নীলফামারী সদর উপজেলার টুপামারী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের ইউনিয়ন সভাপতি মাহমুদুল হাসান মাসুমকে (৪২) গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মাহমুদুল হাসান মাসুম সদর উপজেলার টুপামারী ইউনিয়নের দুহুলী পাড়া গ্রামের আবুল কালামের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, নীলফামারী সদর উপজেলার রামগঞ্জ এলাকায় কৃষক সিদ্দিক আলী হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। মামলায় বলা হয়, ২০১৩ সালের ১৪ ডিসেম্বর সিদ্দিক আলী রামগঞ্জহাটে কেনাকাটা করতে গেলে আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলার মধ্যে পড়ে যান। এ সময় সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরকে বহনকারী গাড়িচাপায় তিনি নিহত হন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
আওয়ামী লীগ সরকারের সময় এই ঘটনায় মামলা করতে দেওয়া হয়নি। পরে অভ্যুত্থানের পর নিহতের ছেলে লিটন রহমান বাদী হয়ে ২০২৪ সালের ২২ অক্টোবর মামলা দায়ের করেন। মামলায় সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর, জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজুল হকসহ ২০২ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাত আরও এক হাজার থেকে এক হাজার ২০০ জনকে আসামি করা হয়। সেই মামলায় মাহমুদুল হাসান এজাহার নামীয় আসামি।
এ বিষয়ে নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, তিনি কৃষক সিদ্দিক হত্যা মামলার একজন এজাহার নামীয় আসামী। তাকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।
পড়ুন:দিনাজপুরে বোচাগঞ্জে ইউনিয়ন ফেডারেশনের সমন্বয় সভা অনুষ্ঠিত
ইমি/


