নেত্রকোনায় হিজবুত তাওহীদের কার্যক্রম বন্ধের দাবি, প্রশাসনের প্রতি হুঁশিয়ারি

ইসলামের মৌলিক স্তম্ভকে অস্বীকার এবং সাধারণ মানুষের ধর্মীয় অনুভূতিকে পুঁজি করে সমাজে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ উঠেছে আলোচিত-সমালোচিত সংগঠন ‘হিজবুত তাওহীদ’-এর বিরুদ্ধে। বিশেষ করে শহরের পাড়া-মহল্লায় ও বাসাবাড়িতে গিয়ে নারী ও সরল প্রাণ মানুষকে কৌশলে ঈমান-বিধ্বংসী মতবাদে দীক্ষিত করার চেষ্টার প্রতিবাদে ফুঁসে উঠেছে নেত্রকোনার সচেতন মহল ও আলেম সমাজ। বিতর্কিত এই সংগঠনটিকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করা এবং নেত্রকোনায় তাদের সব ধরনের কার্যক্রম বন্ধের দাবিতে শহরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সামনের প্রধান সড়কে ‘তৌহিদী জনতা’র ব্যানারে ঘণ্টাব্যাপী কর্মসূচি পালিত হয়। হাতে ব্যানার-ফেস্টুন নিয়ে শহরের বিভিন্ন মসজিদের ইমাম, খতিব, মাদ্রাসা শিক্ষক, শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ এতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। মানববন্ধন চলাকালে বক্তাদের ক্ষোভ ও উদ্বেগের মধ্য দিয়ে একটিই দাবি সামনে আসে- সামাজিক ও ধর্মীয় সম্প্রীতি রক্ষায় অবিলম্বে এই সংগঠনের অপতৎপরতা রুখে দেওয়া।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, যুগ যুগ ধরে পবিত্র কুরআন ও হাদিসের আলোকে এ দেশের মানুষ যে শান্তির ধর্ম ইসলাম পালন করে আসছে, হিজবুত তাওহীদ তার মূলে আঘাত হানছে। বক্তাদের দাবি, সংগঠনটি ইসলামের প্রধান ভিত্তি নামাজ, রোজা, হজ ও জাকাতকে প্রচলিত নিয়মে স্বীকার করে না এবং তাদের সংগঠনে যোগ না দেওয়া পর্যন্ত মূলধারার সকল মুসলমানকে ‘কাফের’ বা অমুসলিম হিসেবে আখ্যা দেয়। ধর্মের প্রকৃত শিক্ষা আড়াল করে তারা সাধারণ মানুষকে আলেম-ওলামাদের থেকে বিচ্ছিন্ন করার সূক্ষ্ম ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।

বক্তারা আরও জানান, সম্প্রতি নেত্রকোনায় গোপনে এই সংগঠনের সদস্যরা তৎপরতা শুরু করেছে। বিশেষ করে তাদের নারী কর্মীদের মাধ্যমে বাড়ি বাড়ি গিয়ে সমাজের সরলমনা মা-বোনদের ইসলামের কথা বলে এই ভ্রান্ত মতবাদের দিকে প্ররোচিত করা হচ্ছে।

সমাবেশে নাগড়া উত্তরপাড়া জামে মসজিদের খতিব মাওলানা আহমদ মাসুম বিল্লাহ তাকী সংগঠনটির ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে বলেন, ১৯২৫ সালে টাঙ্গাইলের করটিয়ার জমিদার পরিবারে জন্ম নেওয়া বায়েজিদ খান পন্নী কলকাতায় থাকাকালীন লাহোরভিত্তিক বিতর্কিত ‘খাকসার আন্দোলন’-এ যুক্ত হন এবং এই অঞ্চলের কমান্ডার নিযুক্ত হন। ১৯৪৭ সালের দেশভাগের পর সেই আন্দোলন বিলুপ্ত হলেও পন্নী তার সেই বিতর্কিত চিন্তাভাবনা ছাড়তে পারেননি। পরবর্তীতে হোমিও চিকিৎসার আড়ালে নিজের মনগড়া মতাদর্শ প্রচার শুরু করেন এবং ১৯৯৫ সালের ১৫ ফেব্রুয়ারি ‘হিজবুত তাওহীদ’ নামে সংগঠনটি প্রতিষ্ঠা করেন।

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ নেত্রকোনা জেলা শাখার সহ-সভাপতি এ বি এম আব্দুল হাদী ফরাজী বলেন, বায়েজিদ খান পন্নী নিজেকে ‘যামানার ইমাম’ দাবি করে এমন মতবাদ তৈরি করেছেন, যা বিশ্বের ৯৫ শতাংশ সাধারণ মুসলমান জানেনই না। রাষ্ট্রের সর্বস্তরের মানুষ যেখানে নামাজ-রোজায় অভ্যস্ত, সেখানে এই সংগঠনটি সবাইকে অমুসলিম আখ্যা দিচ্ছে। ইতোমধ্যে জাতীয় পর্যায়ের শীর্ষ আলেমরা তাদের প্রকাশিত বইপত্র থেকে সকল ভ্রান্ত মতবাদের প্রমাণাদি সংগ্রহ করে সরকারের কাছে জমা দিয়েছেন। তিনি জানান, সংগঠনটির অপতৎপরতা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে শীঘ্রই শহরে লিফলেট বিতরণ এবং বিশিষ্ট নাগরিকদের নিয়ে সচেতনতামূলক সেমিনার আয়োজন করা হবে।

জমিয়তে উলামায়ে ইসলামের জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা মো. ইউনুস স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, কয়েকদিন আগে সংগঠনটি গোপনে নেত্রকোনায় একটি বৈঠক করেছে বলে জানা গেছে। তিনি স্থানীয় সংসদ সদস্য ডা. আনোয়ারুল হোসেন, জেলা প্রশাসক (ডিসি) এবং পুলিশ সুপারের (এসপি) প্রতি আহ্বান জানিয়ে বলেন, ভবিষ্যতে নেত্রকোনা জেলায় হিজবুত তাওহীদকে কোনো ধরনের সভা-সমাবেশ বা কর্মসূচি পালনের অনুমতি দেওয়া যাবে না। প্রশাসন যদি তাদের অনুমতি দেয় এবং তৌহিদী জনতা তা প্রতিহত করতে গেলে আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো অবনতি ঘটে, তবে এর সম্পূর্ণ দায়ভার প্রশাসনকেই নিতে হবে।

বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলানা গাজী মুহাম্মাদ আব্দুর রহীম রুহী বলেন, সাম্প্রদায়িক ও ধর্মীয় বিভেদ সৃষ্টির মাধ্যমে এই গোষ্ঠীটি মূলত দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীদের এজেন্ডা বাস্তবায়ন করছে। তিনি বর্তমান সরকারের কাছে অবিলম্বে আইনগত পদক্ষেপ নিয়ে সংগঠনটিকে নিষিদ্ধ করার জোর দাবি জানান।

জমিয়তে উলামায়ে ইসলামের জেলা সাংগঠনিক সম্পাদক হাফেজ আবুল কাশেম বলেন, অন্য যেকোনো ধর্মের মানুষ তাদের নিজস্ব ধর্মীয় আচার বা সেমিনার করলে কারো কোনো আপত্তি নেই। ইসলামের নাম ব্যবহার করে ইসলাম ও নবী-রাসূলদের আদর্শকে অস্বীকার করা মূলত ধর্মের সাথে প্রতারণা ও রাষ্ট্রদ্রোহিতার শামিল। নেত্রকোনাসহ সারা দেশে এই গোষ্ঠীর কোনো কার্যক্রম চলতে দেওয়া হবে না।

মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ম. কিবরিয়া চৌধুরী হেলিম। তিনি বলেন, অনেক মানুষই না জেনে এবং সংগঠনটির মূল উদ্দেশ্য ও বইপত্রের ঈমান-বিধ্বংসী লেখাগুলো না বুঝে তাদের সাথে জড়িয়ে পড়ছেন। যারা না বুঝে ইতোমধ্যে সংগঠনটির সাথে সংশ্লিষ্ট হয়েছেন, তাদেরকে ইসলামের প্রকৃত চেতনা ও আকিদা অনুধাবন করে দ্রুত ভ্রান্ত পথ থেকে ফিরে আসার আহ্বান জানান তিনি।

ঘণ্টাব্যাপী মানববন্ধনে আরও বক্তব্য রাখেন নেত্রকোনা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা নুরুল আলম মঞ্জুরী, জমিয়তে উলামায়ে ইসলামের জেলা সাধারণ সম্পাদক ও হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতা মাওলানা মফিজুর রহমান, জেলা যুব জমিয়ত সভাপতি মাওলানা ইব্রাহিম খলিল হাবিবি এবং ছোট বাজার জামে মসজিদের ইমাম মাওলানা আসাদুজ্জামান আকন্দ প্রমুখ।

সমাবেশ শেষে বক্তারা সামাজিক শৃঙ্খলা ও ধর্মীয় পবিত্রতা রক্ষায় দল-মত নির্বিশেষে সকল নাগরিককে নিজ নিজ পরিবার ও আশপাশের মানুষকে এ ধরনের ভ্রান্ত চক্রান্ত থেকে সজাগ রাখার আহ্বান জানান।

বিজ্ঞাপন

পড়ুন : সিরাজগঞ্জে পাস্তা কারখানায় ভোক্তা অধিদপ্তরের অভিযান, মালিককে জরিমানা

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন