খেলার ছলে মৃত্যুফাঁদে পাঁচ বছরের সাঈম, খোলা ট্যাংকে পড়ে মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে ভবনের খোলা ও ঢাকনাবিহীন সেপটিক ট্যাংকে পড়ে সাঈম (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। পরিবারের অভিযোগ, ভবনমালিকের অবহেলা ও অসতর্কতার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। দীর্ঘদিন ধরে সেপটিক ট্যাংকের ঢাকনা খোলা রাখা এবং ভবনের পাশে ময়লা পানি ফেলার কারণে স্থানটি পিচ্ছিল হয়ে পড়েছিল। এ ঘটনায় শিশুটির পরিবার ও স্বজনদের মধ্যে শোকের পাশাপাশি ক্ষোভের সৃষ্টি হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের গোলাম রহমান চৌধুরী বাড়ির পাশে সাদেক নগর আত্-তাকওয়া মাদ্রাসার সুপার মাওলানা শামশুদ্দীনের ভবনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাঈম ওই এলাকার মো. আখতারের ছেলে। তার বাবা কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় ভবনের দুই ভাড়াটিয়ার শিশুর সঙ্গে প্রতিবেশী সাঈম খেলাধুলা করছিল। একপর্যায়ে অসাবধানতাবশত সে ভবনের পাশে থাকা খোলা সেপটিক ট্যাংকে পড়ে যায়। পরে তার চাচা হেলাল ও ফারুক তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

ভবনের এক নারী ভাড়াটিয়া জানান, ভাড়াটিয়াদের দুই শিশুর সঙ্গে প্রতিবেশী শিশু সাঈম খেলছিল। খেলার একপর্যায়ে অসাবধানতাবশত সে খোলা সেপটিক ট্যাংকে পড়ে যায়। পরে শিশুটির চাচারা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। কিন্তু পথেই তার মৃত্যু হয়।

নিহত শিশুর চাচা হেলাল অভিযোগ করে বলেন, মাদ্রাসার সুপার মাওলানা শামশুদ্দিন দীর্ঘদিন ধরে ভবনের পাশে ময়লা-আবর্জনাযুক্ত পানি ফেলে আসছিলেন। এতে জায়গাটি অত্যন্ত পিচ্ছিল হয়ে পড়েছিল। পাশাপাশি সেপটিক ট্যাংকের ঢাকনাগুলোও প্রায় সময় খোলা রাখা হতো। আজ খেলতে গিয়ে আমার ভাতিজা ওই ঢাকনাবিহীন ট্যাংকে পড়ে মারা গেছে। সামান্য অসতর্কতার কারণে একটি শিশুর প্রাণ চলে গেল। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

এ বিষয়ে জানতে চাইলে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, এ মুহূর্তে আপনার কাছ থেকেই ঘটনাটি জানতে পেরেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে। বিস্তারিত জেনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন

পড়ুন : যশোরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা, ঘাতক আটক

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন