনীন শ্রী শ্রী কালী পূজা উদ্যাপন পরিষদের সভাপতি বাবু বরুণ চৌধুরীর সভাপতিত্বে এবং বাবু রাজু চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপদেষ্টা বাবু অনুপরায় ও বাবু শোভন কান্তি ভৌমিক। সার্বিক সহযোগিতায় ছিলেন বাবু শক্তিপদ রায় টিটু, বাবু সরোজ কান্তি রায়, বাবু রমণী রঞ্জন রায়সহ অন্যরা।
পড়ুন : দেড় ডজন হতদরিদ্রের ঘর নির্মাণ করলেন মানবিক মামুন


