সৌদি আরবের রিয়াদ ও দাম্মাম বিমানবন্দরে আরোপিত বিধিনিষেধের কারণে বাংলাদেশগামী ও বাংলাদেশ থেকে ছেড়ে যাওয়া ফ্লাইট চলাচলে বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ১০ অক্টোবর থেকে বুধবার (১১ নভেম্বর) পর্যন্ত মোট ১৮৯টি ফ্লাইট বাতিল ও কার্যক্রম ব্যাহত হয়েছে। এতে চরম ভোগান্তি ও অনিশ্চয়তায় পড়েছেন ২৩ হাজার ২৭৪ জন যাত্রী।
বেবিচক সূত্রে জানা গেছে, ক্ষতিগ্রস্ত হওয়া ১৮৯টি ফ্লাইটের মধ্যে ১১২টি সরাসরি এবং ৭৭টি ট্রানজিট ফ্লাইট। সরাসরি ফ্লাইটগুলোর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। সংস্থাটির ৫৫টি ফ্লাইটে বিঘ্ন ঘটেছে। এ ছাড়া সরাসরি ফ্লাইটের তালিকায় রিয়াদ এয়ারওয়েজের ২৫টি, সৌদিয়ার ২২টি এবং ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি ফ্লাইট বাতিল হয়েছে।
অন্যদিকে, বিভিন্ন গন্তব্যে ট্রানজিট নিয়ে রিয়াদ ও দাম্মামগামী ৭৭টি ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটেছে। স্ব-স্ব দেশ থেকে ফ্লাইট বাতিলের কারণে ঢাকা থেকে এসব এয়ারলাইনস যাত্রী বহন করতে পারেনি। ট্রানজিট ফ্লাইটগুলোর মধ্যে ইন্ডিগোর ৩০টি, এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাই দুবাই ও এয়ার ইন্ডিয়ার ৮টি করে, সালাম এয়ারের ৭টি এবং ইজিপ্ট এয়ারের একটি ফ্লাইট প্রভাবিত হয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি হুথিদের হামলার পর রিয়াদ বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয় এবং দাম্মামেও হামলার ঘটনা ঘটে। এই ঘটনার প্রেক্ষিতে প্রথমে ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মামে ফ্লাইট বন্ধ রেখেছিল বিমান বাংলাদেশ এয়ারলাইনস, যা পরবর্তীতে আরও বাড়ানো হয়।
বর্তমান পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত যাত্রীদের দুর্ভোগ কমাতে এবং ফ্লাইট পরিচালনা স্বাভাবিক করতে কাজ করছে বেবিচক। সংস্থাটি পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের পাশাপাশি সংশ্লিষ্ট এয়ারলাইনসগুলোর সঙ্গে সমন্বয় করে ফ্লাইটের সময়সূচি পুনর্নির্ধারণের উদ্যোগ নিয়েছে। তবে সৌদি আরবের বিমানবন্দরগুলোতে বিধিনিষেধের কারণে সৃষ্ট এই পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে কত সময় লাগবে, সে বিষয়ে এখনো নির্দিষ্ট কোনো তথ্য জানানো হয়নি।
পড়ুন : এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রল বোমা হামলা ও আগুন
সা/


