রাতের দীর্ঘ যাত্রা শেষে ভোরের আলো ফোটার আগেই স্টেশনে এসে থেমেছিল ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর ‘হাওর এক্সপ্রেস’। ঘড়ির কাঁটায় তখন ভোর ৫টা ১০ মিনিট। গন্তব্যে পৌঁছে একে একে নেমে যান সব যাত্রী। কোলাহল থেমে স্টেশনজুড়ে নেমে আসে ভোরের স্নিগ্ধ নীরবতা। দীর্ঘ যাত্রার ক্লান্তি কাটাতে ও সকালের খাবারের সন্ধানে ট্রেন থেকে নেমে বাইরে যান গার্ড ও কর্মীরাও। আর জনমানবহীন নীরবতার সুযোগকেই কাজে লাগায় দুর্বৃত্তরা।
মঙ্গলবার (১০ নভেম্বর) ভোর ৬টার দিকে নেত্রকোনার মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা ফাঁকা ট্রেনটিতে ঘটে অগ্নিসংযোগের ঘটনা। তবে রেলকর্মীদের তাৎক্ষণিক সাহসিকতা এবং ফায়ার সার্ভিস ও পুলিশের তড়িৎ পদক্ষেপে বড় ধরনের বিপর্যয় থেকে রক্ষা পেয়েছে হাওরাঞ্চলের মানুষের যাতায়াতের অন্যতম প্রধান এই ট্রেনটি। আগুনের ঘটনায় একটি বগির চারটি আসন ক্ষতিগ্রস্ত হলেও থেমে থাকেনি চাকা; নির্ধারিত সময় সকাল আটটাতেই যাত্রী নিয়ে ফের ঢাকার উদ্দেশে স্টেশন ছেড়ে যায় হাওর এক্সপ্রেস।
রেলওয়ে সূত্রে জানা গেছে, ট্রেনটি স্টেশনে থামার পর এর পশ্চিম দিকের অংশটি মূল প্ল্যাটফর্ম ছাড়িয়ে কিছুটা বাইরে অবস্থান করছিল। ভোর ৬টার দিকে হঠাৎ করেই পশ্চিম প্রান্তের ‘ড’ বগি থেকে ধোঁয়া ও আগুনের শিখা উঠতে দেখা যায়। বাইরে খাবার খেতে যাওয়া ট্রেনের গার্ড ও কর্মীরা ধোঁয়া দেখেই দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন।
বড় কোনো বিপদের অপেক্ষা না করে তারা তাৎক্ষণিকভাবে ট্রেনে থাকা নিজস্ব অগ্নিনির্বাপক যন্ত্র (ফায়ার এক্সটিংগুইশার) ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান। একই সঙ্গে খবর দেওয়া হয় ফায়ার সার্ভিস ও রেলওয়ে পুলিশকে। দ্রুততম সময়ের মধ্যে ফায়ার সার্ভিসের সদস্য ও রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কর্মীদের সঙ্গে যোগ দেন এবং আগুন পুরোপুরি নিভিয়ে ফেলেন।
সবার সম্মিলিত প্রচেষ্টায় আগুন পুরো বগিতে বা অন্য কোনো কোচে ছড়াতে পারেনি। তবে এই সময়ের মধ্যে ‘ড’ বগির ৫, ৬ এবং ১১, ১২ নম্বর- এই চারটি আসনের উপরের রেক্সিন কভার পুড়ে যায়।
দুর্বৃত্তরা অত্যন্ত কৌশলে নাশকতার ছক কষেছিল। মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার জহিরুল ইসলাম জানান, ট্রেনটি ভোর ৫টা ১০ মিনিটে স্টেশনে প্রবেশ করার পর যাত্রীরা চলে যান এবং কর্মীরা খাবারের জন্য বাইরে গেলে ট্রেনটি সম্পূর্ণ ফাঁকা হয়ে পড়ে।
তিনি বলেন, “স্টেশনের পশ্চিম দিকে থাকা ‘ড’ বগিতে আগুন দেওয়া হয়। ওই জায়গাটি প্ল্যাটফর্মের বাইরে থাকায় সেখানে সিসিটিভি ক্যামেরার কোনো সংযোগ নেই। এই সুযোগেই দুর্বৃত্তরা বগিতে আগুন দেয়। আগুনে ‘ড’ বগির ৫-৬ ও ১১-১২ এই চারটি সিটের রেক্সিন কভার পুড়ে গেছে। তবে গার্ড ও কর্মীরা দ্রুত অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করে আগুন নেভানোয় বড় ক্ষতি হয়নি। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
নির্ধারিত সময় সকাল ৮টায় ট্রেনটি নিরাপদে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ায় সাধারণ যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরলেও, স্টেশনের নিরাপত্তা ও সিসিটিভি ক্যামেরার আওতার বাইরে থাকা অংশগুলো নিয়ে স্থানীয়দের মনে প্রশ্ন দেখা দিয়েছে। বিশেষ করে, কোন অংশে সিসিটিভি নেই এবং কখন ট্রেন ফাঁকা থাকে- দুর্বৃত্তদের কাছে নিখুঁত হিসাব কীভাবে পৌঁছাল, তা ভাবিয়ে তুলছে সচেতন মহলকে।
এ বিষয়ে মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মোবারক হোসেন জানান, দাঁড়িয়ে থাকা ফাঁকা ট্রেনে দুর্বৃত্তরা আগুন দেওয়ার পর ট্রেনের কর্মী, রেলওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা মিলে দ্রুত আগুন নিভিয়ে ফেলেন।
তদন্তের অগ্রগতির বিষয়ে তিনি বলেন, “যে বগিটিতে আগুন দেওয়া হয়েছে, সেটি সিসি ক্যামেরার আওতার বাইরে ছিল। পুরো বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের চিহ্নিত করে এ বিষয়ে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
হাওর অঞ্চলের সাধারণ মানুষ থেকে শুরু করে সর্বস্তরের যাত্রীর কাছে ‘হাওর এক্সপ্রেস’ কেবল একটি ট্রেন নয়, রাজধানীর সঙ্গে যোগাযোগের সবচেয়ে নির্ভরযোগ্য মাধ্যম। ভোরের ওই নাশকতার চেষ্টা ব্যর্থ হওয়ায় রক্ষা পেয়েছে রাষ্ট্রীয় সম্পদ, বজায় থেকেছে ট্রেনের সময়সূচি। তবে ভবিষ্যতে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে প্ল্যাটফর্মের বাইরের অংশসহ পুরো স্টেশন এলাকা নিশ্ছিদ্র নিরাপত্তা ও সিসিটিভির আওতায় আনার দাবি এখন সাধারণ মানুষের।
পড়ুন:মেহেরপুরের বামুন্দী-নিশিপুর স্কুল ও কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
ইমি/


