নেত্রকোনায় বিএডিসির ভেতর দিয়ে বিকল্প রাস্তা চালুর জোরালো দাবি

নেত্রকোনা জেলা শহরের দীর্ঘদিনের যানজট নিরসন এবং নাগরিক দুর্ভোগ লাঘবে বিএডিসি (বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন) খামারের ভেতর দিয়ে বিকল্প রাস্তা বা বাইপাস চালুর বিষয়ে গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। নেত্রকোনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্থানীয় প্রশাসন, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিবর্গ, বীরমুক্তিযোদ্ধা, সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন এবং সঞ্চালনায় ছিলেন নেত্রকোনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ওয়াহিদু্জ্জমান।

দীর্ঘদিন ধরে নেত্রকোনা পৌরশহরের প্রধান সড়কগুলোতে যানজট নিত্যদিনের সমস্যায় পরিণত হয়েছে। শহরবাসীর যাতায়াত সহজ করতে এবং বিশেষ করে কোর্ট-কাচারি, হাসপাতাল ও জেলা প্রশাসন কার্যালয়ে আসা সাধারণ মানুষের ভোগান্তি কমাতে বিএডিসির সংরক্ষিত এলাকার ভেতর দিয়ে সড়ক চালুর দাবিটি অত্যন্ত জোরালোভাবে উঠে এসেছে। সভায় বক্তারা একবাক্যে স্বীকার করেন, জনস্বার্থে এই উদ্যোগ বাস্তবায়ন করা হলে শহরের ওপর থেকে গাড়ির চাপ বহুলাংশে কমে আসবে এবং আধুনিক ও পরিকল্পিত নগর গড়ার পথে এটি যুগান্তকারী পদক্ষেপ হবে।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান জানান, তিনি যোগদানের পর থেকেই সমন্বয় সভায় এই বিষয়টি বারবার আলোচনায় আসছে। তিনি বলেন, “পাবলিক ইন্টারেস্ট বা জনস্বার্থকে আমাদের সবসময় সর্বোচ্চ প্রাধান্য দিতে হবে। বিএডিসির রাস্তা উন্মুক্তকরণের বিষয়ে সরাসরি এককভাবে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার জেলা প্রশাসনের নেই, কারণ এর মালিকানা সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার। তবে আপনাদের সবার মূল্যবান মতামত কম্পাইল করে যথাযথ চ্যানেলে এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠিয়ে দেবো। মন্ত্রণালয় থেকে যে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে, সে অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। তবে জনগণের এমন দাবি বাস্তবায়নে জেলা প্রশাসন সবসময় আন্তরিক।”

সভায় স্থানীয় সরকারের উপপরিচালক ও নেত্রকোনা পৌরসভার পৌর প্রশাসক এ.কে.এম. আব্দুল্লাহ বিন রশিদ বলেন, “শহরের যানজট নিরসনে ট্রাফিক পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। লাইসেন্সবিহীন কোনো গাড়ি যেন শহরে চলতে না পারে, সে বিষয়ে কঠোর নজরদারি বাড়াতে হবে। একই সঙ্গে ফুটপাত দখলমুক্ত রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা জরুরি। বিডিসির ভেতর দিয়ে রাস্তা চালুর বিষয়ে জনস্বার্থের বিষয়টি তুলে ধরে আমরা সরকারের উচ্চ পর্যায়ে সুপারিশ পাঠাতে পারি।” তিনি আরও উল্লেখ করেন যে, ১৯০৯ সালের পৌর আইন অনুযায়ী ট্রাফিক নিয়ন্ত্রণ ও যানজট দূরীকরণে প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।

মতবিনিময় সভায় নেত্রকোনা বিএডিসির উপপরিচালক কৃষিবিদ শহীদুল ইসলাম বলেন, “খামারের ভেতরে সিড হেলথ বা বীজ উৎপাদন এবং গবাদি পশুর বিচরণের মতো নানাবিধ প্রাতিষ্ঠানিক কার্যক্রম পরিচালিত হয়। প্রাতিষ্ঠানিক কাঠামোগত নিয়মনীতি ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদনের বিষয়টি এখানে জড়িত। তবে নেত্রকোনাবাসীর প্রতি আমাদেরও মায়া রয়েছে এবং জনস্বার্থের বিষয়টি আমরা অস্বীকার করতে পারি না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সবকিছু বিবেচনা করে এ বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নেবে বলে আমরা আশা করি।”

ট্রাফিক পুলিশের পরিদর্শক মো. মাহবুব তার বক্তব্যে বলেন, জেলা প্রশাসন ও পুলিশ সুপারের অফিস, জাজ কোর্ট ও হাসপাতাল একই এলাকায় হওয়ায় প্রধান সড়কে সবসময় প্রচুর চাপ থাকে। বিডিসির রুটটি চালু হলে মেইন রোডের ওপর চাপ বহুলাংশে কমে যাবে এবং বিকল্প যোগাযোগের পূর্ণ সুফল শহরবাসী ভোগ করতে পারবে।

সভায় প্রবীণ নাগরিক ও বীরমুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী স্মৃতিচারণ করে বলেন, “জেলা শহর প্রতিষ্ঠার পর থেকেই আমরা এই রাস্তা দিয়ে মর্নিং ওয়াক করেছি। পরিকল্পিত নগর উন্নয়নে এবং বাইপাস সড়ক তৈরিতে এই রুটটি চালুর বিকল্প নেই। বিগত ২০ বছর ধরে আমরা এই দাবি জানিয়ে আসছি।”

রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গের মধ্যে জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও বীরমুক্তিযোদ্ধা মো. মান্নান তালুকদার বলেন, “জনগণের কল্যাণ ও স্বার্থে বিডিসির জায়গা দিয়ে রাস্তা করলে কোনো প্রতিষ্ঠানেরই ক্ষতি হবে না। নেত্রকোনার হাজার হাজার মানুষের দুর্ভোগ লাঘবে এই রাস্তা উন্মুক্ত করা এখন সময়ের দাবি।”

জেলা কৃষকদলের সভাপতি সালাউদ্দিন খান মিল্কী এই উদ্যোগকে ‘যুগান্তকারী’ উল্লেখ করে বলেন, “জেলা প্রশাসক মহোদয়ের সদিচ্ছা এবং রাজনৈতিক নেতৃবৃন্দের সহযোগিতায় কাজটি দৃশ্যমান করা সম্ভব। নেত্রকোনাবাসী এমন ঐতিহাসিক কাজের জন্য আপনাদের স্মরণ রাখবে।”

জেলা বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক এস.এম. মনিরুজ্জামান দুদু ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে বলেন, ১৯৪০ সালের ঐতিহাসিক তেভাগা আন্দোলনের কৃষক সমাবেশের স্মৃতিবিজড়িত এই অঞ্চলের ভৌগোলিক গুরুত্ব অপরিসীম। ময়মনসিংহের দিক থেকে বা আশপাশের উপজেলা থেকে আসা সাধারণ মানুষ সহজেই এই রুট ব্যবহার করে শহরের অন্যান্য অংশে যাতায়াত করতে পারবেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধি মোহাম্মদ কামাল উদ্দিন তার বক্তব্যে বিডিসির রাস্তার পাশাপাশি মগড়া রোডের নাগড়া আনন্দবাজার মোড়ের ছোট ব্রিজটি প্রশস্ত করা এবং জয়ের বাজার মোড়ের জটলা হ্রাসের সুনির্দিষ্ট প্রস্তাব তুলে ধরেন। তিনি বলেন, এই উদ্যোগ বাস্তবায়িত হলে বিচারপ্রার্থী ও সাধারণ মানুষের দীর্ঘদিনের ভোগান্তি চিরতরে দূর হবে।

সভায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম শফিকুল কাদের সুজা, সাবেক যুগ্ম-আহবায়ক বজলুল রহমান, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি তাজেদুল ইসলাম ফারাস সুজা, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সভাপতি সজীব সরকার রতনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবন্দ এবং বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা।

সভা শেষে সকলের অংশগ্রহণে সুসংহত প্রস্তাবনা মন্ত্রণালয়ে প্রেরণের সিদ্ধান্ত গৃহীত হয়। নেত্রকোনাবাসীর দীর্ঘদিনের এই দাবি বাস্তবায়িত হলে শহরটি অনেকটা যানজটমুক্ত, আধুনিক ও বাসযোগ্য নগরীতে রূপ নেবে- এমনটাই সকলের প্রত্যাশা।

পড়ুন : শেখ হাসিনাকে আন্তর্জাতিক আইনি প্রক্রিয়াতেই দেশে ফিরিয়ে আনা হবে

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন