বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম মন্তব্য করেছেন যে, সাধারণ মানুষ ফ্যাসিস্ট আওয়ামী সন্ত্রাসীদের বর্বরতার বলি হচ্ছে এবং বর্তমান সরকার এই সন্ত্রাসী গোষ্ঠীকে নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা লেখেন।
পোস্টে নাহিদ ইসলাম বলেন, সরকারের দুর্বলতার কারণে দেশের সাধারণ মানুষ আবারও ফ্যাসিস্ট আওয়ামী সন্ত্রাসীদের বর্বরতার শিকার হচ্ছে। খুনের নেশায় উন্মত্ত এই সন্ত্রাসী গোষ্ঠীকে নিয়ন্ত্রণে বর্তমান সরকার সর্বতোভাবে ব্যর্থ হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
সন্ত্রাসী কর্মকাণ্ডের বিভিন্ন উদাহরণ টেনে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক লেখেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং জাতীয় ছাত্রশক্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি হাসিব আল ইসলামের ওপর মৌলভীবাজারে চাপাতি দিয়ে গুপ্ত হামলা চালিয়েছে ফ্যাসিস্ট সন্ত্রাসীরা। এ ছাড়া ফরিদপুরে বাসে আগুন দিয়ে ভেতরে ঘুমিয়ে থাকা নিরীহ-নিরপরাধ চালককে খুন করা হয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদে আওয়ামী সন্ত্রাসীদের ছোড়া ককটেলে কয়েকজন গুরুতর আহত হয়েছেন।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির এমন ভয়াবহ অবনতিতেও সরকার অত্যন্ত নির্বিকার বলে অভিযোগ করেন তিনি। তাঁর ভাষ্যমতে, নিষিদ্ধ গোষ্ঠীটির জঙ্গি কর্মকাণ্ড ঠেকাতে সরকারের কোনো বাহিনীর কার্যকর পদক্ষেপ এখনো দৃশ্যমান নয়। ক্ষমতা গ্রহণের পর থেকেই গণহত্যার বিচার নিয়ে সরকার সর্বোচ্চ উদাসীনতার পরিচয় দিচ্ছে।
আওয়ামী সন্ত্রাসীদের ও জুলাইয়ের চিহ্নিত খুনিদের একের পর এক জামিন দেওয়া হয়েছে উল্লেখ করে নাহিদ ইসলাম আরও বলেন, সন্ত্রাসী গোষ্ঠীকে আশ্রয় দেওয়া ভারতের বিরুদ্ধে কূটনৈতিক ব্যবস্থা গ্রহণেও সরকার শুরু থেকেই ব্যর্থ হয়েছে। জুলাইয়ের গণহত্যাকারী এবং শহীদ ওসমান হাদির খুনিদের প্রত্যর্পণে সরকার কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারেনি; উল্টো ভারতের মাটি ব্যবহার করে দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করা হচ্ছে।
পোস্টের শেষে তিনি বলেন, “আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, কোনো সন্ত্রাসী অপশক্তির কাছে বাংলাদেশের মানুষ পরাজিত হবে না। অবিলম্বে সারাদেশের সন্ত্রাসীদের গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে।”
পড়ুন : ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, পেলেন ভিভিআইপি প্রটোকল
সা/


