অবৈধ প্রবেশের উসকানিদাতা বাংলাদেশি তরুণসহ ৫০ জনকে গ্রিস থেকে ফেরত পাঠানো হলো

গ্রিসে অবৈধভাবে প্রবেশে উৎসাহিত করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও প্রকাশকারী ২৭ বছর বয়সী এক বাংলাদেশি তরুণকে দেশে ফেরত পাঠানো হয়েছে। একই ফ্লাইটে আরও ৫০ বাংলাদেশিকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে গ্রিস প্রশাসন। গ্রিসের সংবাদমাধ্যম ‘প্রোটো থেমা’র প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞাপন

গত জুনের শেষের দিকে গ্রিসের নাফপ্লিও শহরে ধারণ করা একটি ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশ করেন ওই তরুণ। ভিডিওটিতে তাকে দাবি করতে দেখা যায় যে, দেশটিতে প্রচুর কাজ রয়েছে এবং প্রয়োজনীয় কাগজপত্র বা বৈধ কাগজপত্র ছাড়াই দীর্ঘদিন বসবাস করলেও পুলিশ কোনো তল্লাশি বা নির্বাসনের ব্যবস্থা নেবে না। গ্রিসের অভিবাসন নীতি নিয়ে ভুল বার্তা দেওয়া এবং মানবপাচারকারী চক্রগুলোকে উৎসাহিত করতে পারে—এমন ওই ভিডিওটি গ্রিসের অভিবাসন ও আশ্রয়বিষয়ক মন্ত্রী থানোস প্লেভরিসের নজরে আসার পরই প্রশাসন কঠোর অবস্থান নেয়।

হেলেনিক পুলিশ তাকে শনাক্ত করে মামলা দায়ের করার পর গত ২৬ জুন আনুষ্ঠানিকভাবে তার বসবাসের অনুমতি (রেসিডেন্স পারমিট) বাতিল ও বহিষ্কারের নির্দেশ দেন অভিবাসন মন্ত্রী।

প্রতিবেদনে বলা হয়, অভিবাসন খাতে সক্রিয় একটি বেসরকারি সংস্থা (এনজিও)-র আইনজীবীরা শেষ মুহূর্ত পর্যন্ত তাকে গ্রিসে রাখার আইনি লড়াই চালিয়ে যান। ওই তরুণ পরপর তিনটি আন্তর্জাতিক আশ্রয়ের (অ্যাসাইলাম) আবেদন করলেও কর্তৃপক্ষ প্রতিবারই তা প্রত্যাখ্যান করে। একের পর এক আবেদন জমা দিয়ে আইনি প্রক্রিয়ায় বিলম্ব ঘটানোর অপচেষ্টা হলেও প্রশাসনিক ও আইনি প্রক্রিয়া সফলভাবে শেষ করে প্রশাসন।

অবশেষে এথেন্স থেকে একটি চার্টার্ড ফ্লাইটের মাধ্যমে ওই তরুণসহ মোট ৫০ জন বাংলাদেশিকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়। গ্রিসের অভিবাসন ও আশ্রয়মন্ত্রী থানোস প্লেভরিস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে বাংলাদেশ ও পাকিস্তানের নাগরিকদের নিয়ে পরিচালিত এই বিশেষ চার্টার্ড ফ্লাইটের মাধ্যমে প্রত্যাবাসন নিশ্চিত করার বিষয়টি জানান। তিনি উল্লেখ করেন, আইনি শর্ত পূরণ না হলে কাউকে অবস্থান করতে না দেওয়ার নীতির এটি একটি উৎকৃষ্ট উদাহরণ এবং ওই তরুণের কর্মকাণ্ড অপরাধী চক্রকে সহায়তা করছিল।

গ্রিক গণমাধ্যমের তথ্যমতে, ২০২৬ সালের প্রথমার্ধে গ্রিস থেকে মোট ২,৬৩৮ জন অভিবাসীকে ফেরত পাঠানো হয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ২০ শতাংশ বেশি। এর মধ্যে জোরপূর্বক বা বাধ্যতামূলকভাবে ফেরত পাঠানোর হার বেড়েছে ৪১ শতাংশ। অবৈধ প্রবেশ রোধে দেশটির আইনি কাঠামো আরও কঠোর করার পাশাপাশি মূল দেশগুলোর সঙ্গে প্রত্যাবর্তন সংক্রান্ত দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার করা হচ্ছে।

পড়ুন : আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের প্রেস ব্রিফিং কেন বেআইনি নয়: হাইকোর্ট

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন