জাতিসংঘের বিশ্ব জলবায়ু সম্মেলন (কপ-৩১)-এ যোগ দিতে তিন দিনের সফরে মঙ্গলবার (১০ নভেম্বর) প্রতিনিধিদলের সঙ্গে তুরস্কে পৌঁছেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান, নীতিনির্ধারক এবং জলবায়ু বিশেষজ্ঞদের অংশগ্রহণে তুরস্কের উপকূলীয় শহর আনতালিয়ায় এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
সম্মেলনের বিভিন্ন কর্মসূচির ফাঁকে সাইড লাইনে তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোয়ানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
বৈঠকে উভয় পক্ষ জলবায়ু ন্যায়বিচার নিশ্চিতকরণ, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন এবং পরিবেশ সুরক্ষায় বৈশ্বিক ‘জিরো ওয়েস্ট’ (বর্জ্য শূন্য) নীতিমালা বাস্তবায়নে যৌথ ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। উল্লেখ্য, তুরস্ক এবং জাতিসংঘের বিভিন্ন উদ্যোগে দীর্ঘদিন ধরে জিরো ওয়েস্ট কার্যক্রমের নেতৃত্ব দিয়ে আসছেন এমিনে এরদোয়ান।
বৈঠক শেষে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও এনসোসিয়ালে নিজের ভেরিফায়েড পেজে ডা. জুবাইদা রহমানের সঙ্গে তোলা আলোকচিত্র শেয়ার করে সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করেন এমিনে এরদোয়ান।
সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি উল্লেখ করেন: “আন্তালিয়ায় সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণীর সঙ্গে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে। জলবায়ু ন্যায়বিচার, টেকসই উন্নয়ন এবং জিরো ওয়েস্ট লক্ষ্য এগিয়ে নিতে বৈশ্বিক সহযোগিতার গুরুত্ব নিয়ে আমাদের মধ্যে আলোচনা হয়েছে।”
এদিকে, জলবায়ু পরিবর্তনের বহুমুখী ঝুঁকি মোকাবিলা, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য নিয়মিত জলবায়ু অর্থায়ন এবং বৈশ্বিক সহযোগিতা জোরদারকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে চলা এই সম্মেলনের পাশাপাশি দ্বিপক্ষীয় আলোচনাও অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ৭টায় আনতালিয়ার ম্যাক্স রয়েল হোটেলে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু জানান, উক্ত দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।
পড়ুন : সারাদেশে ২২ গাড়িতে আগুন ও ২৮ স্থানে ককটেল হামলা, যে বার্তা দিল পুলিশ
সা/


