লক্ষ্মীপুরে কলেজ গেইটে নিষিদ্ধ ছাত্রলীগের তালা ঝুলিয়ে ব্যানার, ককটেল বিস্ফোরণ

লক্ষ্মীপুরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানকে ঘিরে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের তৎপরতার অভিযোগ উঠেছে। লক্ষ্মীপুর সরকারি কলেজের মূল ফটকে তালা ঝুলিয়ে ব্যানার টানানোর পাশাপাশি রামগঞ্জ মডেল কলেজের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ছাড়া রামগতির একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের ফটকে তালা ঝুলানোর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

সোমবার (৯ নভেম্বর) রাতে এসব ঘটনার খণ্ড খণ্ড ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়। নিষিদ্ধ ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মীর ফেসবুক পেজ ও হোয়াটসঅ্যাপেও ভিডিওগুলো প্রচার করা হয়েছে।

ভিডিওগুলোতে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন ভূঁইয়া, লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি মহসিন কবির সাগর ও সাধারণ সম্পাদক সেবাব নেওয়াজসহ কয়েকজন নেতার ফেসবুক পেজে এসব দৃশ্য দেখা গেছে।

ছড়িয়ে পড়া ভিডিও ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার ভোরে লক্ষ্মীপুর সরকারি কলেজের মূল ফটকের দুটি গেটে শিকল দিয়ে তালা ঝুলিয়ে দেওয়া হয়। পাশাপাশি ‘দেশব্যাপী সর্বাত্মক ধর্মঘটের সমর্থনে আমরা সাধারণ শিক্ষার্থীরা পূর্ণ সমর্থন জানিয়ে ক্লাস ও পরীক্ষা বর্জন করলাম’ লেখা একটি ব্যানার টানানো হয়। এ ঘটনার ২৩ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে হেলমেট পরা একজনকে দেখা গেলেও তার পরিচয় শনাক্ত করা যায়নি।

অন্যদিকে, রামগঞ্জ মডেল কলেজের মূল ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ১২ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওতে বিস্ফোরণের দৃশ্য দেখা গেলেও কাউকে শনাক্ত করা যায়নি। কখন এ ঘটনা ঘটেছে, তা আশপাশের লোকজনও নিশ্চিত করতে পারেননি। ধারণা করা হচ্ছে, রাতে বিস্ফোরণ ঘটিয়ে ভিডিও ধারণের পর তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে।

এ বিষয়ে জেলা ছাত্রদলের সদস্য সচিব হাসিবুর রহমান অভি বলেন, সরকারি কলেজের ফটকে কে বা কারা তালা ও ব্যানার লাগিয়ে পালিয়ে গেছে। এ ঘটনায় সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে আইনগত ব্যবস্থা নিতে অধ্যক্ষের সঙ্গে কথা বলেছেন। কলেজ ছাত্রদলকেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। নিষিদ্ধ সংগঠনের এ ধরনের বিক্ষিপ্ত তৎপরতা প্রতিহত করতে প্রত্যেক ইউনিটকে দিকনির্দেশনা দেওয়া হয়েছে। তাঁরা মাঠে রয়েছেন।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, ককটেল বিস্ফোরণের বিষয়টি তাঁর জানা নেই। এ বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।

লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. ইউছুফ বলেন, কে বা কারা কলেজের ফটকে তালা ও ব্যানার লাগিয়েছে, তা তাঁরা দেখেননি। দিনের বেলায় কলেজে কোনো তালা বা ব্যানার ছিল না। পাঠদানসহ কলেজের সব কার্যক্রম স্বাভাবিকভাবে পরিচালিত হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : কালিয়াকৈরে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী বাসে আগুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন