যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনের পর ডেটা সেন্টার নির্মাণ ও সম্প্রসারণ নিয়ে নতুন চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বিশ্বের বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। স্থানীয় পর্যায়ে ডেটা সেন্টার নির্মাণে বিধিনিষেধ আরোপের পক্ষে অবস্থান নিয়েছেন দেশটির বিভিন্ন এলাকার ভোটাররা। একই সঙ্গে ডেটা সেন্টারের ওপর নিয়ন্ত্রণ বাড়ানোর প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনে জয় পেয়েছেন কয়েকজন রাজনীতিক। ফলে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির অবকাঠামো সম্প্রসারণ নিয়ে নতুন অনিশ্চয়তা তৈরি হয়েছে।
প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সাফল্যের প্রভাব পড়তে পারে দেশটির প্রযুক্তি খাতেও। বিশেষ করে ডেটা সেন্টার নির্মাণ ও পরিচালনার সঙ্গে যুক্ত বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে স্থানীয় এবং কেন্দ্রীয় পর্যায়ে নতুন বিধিনিষেধের মুখোমুখি হতে হতে পারে। এতে এআই প্রযুক্তির জন্য প্রয়োজনীয় কম্পিউটিং অবকাঠামো তৈরির পরিকল্পনা বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
টেকক্রাঞ্চের ‘ইকুইটি’ পডকাস্টে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন সাংবাদিক অ্যান্থনি হা, কার্স্টেন কোরোসেক ও শন ও’কেন। তাঁদের মতে, যুক্তরাষ্ট্রের বিভিন্ন এলাকায় ডেটা সেন্টার নির্মাণ নিয়ে সাধারণ মানুষের অসন্তোষ ক্রমেই বাড়ছে। আগে বিষয়টি মূলত প্রযুক্তি ও ব্যবসায়িক খাতের আলোচনার মধ্যে সীমাবদ্ধ থাকলেও এখন তা রাজনৈতিক ইস্যুতে পরিণত হয়েছে। শুধু ডেমোক্র্যাট নয়, রিপাবলিকান ও স্বতন্ত্র ভোটারদের মধ্যেও এ ধরনের স্থাপনা নিয়ে উদ্বেগ বাড়ছে।
আলোচনায় সাংবাদিক শন ও’কেন বলেন, ডেটা সেন্টার নিয়ে জনমতের পরিবর্তন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর জন্য নতুন রাজনৈতিক চ্যালেঞ্জ তৈরি করছে। তিনি রিপাবলিকান পার্টির অন্যতম বড় দাতা ইলন মাস্কের প্রসঙ্গও তুলে ধরেন। তাঁর মতে, মাস্কের ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর সদর দপ্তর থাকা টেক্সাসের রাজনৈতিক পরিস্থিতিতেও পরিবর্তন এসেছে। সেখানে ডেমোক্র্যাট প্রার্থী জিনা হিনোজোসা নতুন গভর্নর নির্বাচিত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। নির্বাচনী প্রচারে তিনি ডেটা সেন্টারের কার্যক্রম ও নির্মাণ নিয়ন্ত্রণের প্রতিশ্রুতি দিয়েছিলেন।
তবে ডেটা সেন্টারবিরোধী মনোভাবই ডেমোক্র্যাটদের নির্বাচনী সাফল্যের একমাত্র কারণ নয় বলে মনে করেন পডকাস্টের আলোচকেরা। তাঁদের মতে, স্থানীয় পর্যায়ে বড় অবকাঠামো নির্মাণের ক্ষেত্রে মানুষের মতামত ও পরিবেশগত উদ্বেগকে যথাযথ গুরুত্ব না দেওয়ায় বিরোধিতা বাড়ছে। বিশেষ করে বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো অনেক সময় গোপনীয়তার শর্তে স্থানীয় প্রশাসনের কাছ থেকে প্রকল্পের অনুমোদন নেওয়ার চেষ্টা করে। এ ক্ষেত্রে নির্বাচিত জনপ্রতিনিধিদের সঙ্গে নন-ডিসক্লোজার অ্যাগ্রিমেন্ট বা এনডিএ করা হয়।
এ ধরনের চুক্তির কারণে প্রকল্পের প্রকৃত আকার, বিদ্যুৎ ব্যবহারের পরিমাণ, পানির চাহিদা এবং পরিবেশের ওপর সম্ভাব্য প্রভাব সম্পর্কে স্থানীয় বাসিন্দারা পর্যাপ্ত তথ্য জানতে পারেন না। ফলে নিজেদের এলাকায় বড় ডেটা সেন্টার নির্মাণের পরিকল্পনা সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সন্দেহ ও অসন্তোষ তৈরি হচ্ছে। অনেক ক্ষেত্রে প্রকল্পের বিষয়ে স্বচ্ছতা না থাকাই বিরোধিতার অন্যতম কারণ হয়ে উঠছে।
পডকাস্টের আরেক আলোচক কার্স্টেন কোরোসেক যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পানিসংকটপূর্ণ এলাকার উদাহরণ তুলে ধরেন। তাঁর মতে, এসব এলাকায় বড় ডেটা সেন্টার নির্মাণের পরিকল্পনা স্থানীয় বাসিন্দাদের উদ্বেগ বাড়িয়ে দিয়েছে। কারণ, ডেটা সেন্টার পরিচালনায় বিপুল পরিমাণ বিদ্যুৎ ও পানি প্রয়োজন হয়। যেসব এলাকায় আগে থেকেই পানির সংকট রয়েছে, সেখানে নতুন করে এ ধরনের স্থাপনা নির্মাণের ফলে স্থানীয় সম্পদের ওপর বাড়তি চাপ তৈরি হতে পারে।
এ ছাড়া পরিবেশগত প্রভাব সম্পর্কে পর্যাপ্ত তথ্য প্রকাশ না করায় বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের মানুষও এসব প্রকল্পের বিরোধিতা করছেন। তাঁদের উদ্বেগের মধ্যে রয়েছে পানির ব্যবহার, বিদ্যুৎ সরবরাহ, পরিবেশদূষণ, শব্দদূষণ এবং স্থানীয় অবকাঠামোর ওপর অতিরিক্ত চাপ।
এ পরিস্থিতিতে ডেটা সেন্টার নির্মাণ নিয়ে নিজেদের নীতিতে পরিবর্তন আনার উদ্যোগ নিয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। সম্প্রতি ওপেনএআই ‘কম্পিউট ক্যাম্পাস পলিসি ব্লুপ্রিন্ট’ নামে একটি নীতিমালা প্রকাশ করেছে। এতে ডেটা সেন্টার নির্মাণের ক্ষেত্রে স্বচ্ছতা বাড়ানো এবং স্থানীয় জনগণের সঙ্গে যোগাযোগ জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
প্রস্তাবিত নীতিমালায় প্রকল্পের প্রয়োজনীয় তথ্য প্রকাশ, স্থানীয় জনগণের উদ্বেগ শোনা এবং প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে জবাবদিহি নিশ্চিত করার বিষয়গুলো গুরুত্ব পেয়েছে। পাশাপাশি প্রকল্পসংক্রান্ত তথ্য গোপন রাখার ক্ষেত্রে এনডিএর বাধ্যবাধকতা তুলে দেওয়ার পরিকল্পনার কথাও বলা হয়েছে। এ ছাড়া ডেটা সেন্টার শব্দটির পরিবর্তে ‘কম্পিউট ক্যাম্পাস’ শব্দটি ব্যবহার করছে প্রতিষ্ঠানটি।
তবে শুধু নাম পরিবর্তন করে মানুষের উদ্বেগ দূর করা সম্ভব কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন টেকক্রাঞ্চের আলোচকেরা। তাঁদের মতে, ডেটা সেন্টারের নাম পরিবর্তন করে কম্পিউট ক্যাম্পাস রাখলেও এর বিদ্যুৎ ও পানির চাহিদা কমে যাবে না। একইভাবে পরিবেশের ওপর সম্ভাব্য প্রভাবও অপরিবর্তিত থাকবে। তাই স্থানীয় মানুষের আস্থা অর্জনের জন্য শুধু প্রচারণা বা নাম পরিবর্তন যথেষ্ট নয়; প্রকল্পের বাস্তব প্রভাব সম্পর্কে স্বচ্ছ তথ্য প্রকাশ করতে হবে।
এদিকে নির্বাচনী ও নীতিগত চাপের পাশাপাশি আর্থিক চ্যালেঞ্জও বাড়তে পারে ডেটা সেন্টার নির্মাণে। এআই প্রযুক্তির দ্রুত বিস্তারের কারণে বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো গত কয়েক বছরে ডেটা সেন্টার, সার্ভার ও উন্নত কম্পিউটিং অবকাঠামো তৈরিতে বিপুল অর্থ বিনিয়োগ করেছে। তবে এসব বিনিয়োগের সম্ভাব্য মুনাফা এবং দীর্ঘমেয়াদি আর্থিক সুফল নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে প্রশ্ন তৈরি হচ্ছে।
পডকাস্টের আলোচনায় বলা হয়েছে, এআই অবকাঠামো নির্মাণে বিপুল অর্থ ব্যয়ের বিষয়ে ওয়াল স্ট্রিটের বিনিয়োগকারীদের আগ্রহেও পরিবর্তন দেখা যাচ্ছে। ফলে একদিকে সরকারি বিধিনিষেধ, অন্যদিকে বিনিয়োগকারীদের সতর্ক অবস্থান—দুই দিক থেকেই চাপে পড়তে পারে বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। নতুন প্রকল্পের অনুমোদন, অর্থায়ন এবং নির্মাণকাজের সময়সীমা নিয়েও অনিশ্চয়তা তৈরি হতে পারে।
তবে এআই সেবার ক্রমবর্ধমান চাহিদা পূরণে বড় পরিসরে কম্পিউটিং সক্ষমতা প্রয়োজন। চ্যাটবট, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সফটওয়্যার, ছবি ও ভিডিও তৈরি এবং বিভিন্ন স্বয়ংক্রিয় প্রযুক্তি পরিচালনার জন্য শক্তিশালী সার্ভার ও ডেটা সেন্টার অপরিহার্য। এ কারণে এসব অবকাঠামোর নির্মাণ পুরোপুরি বন্ধ করা প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর জন্য সহজ হবে না।
বিশেষজ্ঞদের আলোচনায় উঠে এসেছে, আগামী দুই বছর এবং এর পরবর্তী সময়ে ডেটা সেন্টার খাতের ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করবে সরকারি নীতিনির্ধারণ, স্থানীয় জনগণের সমর্থন এবং বিনিয়োগকারীদের মনোভাবের ওপর। প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে এখন শুধু এআই অবকাঠামো সম্প্রসারণ নয়, একই সঙ্গে পরিবেশগত ও সামাজিক দায়বদ্ধতার বিষয়টিও গুরুত্ব দিতে হবে।
যুক্তরাষ্ট্রে ডেটা সেন্টার নির্মাণ এখন আর শুধু প্রযুক্তি ও ব্যবসার বিষয় নয়, বরং তা রাজনৈতিক, অর্থনৈতিক ও পরিবেশগত আলোচনার গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠছে। এআই প্রযুক্তির প্রতিযোগিতায় এগিয়ে থাকতে বড় প্রতিষ্ঠানগুলোকে অবকাঠামো সম্প্রসারণ করতে হলেও স্থানীয় মানুষের সম্মতি ও সরকারি নীতিমালার বিষয়টি উপেক্ষা করার সুযোগ ক্রমেই কমে আসছে। ফলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে এআই অবকাঠামো নির্মাণের গতি ও বিনিয়োগের ধরন নতুন বাস্তবতার মুখোমুখি হতে পারে।
পড়ুন:কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী
ইমি/


