নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় প্রকাশ্যে ইয়াবা সেবন করে জনদুর্ভোগ সৃষ্টির অপরাধে সজিব হোসেন (২৬) ও সুজন মিয়া (২৮) নামের দুই যুবককে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৯ নভেম্বর) সকালে কেন্দুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাঈম-উল ইসলাম চৌধুরী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
দণ্ডপ্রাপ্ত সজিব হোসেন উপজেলার টেংগুরী পশ্চিমপাড়া গ্রামের তমজিদ মিয়ার ছেলে এবং সুজন মিয়া টেংগুরী-হরিয়ামালা এলাকার আব্দুস ছাত্তারের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গত রবিবার (৮ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কেন্দুয়া পৌরসভার টেংগুরী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে থানা পুলিশের একটি দল। উপপরিদর্শক (এসআই) খোরশেদ আলমের নেতৃত্বে পরিচালিত ওই অভিযানে ইয়াবা সেবনরত অবস্থায় দুই যুবককে আটক করা হয়। এ সময় তাদের অনিয়ন্ত্রিত ও উশৃঙ্খল আচরণে স্থানীয় জনসাধারণের মাঝে চরম বিরক্তি ও অসন্তোষের সৃষ্টি হয়।
আদালত সূত্র জানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী অভিযুক্তদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করা হয়। আদালতে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক প্রত্যেককে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। রায় ঘোষণার পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।
স্থানীয় সচেতন মহল মনে করেন, সমাজে মাদক ও এর অপব্যবহার রোধে প্রশাসনের এ ধরনের নিয়মিত ও কঠোর অভিযান অত্যন্ত ফলপ্রসূ ভূমিকা রাখছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে সাধারণ মানুষও আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বাত্মক সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের এমন তৎপরতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করছেন এলাকাবাসী।
পড়ুন:নওগাঁয় মানবাধিকার সুরক্ষায় জেলা নেটওয়ার্কের মাসিক সভা অনুষ্ঠিত
ইমি/


