বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বকে বিশ্বনেতারা ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বা রূপান্তরমূলক হিসেবে মূল্যায়ন করছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। বুধবার (১১ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১-এর বাংলাদেশ প্যাভিলিয়নে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, কপ৩১-এর বিশ্বনেতা সম্মেলনের উদ্বোধনী অধিবেশন ও প্লেনারি সেশনে অংশ নেওয়ার পাশাপাশি দিনভর বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে বৈঠক ও সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী। এসব আলোচনায় বাংলাদেশের ১৮ থেকে ২০ কোটি মানুষের নেতৃত্বে তারেক রহমানের ভূমিকা এবং গণতান্ত্রিক ম্যান্ডেটকে আন্তর্জাতিক মহল গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে বলে উঠে আসে।
সম্মেলনের ফাঁকে উজবেকিস্তানের প্রেসিডেন্ট ও চীনের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে পৃথক দুটি দ্বিপক্ষীয় বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
চীন: চীনের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে আলোচনায় জ্বালানি খাতে ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) স্থাপন, ভারী শিল্প, অবকাঠামো উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে চীনা বিনিয়োগ বাড়ানোর বিষয়ে কথা হয়। এ ছাড়া বাংলাদেশ, চীন ও মিয়ানমারকে যুক্ত করে আঞ্চলিক অর্থনৈতিক করিডর গড়ে তোলা এবং রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে চীনের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। এ প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধানে শুধু দ্বিপক্ষীয় বা বহুপক্ষীয় উদ্যোগ যথেষ্ট নয়; এর জন্য সমন্বিত আন্তর্জাতিক প্রচেষ্টা প্রয়োজন।
উজবেকিস্তান: উজবেকিস্তানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে সরাসরি বিমান চলাচল চালু, ভিসা প্রক্রিয়া সহজ করা এবং অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়। বৈঠকে প্রধানমন্ত্রীকে উজবেকিস্তান সফরের আমন্ত্রণ জানানো হলে তিনি আগামী বছরের কোনো এক সময়ে সফরের বিষয়ে আশ্বস্ত করেন।
দিনভর প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ব্রাজিল, মালদ্বীপ, ইরান, সিরিয়া ও সোমালিয়ার প্রেসিডেন্ট; মলদোভার প্রধানমন্ত্রী; পাকিস্তান ও কুয়েতের প্রধানমন্ত্রী; ওআইসির মহাসচিব; লন্ডনের মেয়র এবং জিরো ওয়েস্ট ফাউন্ডেশনের প্রেসিডেন্ট।
এসব সাক্ষাতে বিশ্বনেতারা বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের জন্য প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান এবং দ্বিপক্ষীয় সম্পর্ক গভীর করার আগ্রহ প্রকাশ করেন। আলোচনায় ব্রাজিলের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী এবং মালদ্বীপের প্রেসিডেন্টও অদূর ভবিষ্যতে বাংলাদেশ সফরের আগ্রহ দেখান। অন্যদিকে সিরিয়ার প্রেসিডেন্ট তার দেশের পুনর্গঠন কার্যক্রমে বাংলাদেশের সহযোগিতা, বিনিয়োগ ও দক্ষ জনশক্তির বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।
এ ছাড়া পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে আঞ্চলিক স্থিতিশীলতা ও মধ্যপ্রাচ্য পরিস্থিতি, কুয়েতের প্রধানমন্ত্রীর সঙ্গে বিনিয়োগ ও অর্থনৈতিক অংশীদারত্ব এবং ওআইসির মহাসচিবের সঙ্গে বৈঠকে ফিলিস্তিন সংকটের দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের প্রতি বাংলাদেশের অব্যাহত সমর্থনের বিষয়টি উঠে আসে। দীর্ঘ সময় লন্ডনে অবস্থান করার সূত্রে লন্ডনের মেয়রও প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
এর আগে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠককে অত্যন্ত ফলপ্রসূ উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, মুসলিম বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের দীর্ঘদিনের অভিজ্ঞতা কাজে লাগানোর সুযোগ তৈরি হলে জাতীয় স্বার্থ বিবেচনায় বাংলাদেশ তা ইতিবাচকভাবে দেখবে।
এদিকে কপ৩১-এর একটি পার্শ্ব-আয়োজনে অংশ নিয়ে জিরো ওয়েস্ট ব্যবস্থাপনা নিয়ে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। তিনি বর্জ্যকে সম্পদ ও জ্বালানিতে রূপান্তরের ক্ষেত্রে বাংলাদেশ সরকারের নীতিগত উদ্যোগ তুলে ধরেন এবং এ খাতে প্রযুক্তিগত সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, বৃহস্পতিবার কপ৩১-এর সম্মেলনে জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় বাংলাদেশের অবস্থান ও অগ্রাধিকারগুলো তুলে ধরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী এবং উপপ্রেস সচিব হাসান শিপলু উপস্থিত ছিলেন।
পড়ুন : পাবনা-ঢাকা রুটে দুই নতুন আন্তঃনগর ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু
সা/


