মধ্যপ্রাচ্যের রাজনীতিতে ইসরায়েলের পারমাণবিক অস্ত্র কর্মসূচি দীর্ঘদিন ধরেই অন্যতম আলোচিত ও বিতর্কিত বিষয়। দেশটির কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে বলে আন্তর্জাতিকভাবে ব্যাপকভাবে ধারণা করা হলেও ইসরায়েল কখনো আনুষ্ঠানিকভাবে তা স্বীকার করেনি। বরং কয়েক দশক ধরে এ বিষয়ে একধরনের অস্পষ্ট অবস্থান বজায় রেখেছে তেল আবিব। আরও বিস্ময়কর বিষয় হলো, যুক্তরাষ্ট্রও দীর্ঘদিন ধরে ইসরায়েলের এই পারমাণবিক সক্ষমতা নিয়ে প্রকাশ্যে প্রশ্ন তোলা থেকে বিরত থেকেছে। দুই দেশের মধ্যে গড়ে ওঠা এই নীরব সমঝোতা আন্তর্জাতিক রাজনীতিতে পরিচিতি পেয়েছে পারমাণবিক অস্পষ্টতার নীতি হিসেবে।
এই নীতির সূত্রপাত স্নায়ুযুদ্ধের সময়। তখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল উভয় দেশই মনে করেছিল, ইসরায়েলের পারমাণবিক অস্ত্রের বিষয়টি প্রকাশ্যে স্বীকার করা হলে মধ্যপ্রাচ্যে নতুন করে পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতা শুরু হতে পারে। বিশেষ করে সোভিয়েত ইউনিয়নের সমর্থনপুষ্ট আরব দেশগুলো পারমাণবিক অস্ত্র তৈরির উদ্যোগ নিতে পারে বলে আশঙ্কা ছিল ওয়াশিংটনের। অন্যদিকে আন্তর্জাতিক চাপ ও কূটনৈতিক জটিলতা এড়াতে ইসরায়েলও নিজেদের পারমাণবিক সক্ষমতা প্রকাশ্যে স্বীকার করতে আগ্রহী ছিল না।
ইসরায়েলের পারমাণবিক কর্মসূচি নিয়ে রহস্যের সূচনা ষাটের দশকের গোড়ার দিকে। সে সময় একদল মার্কিন কূটনীতিক ইসরায়েলি একটি হেলিকপ্টারে করে কোথাও যাচ্ছিলেন। যাত্রাপথে তাদের একজন ডেড সি বা মৃত সাগরের প্রায় ২০ মাইল পশ্চিমে নেগেভ মরুভূমির একটি এলাকায় বড় ধরনের নির্মাণকাজ দেখতে পান।
কৌতূহলবশত তিনি ইসরায়েলের অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তা অ্যাডি কোহেনকে প্রশ্ন করেন, সেখানে কী নির্মাণ করা হচ্ছে? জবাবে কোহেন জানান, এটি একটি টেক্সটাইল কারখানা। কিন্তু পরবর্তী সময়ে জানা যায়, হেলিকপ্টার থেকে দেখা সেই স্থাপনাটি আসলে ছিল দিমোনা পারমাণবিক কেন্দ্র। এই কেন্দ্রকে ইসরায়েলের গোপন পারমাণবিক কর্মসূচির মূল অবকাঠামো হিসেবে বিবেচনা করা হয়।
পরবর্তী সময়ে বিভিন্ন তথ্য ও গবেষণায় দিমোনার গুরুত্ব আরও স্পষ্ট হয়ে ওঠে। বর্তমানে ইসরায়েলের পারমাণবিক অস্ত্র সক্ষমতার সঙ্গে এই স্থাপনার নাম গভীরভাবে জড়িয়ে রয়েছে। যদিও দেশটির সরকার এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক স্বীকারোক্তি দেয়নি।
ইসরায়েলের পারমাণবিক কর্মসূচি নিয়ে বিতর্ক আরও জোরালো হয় ১৯৬৫ সালে। ওই বছর যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার একটি ইউরেনিয়াম প্ল্যান্ট থেকে শত শত পাউন্ড অস্ত্র তৈরির উপযোগী সমৃদ্ধ ইউরেনিয়াম নিখোঁজ হওয়ার বিষয়টি সামনে আসে।
মার্কিন গোয়েন্দাদের একটি অংশের দাবি ছিল, এই ইউরেনিয়াম ইসরায়েলের পারমাণবিক কর্মসূচিতে ব্যবহারের জন্য সরিয়ে নেওয়া হয়েছিল। সম্প্রতি প্রকাশিত একটি তথ্যচিত্রেও এ বিষয়ে একই ধরনের অভিযোগ তুলে ধরা হয়েছে।
ইসরায়েলি-আমেরিকান ইতিহাসবিদ আভনার কোহেনের মতে, সময়ের সঙ্গে সঙ্গে বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনে এমন এক বাস্তবতায় পরিণত হয়েছে, যা সবাই জানে কিন্তু আনুষ্ঠানিকভাবে কেউ স্বীকার করে না। তার ভাষায়, এটি বিশ্বের সবচেয়ে কম গোপনীয় বিষয়গুলোর একটি।
ইসরায়েলের পারমাণবিক সক্ষমতা নিয়ে যুক্তরাষ্ট্রের নীরবতার পেছনে রয়েছে জটিল ভূরাজনৈতিক হিসাব-নিকাশ। ওয়াশিংটন মনে করত, ইসরায়েল প্রকাশ্যে নিজেদের পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে ঘোষণা করলে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশও একই পথে হাঁটার চেষ্টা করতে পারে।
জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ও পারমাণবিক কৌশলবিদ ম্যাথিউ ক্রোয়েনিগ সিএনএনকে বলেন, ইসরায়েল যদি প্রকাশ্যে পারমাণবিক অস্ত্রের মালিকানা ঘোষণা করে, তাহলে এ অঞ্চলের অন্য দেশগুলোর ওপরও পারমাণবিক অস্ত্র অর্জনের চাপ বাড়বে। এতে মধ্যপ্রাচ্যে নিয়ন্ত্রণহীন পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতা শুরু হওয়ার ঝুঁকি তৈরি হবে, যা যুক্তরাষ্ট্রের নীতির জন্য মোটেও ইতিবাচক নয়।
বিশেষজ্ঞদের মতে, স্নায়ুযুদ্ধের সময় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল উভয়েই বিষয়টি নিয়ে সতর্ক ছিল। তখন মধ্যপ্রাচ্যে সোভিয়েত ইউনিয়নের প্রভাব বাড়ছিল। যুক্তরাষ্ট্রের আশঙ্কা ছিল, ইসরায়েলের পারমাণবিক অস্ত্রের বিষয়টি প্রকাশ্যে এলে সোভিয়েত সমর্থিত আরব দেশগুলোও পারমাণবিক কর্মসূচি শুরু করতে পারে।
অন্যদিকে ইসরায়েল মনে করত, পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে নিজেদের ঘোষণা দিলে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক কূটনৈতিক চাপের মুখে পড়তে হবে। ফলে দুই দেশের স্বার্থেই বিষয়টি অস্পষ্ট রাখার নীতি কার্যকর হয়ে ওঠে।
১৯৬৫ সালে পেনসিলভানিয়ার ইউরেনিয়াম নিখোঁজ হওয়ার বিষয়টি সামনে আসার বছরই ইসরায়েল সফর করেন যুক্তরাষ্ট্রের তৎকালীন গুরুত্বপূর্ণ কূটনীতিক হেনরি কিসিঞ্জার। সফরে ইসরায়েলি কর্মকর্তাদের সঙ্গে তার আলোচনার বিষয়গুলো পরে যুক্তরাষ্ট্রের দূতাবাসের জ্যেষ্ঠ কর্মকর্তাদের জানানো হয়।
ন্যাশনাল সিকিউরিটি আর্কাইভে সংরক্ষিত কথোপকথনের সারসংক্ষেপ-সংবলিত একটি মেমোতে দেখা যায়, কিসিঞ্জারের দৃঢ় বিশ্বাস ছিল, ইসরায়েল ইতোমধ্যে পারমাণবিক অস্ত্র তৈরির কর্মসূচি শুরু করেছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডি ইসরায়েলের এমন কর্মসূচি ঠেকানোর চেষ্টা করেছিলেন।
পরবর্তী সময়ে ১৯৬৯ সালের জুলাইয়ে প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের কাছে একটি মেমো পাঠান কিসিঞ্জার। এর সঙ্গে যুক্ত প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তারা আশঙ্কা প্রকাশ করেন, ইসরায়েলের পারমাণবিক অস্ত্র অর্জনের ফলে মধ্যপ্রাচ্যে কেউ ক্ষোভের বশে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে। এতে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠতে পারে।
এই পরিস্থিতিতে প্রেসিডেন্ট নিক্সন ইসরায়েলকে অস্ত্র সরবরাহ বন্ধ করার হুমকি দিয়েছিলেন। তবে কিসিঞ্জার বুঝতে পেরেছিলেন, শুধু অস্ত্র সরবরাহ বন্ধের হুমকি দিয়ে ইসরায়েলের পারমাণবিক কর্মসূচি থামানো সম্ভব নাও হতে পারে।
কারণ, ইসরায়েলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিলে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতেও জটিলতা তৈরি হতে পারত। বিশেষ করে ইসরায়েলে অস্ত্র সরবরাহ বন্ধ করলে মার্কিন কংগ্রেসের বিরোধিতার মুখে পড়তে হতো ওয়াশিংটনকে।
অন্যদিকে ইসরায়েলের পারমাণবিক কর্মসূচি প্রকাশ্যে আনলে সোভিয়েত ইউনিয়ন ও আরব দেশগুলো যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে গোপন সহযোগিতার অভিযোগ তুলতে পারত। ফলে দুই ধরনের রাজনৈতিক ও কূটনৈতিক ঝুঁকি এড়াতে বিষয়টি নিয়ে নীরব থাকার সিদ্ধান্ত নেয় যুক্তরাষ্ট্র।
কিসিঞ্জার তার মেমোতে লিখেছিলেন, যুক্তরাষ্ট্রের প্রকৃত লক্ষ্য হলো, ইসরায়েলের পারমাণবিক অস্ত্রের মালিকানার বিষয়টি যেন আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত সত্যে পরিণত না হয়।
দীর্ঘদিন ধরে গোপনীয়তার আবরণে থাকা ইসরায়েলের পারমাণবিক কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক মহলে নতুন করে আলোড়ন তৈরি হয় ১৯৮৬ সালে। ওই বছর দিমোনা পারমাণবিক কেন্দ্রের সাবেক রিঅ্যাক্টর টেকনিশিয়ান মরদখাই ভানুনু দেশটির পারমাণবিক কর্মসূচির বিস্তারিত তথ্য প্রকাশ করেন।
তিনি গোপনে পরিচালিত দিমোনা স্থাপনার ভেতরের বেশ কিছু ছবিও যুক্তরাজ্যের সংবাদমাধ্যম সানডে টাইমসের কাছে তুলে দেন। এসব ছবি ও তথ্য প্রকাশের পর ইসরায়েলের পারমাণবিক সক্ষমতা নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে নতুন আলোচনা শুরু হয়।
ভানুনুর দেওয়া তথ্য ইসরায়েলের পারমাণবিক কর্মসূচি সম্পর্কে বিশ্ববাসীর ধারণাকে আরও স্পষ্ট করে। যদিও ইসরায়েল সরকার আনুষ্ঠানিকভাবে পারমাণবিক অস্ত্র থাকার বিষয়টি স্বীকার করেনি।
সব মিলিয়ে ইসরায়েলের পারমাণবিক কর্মসূচি ঘিরে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের নীরবতা কেবল দুই দেশের সম্পর্কের বিষয় নয়, বরং মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও আন্তর্জাতিক পারমাণবিক রাজনীতির সঙ্গেও গভীরভাবে জড়িত। একদিকে পারমাণবিক অস্ত্র বিস্তার ঠেকানোর কথা বলেছে যুক্তরাষ্ট্র, অন্যদিকে ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলের পারমাণবিক সক্ষমতা নিয়ে প্রকাশ্যে অবস্থান নেওয়া থেকে বিরত থেকেছে। ফলে কয়েক দশক পেরিয়ে গেলেও ইসরায়েলের পারমাণবিক অস্ত্র নিয়ে সেই অস্পষ্টতার নীতি এখনো আন্তর্জাতিক রাজনীতির অন্যতম আলোচিত রহস্য হয়ে রয়েছে।
পড়ুন:ফ্রান্সের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে ইউরোপের ৩১ দেশে
ইমি/


