খালিয়াজুরীর হাওরে স্বেচ্ছাসেবক লীগের ঝটিকা মিছিল ও দেয়াল লিখন

দিগন্ত বিস্তৃত হাওর আর জলাভূমি বেষ্টিত নেত্রকোনার প্রত্যন্ত উপজেলা খালিয়াজুরী। প্রকৃতির স্বাভাবিক নীরবতার মাঝেই হঠাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিও চিত্র ও দেয়াল লিখনের খবর এই শান্ত জনপদে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। গত ৯ নভেম্বর উপজেলার মেন্দিপুর ইউনিয়নের হাওর এলাকায় নিষিদ্ধ সংগঠন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ব্যানারে ঝটিকা মিছিল এবং কৃষ্ণপুর এলাকায় দেয়াল লিখনের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। আকস্মিক এমন তৎপরতা নিয়ে সাধারণ মানুষের মধ্যে যেমন কৌতূহল তৈরি হয়েছে, তেমনি বিশাল হাওরাঞ্চলের ঠিক কোথায় এবং কখন ঘটনাটি ঘটেছে, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।

বিজ্ঞাপন

স্থানীয় বিভিন্ন সূত্র ও ছড়িয়ে পড়া ভিডিও চিত্র বিশ্লেষণে দেখা যায়, গত ৯ নভেম্বর বিকেলের দিকে বা গোধূলিলগ্নে হাওরের নির্জন কাঁচা সড়কে ৩০ থেকে ৪০ জনের একটি দল জড়ো হয়। অংশগ্রহণকারীদের বেশির ভাগই বয়সে তরুণ ও যুবক এবং আত্মপরিচয় আড়াল রাখতে তাদের অনেকের মুখেই মাস্ক পরা ছিল। জেলা স্বেচ্ছাসেবক লীগের নির্দেশনায় এবং খালিয়াজুরী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

মিছিলের সামনে থাকা ব্যানারে ‘বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, খালিয়াজুরী উপজেলা শাখা’ লেখা ছিল। ব্যানারটিতে নেত্রকোনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য সাজ্জাদুল হাসান এবং সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দীন নাসিমসহ কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের কয়েকজন নেতার ছবি মুদ্রিত দেখা যায়। মিছিলটি হাওরের মেঠোপথ ধরে এগোনোর সময় অংশগ্রহণকারীরা ‘আইতাছে রে আইতাছে, শেখের বেটি আইতাছে’ এবং ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’- এমন নানা স্লোগান দেন।

শুধু হাওরের মেঠোপথে মিছিলই নয়, একই সময়ে উপজেলার কৃষ্ণপুর এলাকার বিভিন্ন স্থানে সংগঠনটির পক্ষ থেকে দেয়াল লিখন করা হয়। স্থানীয় সচেতন মহলের ধারণা, মূলত নিজেদের সাংগঠনিক অস্তিত্বের জানান দিতেই জনসমাগমহীন সময় ও এলাকাকে বেছে নেওয়া হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যমে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের নামে ১০ নভেম্বর সারাদেশে ‘লকডাউন’ কর্মসূচি ঘোষণার প্রচারণা চলছিল। ধারণা করা হচ্ছে, অনলাইনে প্রচারিত ওই কর্মসূচির ধারাবাহিকতা রক্ষা করতেই আগের দিন ৯ নভেম্বর খালিয়াজুরীর প্রত্যন্ত এলাকায় ঝটিকা মিছিল ও দেয়াল লিখনের আয়োজন করা হয়।

সামাজিক যোগাযো গমাধ্যমে মিছিলের দৃশ্য দেখা গেলেও এর সুনির্দিষ্ট স্থান ও সময় নিয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য মেলেনি। মিছিলের চারপাশের পরিবেশ দেখে সেটি মেন্দিপুর ইউনিয়নের হাওর এলাকার কোনো একটি গ্রামীণ মেঠোপথ এবং সময়টি বিকেলের শেষ ভাগ বলে ধারণা করা হচ্ছে। তবে নিরপেক্ষ কোনো সূত্র থেকে বা স্বাধীনভাবে মিছিলের প্রকৃত সময় ও স্থানের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। মূল জনপদ থেকে দূরে হাওরের নির্জন প্রান্তরে খুব অল্প সময়ের মধ্যে কর্মসূচিটি শেষ করায় স্থানীয় সাধারণ বাসিন্দাদের অনেকেই তাৎক্ষণিকভাবে বিষয়টি জানতে পারেননি।

হাওরাঞ্চলে নিষিদ্ধ সংগঠনের এমন আকস্মিক তৎপরতার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন জানান, ঘটনাটি সম্পর্কে পুলিশ আগে থেকে অবগত ছিল না।

ওসি মো. নাসির উদ্দিন বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। এত বড় হাওর এলাকায় এমন ঘটনা ঘটেছে কি না, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে বিষয়টি খতিয়ে দেখা হবে এবং জড়িতদের চিহ্নিত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন ও বিস্তীর্ণ হাওর এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত নজরদারির সীমাবদ্ধতার সুযোগ নিয়েই কি না এমন ঝটিকা কর্মসূচি পালিত হয়েছে- সেই প্রশ্নও ঘুরপাক খাচ্ছে স্থানীয় মহলে। তবে পুলিশের পক্ষ থেকে বিষয়টি তদন্ত করে দেখার আশ্বাসে আপাতত পরিস্থিতির ওপর নজর রাখছেন এলাকার সাধারণ মানুষ।

পড়ুন : দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন