প্রতারণায় সর্বস্ব হারানো দৃষ্টি প্রতিবন্ধী পারেচার পাশে প্রবাসী জাহাঙ্গীর

মেহেরপুরের গাংনীতে ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাসে প্রতারক চক্রের খপ্পরে পড়ে প্রায় ১৩ হাজার টাকা হারানো দৃষ্টি প্রতিবন্ধী পারেচা খাতুনের পাশে দাঁড়িয়েছেন প্রবাসী জাহাঙ্গীর আলম। মানবিক সহায়তা হিসেবে তিনি পারেচা খাতুনকে ৬ হাজার টাকা প্রদান করেছেন।

বিভিন্ন গণমাধ্যমে পারেচা খাতুনের প্রতারণার শিকার হওয়ার খবর প্রকাশিত হলে বিষয়টি নজরে আসে কাজিপুর গ্রামের খন্দকার পাড়ার মৃত লুৎফর রহমানের ছেলে প্রবাসী জাহাঙ্গীর আলমের। পরে তিনি পারেচা খাতুনের জন্য ৬ হাজার টাকা সহায়তা পাঠান। জাহাঙ্গীর আলমের পক্ষ থেকে দৈনিক খবরের কাগজের মেহেরপুর প্রতিনিধি তারেক হোসেন ও নাগরিক টিভির মেহেরপুর প্রতিনিধি রাব্বি আহমেদ ওই অর্থ পারেচা খাতুনের হাতে পৌঁছে দেন।

পারেচা খাতুন গাংনী উপজেলার ভবানীপুর গ্রামের বাসিন্দা। তিনি বুদ্ধিপ্রতিবন্ধী শাহিন আলীর স্ত্রী। তাঁর স্বামী ও দুই সন্তানও প্রতিবন্ধী হওয়ায় পরিবারটি দীর্ঘদিন ধরে নানা প্রতিকূলতার মধ্য দিয়ে জীবনযাপন করছে।

পারেচা খাতুনের অভিযোগ, গত ৯ নভেম্বর বিকেল ৩টা ৩২ মিনিট থেকে ৫টা ১০ মিনিটের মধ্যে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি তাঁকে ফোন করেন। তাঁর ছেলে পারভেজের নামে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে এবং কার্ডের টাকা পাওয়ার প্রক্রিয়া সম্পন্ন করার অজুহাতে মোবাইলে আসা ওটিপি নম্বর জানতে চান। সরল বিশ্বাসে ওই ব্যক্তির কথামতো ওটিপি নম্বর দেওয়ার পর তাঁর বিকাশ অ্যাকাউন্ট থেকে তিন দফায় মোট ১২ হাজার ৮৯৯ টাকা হাতিয়ে নেওয়া হয়।

অভিযোগে তিনি উল্লেখ করেন, তাঁর ব্যবহৃত ০১৭২৯১৮৯৩৯২ নম্বরের বিকাশ অ্যাকাউন্ট থেকে ০১৬২৫৫৭৯৪৯৯ নম্বরে তিন দফায় সেন্ড মানির মাধ্যমে টাকা নিয়ে নেওয়া হয়েছে। এ ঘটনায় তিনি গাংনী থানায় লিখিত অভিযোগ করেছেন।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, এ বিষয়ে ভুক্তভোগী পারেচা খাতুন লিখিত অভিযোগ করেছেন। বিষয়টি আইনগত প্রক্রিয়াধীন রয়েছে।

বুদ্ধিপ্রতিবন্ধী স্বামী ও দুই দৃষ্টিপ্রতিবন্ধী সন্তানকে নিয়ে জীবনসংগ্রাম করা পারেচা খাতুনের কাছে ওই ১২ হাজার ৮৯৯ টাকা ছিল অনেক বড় সম্বল। প্রতারণার মাধ্যমে সেই অর্থ হারিয়ে পরিবারটি চরম বিপাকে পড়ে। এমন পরিস্থিতিতে প্রবাসী জাহাঙ্গীর আলমের পাঠানো ৬ হাজার টাকা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি।

এ সময় পারেচা খাতুন প্রবাসী জাহাঙ্গীর আলম ও তাঁর পরিবারের সদস্যদের জন্য দোয়া করেন এবং তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

প্রবাসী জাহাঙ্গীর আলম বলেন, পারেচা খাতুন দৃষ্টি প্রতিবন্ধী, তাঁর স্বামী বুদ্ধিপ্রতিবন্ধী ও দুই দৃষ্টিপ্রতিবন্ধী সন্তানকে নিয়ে অসহায়ত্বের মধ্যে থাকেন তিনি। এমন অবস্থায় প্রায় ১৩ হাজার টাকা প্রতারিত হয়েছেন। আমি আমার অবস্থান থেকে কিছু সহায়তার চেষ্টা করেছি। এতে তাদের কিছুটা হলেও কষ্ট লাঘব হবে।

মানবিক এই সহায়তা অসহায় পরিবারটির দুঃসময়ে কিছুটা হলেও স্বস্তি এনে দিয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : সিরাজগঞ্জে ৫০ একর জমিতে ধান কাটার উদ্বোধন করলেন জেলা প্রশাসক

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন