মেহেরপুরের গাংনীতে এক মোটরসাইকেল চালককে গতিরোধ করে মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনার পর পুলিশের একটি দল ঘটনাস্থলের প্রায় এক কিলোমিটার দূরে পরিত্যক্ত অবস্থায় দুটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে।
সোমবার (৯ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার নওয়াপাড়া-তেঁতুলবাড়ীয়া সড়কে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গাংনী উপজেলার সাহারবাটি গ্রামের আমজাদ আলী কারিগরের ছেলে আরিফুল ইসলাম নিজের টিভিএস মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে নওয়াপাড়া হয়ে তেঁতুলবাড়ীয়া গ্রামের দিকে যাচ্ছিলেন। পথে নওয়াপাড়া-তেঁতুলবাড়ীয়া সড়কের মাঝামাঝি স্থানে পৌঁছালে ছিনতাইকারী দলের সদস্যরা তার গতিরোধ করে। একপর্যায়ে তার মোটরসাইকেলটি ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায় তারা।
পরে আরিফুল ইসলাম স্থানীয়দের বিষয়টি জানালে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে গাংনী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায়। এ সময় ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরে পরিত্যক্ত অবস্থায় দুটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করে পুলিশ।
গাংনী থানার ওসি (তদন্ত) শিমুল কুমার বিশ্বাস জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।
পড়ুন : কালিয়াকৈরে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী বাসে আগুন


