হাওর বেষ্টিত শান্ত জনপদ নেত্রকোনার খালিয়াজুরীতে রাজনৈতিক কার্যালয়ে অগ্নিসংযোগ, সড়ক অবরোধ এবং জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। নেত্রকোনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য সাজ্জাদুল হাসান এবং খালিয়াজুরী উপজেলা আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দসহ ১২১ জনের নাম উল্লেখ করে এবং আরও ১০০ থেকে ১২০ জনকে অজ্ঞাতনামা আসামি করে সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। এ ঘটনায় এজাহারভুক্ত দুই আসামিকে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ।
খালিয়াজুরী সদর এলাকার বাসিন্দা মো. খালেক মিয়ার পুত্র মুসলিম মিয়া (৪৮) বাদী হয়ে খালিয়াজুরী থানায় লিখিত অভিযোগটি দায়ের করেন। দলীয় ফোরামে আলোচনা এবং ঊর্ধ্বতন নেতৃবৃন্দের অনুমতিক্রমে অভিযোগ দায়েরের পর বৃহস্পতিবার (১২ নভেম্বর)) মামলাটি আনুষ্ঠানিকভাবে নথিভুক্ত (এফআইআর) করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৮ ও ৯ নভেম্বর খালিয়াজুরী উপজেলার দুটি ভিন্ন স্থানে নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগ আনা হয়েছে।
প্রথম ঘটনাটি ঘটে গত ৮ নভেম্বর রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে। এজাহারে উল্লেখ করা হয়, খালিয়াজুরী থানার ৫ নম্বর কৃষ্ণপুর ইউনিয়নের কল্যাণপুর বাজারে অবস্থিত বিএনপির অস্থায়ী কার্যালয়ে একদল লোক সমবেত হয়ে ‘আপা আসবে দেশ হাসবে’- এ জাতীয় বিভিন্ন সরকারবিরোধী স্লোগান দিতে থাকে। একপর্যায়ে তারা জনমনে আতঙ্ক সৃষ্টি করে বিএনপির ওই অস্থায়ী কার্যালয়ে আগুন ধরিয়ে দেয়। আগুনে কার্যালয়ের বাইরে টানানো প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি সংবলিত ব্যানার পুড়ে ছাই হয়ে যায়। এ সময় বাদী মুসলিম মিয়াসহ স্থানীয় বিএনপি সমর্থিত নেতাকর্মীরা এগিয়ে এসে ধাওয়া দিলে অভিযুক্তরা ঘটনাস্থল ত্যাগ করে।
দ্বিতীয় ঘটনাটি ঘটে এর পরদিন ৯ নভেম্বর বিকেল আনুমানিক সাড়ে ৪টার দিকে। অভিযোগে বলা হয়, মামলার ১ থেকে ৭ নম্বর আসামির হুকুমে ও আর্থিক সহায়তায় মেন্দিপুর ইউনিয়নের জগন্নাথপুর (বিরবিল্লাহ) গ্রামে আসামি লোকমান হেকিমের বাংলা বাড়ির সামনের পাকা রাস্তায় পুনরায় জড়ো হয় অভিযুক্তরা। সেখানে তারা ‘আপা আসবে দেশ হাসবে’ ও ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মিছিল বের করে এবং রাস্তায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধের মাধ্যমে নাশকতা ও জনমনে ভীতি সৃষ্টির চেষ্টা চালায়। স্থানীয় লোকজন একত্রিত হয়ে ধাওয়া দিলে তারা পালিয়ে যায় এবং যাওয়ার সময় রাস্তার ওপর কিছু পেট্রোলের বোতল ফেলে রেখে যায় বলে এজাহারে দাবি করা হয়েছে। দেশকে অস্থিতিশীল করা এবং সরকারি স্থাপনায় হামলার প্রচেষ্টার অভিযোগও তোলা হয়েছে এই এজাহারে।
মামলায় ১২১ জন নামীয় আসামির মধ্যে খালিয়াজুরী ছাড়াও পার্শ্ববর্তী মোহনগঞ্জ ও মদন এবং কিশোরগঞ্জের ইটনা থানার বাসিন্দা রয়েছেন।
উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন- শীর্ষ রাজনৈতিক ব্যক্তিত্ব ১ নম্বর আসামি সাবেক সংসদ সদস্য সাজ্জাদুল হাসান (৬৫), ২ নম্বর আসামি খালিয়াজুরী উপজেলা আওয়ামী লীগের সভাপতি অজিত বরণ সরকার (৫৫) এবং ৩ নম্বর আসামি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেকুর রহমান সাদেক (৫২)।
প্রধান হুকুম ও অর্থদাতা হিসেবে অভিযুক্ত অন্যান্য আসামি হলেন- সুয়েব সিদ্দিকি (৫২), ছানোয়ারুজ্জামান জুসেফ (৫৫), গোলাম আবু ইছহাক (৫০) এবং এরশাদ মিয়া (৩৮)।
অন্যান্য উল্লেখযোগ্য নামীয় আসামি রহমত আলী (৬০), আবু হাকিম (৫০), লোকমান হেকিম (৫০), আবুল কালাম আজাদ (৫০), রেজাউল কবির (৪৫), নাজিম উদ্দিন সরকার (৫৮), শফিকুর ইসলাম (৪৫), প্রান্তর মিয়া (২৭), আবুল কাসেম মুন্সি (৫০), রুবেল সরকার (৩৪), সাখাওয়াত সরকার প্রিন্স (২৫), হারিছুল হক হারিছ (৪২), নজরুল ইসলাম কাজল (৪৬), আব্দুস সালাম সরকার শুভ (৩৫), সবিনয় তালুকদার (৩৮), পারভেজ চৌধুরী (৪০), নবাব চৌধুরী (৬০), মজিবুর মেম্বার (৪৫), মোঃ কবির মিয়া (৩৫) এবং পার্শ্ববর্তী মদন থানার আব্দুল হান্নান শামীম (৬০), রুয়েল সিদ্দিকী (৫০), লিটন বাঙালী (৫০) ও কিশোরগঞ্জের ইটনা থানার নাজির মিয়া (৩৪) প্রমুখ।
এ ছাড়া এজাহারে কল্যাণপুর, কুতুবপুর ও জগন্নাথপুর এলাকার ১২ জন স্থানীয় বাসিন্দাকে ঘটনার প্রত্যক্ষদর্শী সাক্ষী হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
মামলা রুজু ও পরবর্তী আইনগত পদক্ষেপের বিষয়ে খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন জানান, বাদীর লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় মামলাটি রুজু করা হয়েছে।
ওসি আরও নিশ্চিত করেন, এই মামলার এজাহারভুক্ত দুজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন মো. কবির মিয়া (৩৫) এবং সবিনয় তালুকদার (৩৮)। এদের মধ্যে কবির মিয়াকে আগেই আটক করা হয়েছিল এবং আজ নতুন করে সবিনয় তালুকদারকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত দুই আসামিকেই জেলা আদালতে সোপর্দ করা হবে এবং মামলার অপর আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে থানা সূত্রে জানানো হয়েছে।
পড়ুন : সুবর্ণচরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তিন কিশোর নিহত


