কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে বরগুনায়। আজ বুধবার (১১ নভেম্বর) অজ্ঞাত স্থানে গোপন এই কর্মসূচি পালন করা হয় বলে ছবি ও পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরে।
সূত্রে জানা যায়, নিষিদ্ধ ঘোষিত এই সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে নেতৃত্ব দেন জেলা যুবলীগের সদস্য রাজিব হাওলাদার এবং জেলা যুবলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জহির মোল্লা। এছাড়া এতে সদর উপজেলা যুবলীগ ও বিভিন্ন ইউনিয়ন যুবলীগের সভাপতি-সাধারণ সম্পাদকসহ বেশ কিছু নেতাকর্মী অংশ নেন।
৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগ এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করে। এর পরও এমন কার্যক্রম পরিচালনার বিষয়ে স্থানীয় প্রশাসনের নজরদারি ও আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে।
এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদৎ মোঃ হাচনাইন পারভেজ জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও তথ্য যাচাই করে কর্মসূচিতে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে। পাওয়া গেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
পড়ুন : সিরাজগঞ্জে ৫০ একর জমিতে ধান কাটার উদ্বোধন করলেন জেলা প্রশাসক


