রাজনৈতিক হয়রানিমূলক ২৪ হাজার ১৩টি মামলা প্রত্যাহার: আইনমন্ত্রী

ধর্ষণ মামলা ছাড়া হত্যা মামলাসহ অন্য যেকোনো মামলা যদি রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যে করা হয়ে থাকে, তবে তা যাচাই করে প্রত্যাহারের আশ্বাস দিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি জানান, রাজনৈতিক কারণে দায়ের করা হয়রানিমূলক ২৪ হাজার ১৩টি মামলা ইতোমধ্যে সরকার প্রত্যাহার করেছে এবং বাকিগুলোও স্ক্রিনিংয়ের মাধ্যমে যাচাই করে প্রত্যাহার করা হবে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদে সরকারি দল ও বিরোধী দলের একাধিক সংসদ সদস্যের প্রশ্নের জবাব দিচ্ছিলেন আইনমন্ত্রী। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের বৈঠকের শুরুতে প্রশ্ন ও উত্তর পর্ব অনুষ্ঠিত হয়।

সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুকের সম্পূরক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, “যাদের বিরুদ্ধে এখনো মামলা আছে, শুধুমাত্র রেপ কেস (ধর্ষণ মামলা) বাদে অন্য যেকোনো ধরনের মামলা—হত্যা মামলা হলেও সেটা যদি রাজনৈতিক নেচারে হয় এবং আমাদের স্ক্রিনিংয়ের মধ্য দিয়ে আসে, আমরা সেটা প্রত্যাহার করে দেব। তো এখানে ইফস অ্যান্ড বাটসের সুযোগ নাই।”

আইনমন্ত্রী উল্লেখ করেন যে, কোনো এজাহারে ‘রাজনৈতিক মামলা’ কথাটি সরাসরি লেখা থাকে না। তাই ভুক্তভোগী নেতাকর্মীদের নির্ধারিত ফরমে আবেদন করতে বলা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রসঙ্গ টেনে তিনি জানান, তাঁরা কখনো মামলা প্রত্যাহারের আবেদন করেননি; বরং আদালতের আইনি প্রক্রিয়ার মাধ্যমেই তাঁদের মামলাগুলো নিষ্পত্তি হয়েছে। জয়নুল আবদিন ফারুককে দ্রুত আবেদন জমা দেওয়ার পরামর্শ দিয়ে আইনমন্ত্রী বলেন, আবেদন পাওয়া গেলে তা প্রত্যাহারের ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মো. কেরামত আলীর প্রশ্নের জবাবে আইনমন্ত্রী মামলা প্রত্যাহারের সার্বিক চিত্র তুলে ধরেন। কেরামত আলী বিগত আওয়ামী লীগ আমলের মিথ্যা ও রাজনৈতিক মামলাগুলো নিষ্পত্তি না হওয়ায় হাজার হাজার নিরপরাধ মানুষের ভোগান্তির কথা তুলে ধরেন এবং সরকারের রোডম্যাপ সম্পর্কে জানতে চান।

জবাবে মন্ত্রী জানান, রাজনৈতিক মামলা প্রত্যাহারের কাজ অন্তর্বর্তী সরকারের সময় শুরু হলেও বর্তমান সরকার তা আরও গতিশীল করেছে। এর অংশ হিসেবে গত ৫ মার্চ জেলা ম্যাজিস্ট্রেটের সভাপতিত্বে চার সদস্যের জেলা কমিটি এবং ৮ মার্চ আইনমন্ত্রীকে আহ্বায়ক করে ছয় সদস্যের একটি কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়। নির্ধারিত প্রক্রিয়ায় আবেদন করা হলে জেলা কমিটির সুপারিশের ভিত্তিতে এ পর্যন্ত ২৪ হাজার ১৩টি মামলা প্রত্যাহার করা হয়েছে।

তবে আবেদন ত্রুটিপূর্ণ হওয়ায় চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী অঞ্চলে জামায়াতে ইসলামীর কিছু রাজনৈতিক মামলা এখনো প্রত্যাহার করা যায়নি বলে জানান আইনমন্ত্রী। একই অঞ্চলে ইসলামী ছাত্রশিবিরের আবেদনগুলো সঠিক হওয়ায় তা প্রত্যাহার হলেও জামায়াতের ফরম সঠিকভাবে পূরণ না হওয়ায় ফেরত পাঠানো হয়। এ বিষয়ে তিনি জামায়াতের কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গেও যোগাযোগ করেছেন বলে উল্লেখ করেন।

সংসদে সংরক্ষিত আসনের সংসদ সদস্য রোকেয়া বেগমের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী জানান, বিগত সরকারের আমলের হত্যা, গুম ও নির্যাতনের ঘটনায় জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে দেশে মোট ১ হাজার ৮৮৩টি মামলা দায়ের হয়েছে (যার মধ্যে হত্যা মামলা ৮০৫টি)। এর মধ্যে ২৯৩টি মামলার তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে এবং ৯১টি মামলায় চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়েছে। বাকি ১ হাজার ৪৯৯টি মামলার তদন্ত কার্যক্রম দ্রুত শেষ করতে পুলিশ বিভাগ কাজ করছে।

এ ছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার সংক্রান্ত অগ্রগতি তুলে ধরে মন্ত্রী জানান, জুলাই আন্দোলনকালীন হামলাকারীদের বিরুদ্ধে গঠিত ৭৯টি মামলার মধ্যে ইতোমধ্যে আটটি মামলার পূর্ণাঙ্গ রায় নিষ্পত্তি হয়েছে। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৪ জনকে মৃত্যুদণ্ড এবং ৪৯ জনকে আমৃত্যু কারাদণ্ডসহ মোট ৭৩ জন আসামিকে সাজা দেওয়া হয়েছে। বর্তমানে ট্রাইব্যুনালে ২৬টি মামলা বিচারিক পর্যায়ে এবং ৪৫টি মামলা তদন্ত পর্যায়ে রয়েছে।

পরিশেষে, ঢাকা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেনের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী জানান, দেওয়ানি বিরোধ দ্রুত নিষ্পত্তিতে বিকল্প বিরোধ নিষ্পত্তির (ADR) বাধ্যবাধকতা তৈরি করা হয়েছে। ‘আইনগত সহায়তা প্রদান (সংশোধন) আইন, ২০২৬’ পাসের পর নির্ধারিত নয়টি আইনের অধীনে মামলা করার আগে জেলা লিগ্যাল এইড অফিসে মধ্যস্থতার উদ্যোগ নেওয়া বাধ্য বাধ্যতামূলক করা হয়েছে। বর্তমানে ৩০টি জেলায় চালু থাকা এই ব্যবস্থার কারণে আদালতে নিয়মিত মামলা দায়েরের হার ৬২ দশমিক ০৮৩ শতাংশ কমেছে। পাশাপাশি বিচারব্যবস্থার সক্ষমতা বাড়াতে ৫৩৬টি বিচারকের পদ সৃষ্টি করা হয়েছে এবং ডিজিটাল বিচারব্যবস্থা গড়ে তুলতে ‘ই-জুডিশিয়ারি’ প্রকল্প পুনরায় প্রস্তাব করা হয়েছে।

পড়ুন : দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন