শরীয়তপুরের জাজিরায় পদ্মা নদী থেকে মাথা, দুই হাত ও দুই পা বিচ্ছিন্ন অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার পদ্মা সেতু দক্ষিণ থানাধীন পৈলান মোল্লারকান্দি এলাকার পদ্মা নদীর তীর থেকে খণ্ডিত এই মরদেহটি উদ্ধার করা হয়। নৃশংসভাবে শরীর থেকে অঙ্গপ্রত্যঙ্গ কেটে বিচ্ছিন্ন করা মরদেহটি উদ্ধারের ঘটনায় গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ভীতির সঞ্চার হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যার দিকে পদ্মা নদীতে জোয়ারের পানিতে শুধু একটি মানুষের ধড় ভাসতে দেখে আঁতকে ওঠেন স্থানীয় বাসিন্দারা। তাৎক্ষণিকভাবে বিষয়টি মাঝিরঘাট নৌ-পুলিশ ফাঁড়িতে জানানো হলে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নদী থেকে ভাসমান খণ্ডটি উদ্ধার করে তীরে নিয়ে আসে।
প্রাথমিক পর্যবেক্ষণ শেষে পুলিশ জানায়, উদ্ধার হওয়া মরদেহটি আনুমানিক একজন পুরুষের। তবে মাথা, দুই হাত ও দুই পা সম্পূর্ণ কেটে আলাদা করে ফেলায় এবং দীর্ঘ সময় পানিতে থেকে মরদেহটি অর্ধগলিত হয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় নিশ্চিত করা যায়নি। ধারণা করা হচ্ছে, পরিচয় গোপন ও হত্যার আলামত মুছে ফেলতে দুর্বৃত্তরা এভাবে খণ্ড-বিখণ্ড করে নদীতে ফেলে দিয়েছে।
মাঝিরঘাট নৌ-পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কংকন কুমার বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে পদ্মা নদীর তীর থেকে দেহাবশেষটি উদ্ধার করা হয়েছে। শুধু শরীরের মূল অংশ বা ধড়টি অক্ষত পাওয়া গেছে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পড়ুন : আগুন-ককটেল ঠেকাতে আইজিপির কড়া নির্দেশনা
সা/


