২২ গাড়িতে আগুন ও ২৮ স্থানে ককটেল হামলা, সারাদেশে আতঙ্ক পুলিশ কতটা প্রস্তুত?

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ২২টি যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় ঢাকা ও দেশের ৬ জেলায় অন্তত ২৮টি স্থানে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। পুলিশ সদর দপ্তর ও ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সূত্র বলছে, ঢাকা ও ঢাকার বাইরে ১১ জেলায় যানবাহনে আগুন দেওয়া হয়েছে। গতকাল সোমবার সকাল থেকে আজ মঙ্গলবার সকালের মধ্যে এসব ঘটনা ঘটেছে।

এদিকে গোপালগঞ্জে আজ পুলিশের গাড়িতে আগুন, সড়ক অবরোধ করে বিক্ষোভ ও দোকান ভাঙচুরের ঘটনা ঘটেছে। তিন দিন ধরে সারা দেশে চলমান নাশকতার ঘটনা নিয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির দেশের ৬৪ জেলার পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক করেছেন। নাশকতায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করা, টহল জোরদার ও গোয়েন্দা নজরদারি বাড়ানোর নির্দেশনা দিয়েছেন তিনি। বৈঠকে সব মহানগর পুলিশ কমিশনার ও রেঞ্জের উপমহাপরিদর্শকেরা (ডিআইজি) উপস্থিত ছিলেন। গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর ও ফরিদপুর—এই চার জেলায় বাড়তি পুলিশ মোতায়েন করতে বলা হয়েছে।

পুলিশের একটি সূত্র বলছে, জুলাই গণ–অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে সারা দেশে নাশকতা করছেন তাঁর দলের নেতা–কর্মীরা। বিদেশে পলাতক নেতারা উসকানি দিচ্ছেন এবং নাশকতার জন্য টাকা পাঠাচ্ছেন। সম্প্রতি নাশকতার ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে নেপথ্যের ব্যক্তিদের নাম পাওয়া গেছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, গত রোববার সন্ধ্যার পর কিছুক্ষণের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে আট থেকে নয়টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এসব ঘটনায় হাতেনাতে তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বাড়ি গোপালগঞ্জ, রাজশাহী ও নওগাঁয়। তাঁদের কেউ সরাসরি কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত নন। তাঁরা টাকার বিনিময়ে এসব কাজ করেছেন। তবে গত ২৪ ঘণ্টায় ঢাকাসহ সারা দেশ থেকে যাঁদের গ্রেপ্তার করা হয়েছে, তাঁদের বেশির ভাগই আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের রাজনীতির সঙ্গে সরাসরি জড়িত। পুলিশ সদর দপ্তরের তথ্যানুযায়ী, দেশের বিভিন্ন স্থানে নাশকতার ঘটনায় গত শনিবার থেকে সোমবার পর্যন্ত ২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সদর দপ্তরের হিসাব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা মহানগরে চারটি যানবাহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। চট্টগ্রাম মহানগর এলাকায়ও তিনটি গাড়িতে আগুন দেওয়া হয়েছে। এর বাইরে নারায়ণগঞ্জ, নওগাঁ, গাজীপুর, পটুয়াখালী, ময়মনসিংহ, গাইবান্ধা, সাতক্ষীরা, বগুড়া, মানিকগঞ্জ, ঢাকার জেলার দক্ষিণ কেরানীগঞ্জ ও ফরিদপুর জেলায় ১৫টি যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এর মধ্যে নারায়ণগঞ্জ, গাজীপুর ও ময়মনসিংহ জেলায় দুটি করে গাড়িতে আগুন দেওয়া হয়।

ডিএমপি সূত্র বলছে, গতকাল সোমবার রাতে রাজধানীর ফার্মগেট, পল্লবী এলাকায় দুটি দাঁড়িয়ে থাকা বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এ ছাড়া গতকাল গভীর রাতে পুরান ঢাকার সদরঘাট সড়কে দুটি মিনিট্রাকে আগুন দেওয়া হয়।

ডিএমপি সূত্র বলছে, গতকাল সোমবার বিকেল থেকে আজ মঙ্গলবার সকাল পর্যন্ত ঢাকার ১৯টি স্থানে ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এসব ঘটনায় অন্তত ৩৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকার বাইরে মানিকগঞ্জ, গোপালগঞ্জ,চট্টগ্রাম, শরীয়তপুর, কক্সবাজার ও রংপুরে ককটেল বিস্ফোরণ করেছে দুর্বৃত্তরা।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা–কর্মীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়ার পাশাপাশি কয়েকটি দোকান ভাঙচুর করা হয়। সংঘর্ষে পুলিশ সদস্যসহ কয়েকজন আহত হয়েছেন।

অন্যদিকে কাশিয়ানী উপজেলার বিভিন্ন স্থানে সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা। পাশাপাশি গোপালগঞ্জ শহরের লঞ্চঘাট সেতুর পশ্চিম পাশে, সোনাকুড় ও এলজিইডি মোড় এলাকায় সড়ক অবরোধ করা হয়। আজ মঙ্গলবার সকাল থেকে টুঙ্গিপাড়া, কাশিয়ানী ও সদর উপজেলার বিভিন্ন স্থানে এসব ঘটনা ঘটে।

এর আগে গতকাল সোমবার গভীর রাতে পদ্মা সেতুর জাজিরা প্রান্তের টোল প্লাজার সামনে লগি–বইঠা হাতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা–কর্মীরা। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ এবং ট্রাক ভাঙচুরের ঘটনা ঘটে।

এসব ঘটনার পরিপ্রেক্ষিতে গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর ও ফরিদপুরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি এই চার জেলার পুলিশ সুপারদের টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানোর নির্দেশনা দিয়েছে পুলিশ সদর দপ্তর। সংশ্লিষ্ট সূত্র বলছে, কোথাও যেন লোকজন জড়ো হয়ে বড় নাশকতা করতে না পারে, সে জন্য সজাগ থাকতে বলা হয়েছে।

আইজিপি আলী হোসেন ফকির আজ পুলিশ সদর দপ্তর থেকে অনলাইনে সারা দেশের পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে তিনি সম্প্রতি নাশকতার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের নির্দেশনা দেন। তবে গত আওয়ামী লীগ আমলের মতো গণগ্রেপ্তার না করার জন্য পুলিশ সুপারদের বলেছেন আইজিপি।

বিজ্ঞাপন

পড়ুন : সরকারি দপ্তরে ৫ লাখের বেশি শূন্যপদ পূরণে ৩ ধাপের পরিকল্পনা

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন