এক রাতে নেত্রকোনার ৯ উপজেলায় ২৯ আ.লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মী গ্রেপ্তার

সীমান্তবর্তী পাহাড়ি জনপদ দুর্গাপুর থেকে শুরু করে হাওরাঞ্চল খালিয়াজুরী- নেত্রকোনার দশটি উপজেলার মধ্যে নয়টিতেই গত ২৪ ঘণ্টায় বয়ে গেছে পুলিশের বিশেষ অভিযানের তোড়জোড়। নাশকতা, বিশেষ ক্ষমতা আইন এবং সন্ত্রাসবিরোধী আইনের বিভিন্ন মামলায় মাত্র এক দিনের ব্যবধানে জেলাজুড়ে গ্রেপ্তার হয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের ২৯ জন নেতাকর্মী। আটককৃতদের তালিকায় যেমন রয়েছেন সাধারণ কর্মী ও ওয়ার্ড পর্যায়ের নেতা, তেমনি রয়েছেন ইউনিয়ন ও জেলা পর্যায়ের সাবেক ও বর্তমান পদধারী নেতারাও।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে সংশ্লিষ্ট থানাগুলোর ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) গণগ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশের বিশেষ অভিযানে সবচেয়ে বেশি গ্রেপ্তারের ঘটনা ঘটেছে ভারতের মেঘালয় সীমান্ত ঘেঁষা দুর্গাপুর উপজেলায়। দুর্গাপুর থানার ওসি খন্দকার শাকের আহমেদের দেওয়া তথ্যমতে, এই উপজেলা থেকেই নয়জনকে আটক করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে চণ্ডীগড় ইউনিয়ন আওয়ামী লীগের একাধিপত্য লক্ষ্য করা গেছে; সেখানকার ৮ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক কাজল মিয়া এবং ইউনিয়ন কমিটির সদস্য মো. হুমায়ুন রশিদ বাবু রয়েছেন এই তালিকায়। এছাড়াও উপজেলা আওয়ামী লীগের নেতা অলিউল্লাহ অলি ও মাসুদ পারভেজ আবুনী, দুর্গাপুর ইউনিয়ন যুবলীগ নেতা এস এম শরীফ, যুবলীগ নেতা মাজহারুল ইসলাম ও মুজিবুর রহমান, কৃষক লীগ নেতা আজিজুল হক মণ্ডল এবং বাকলজোড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. মোফাজ্জল হোসেন মায়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পার্শ্ববর্তী আরেক সীমান্তবর্তী উপজেলা কলমাকান্দায় গ্রেপ্তার হয়েছেন চারজন। কলমাকান্দা থানার ওসি মো. সোহেল রানা জানান, খারনৈ ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো. আব্দুল মান্নান এবং পোগলা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি নয়ন মিয়াকে আটক করা হয়েছে। পাশাপাশি রংছাতি ইউনিয়ন থেকে গ্রেপ্তার হয়েছেন ইউনিয়ন কৃষক লীগের ভূমি বিষয়ক সম্পাদক মো. রফিকুল ইসলাম এবং একই ইউনিয়নের আওয়ামী লীগ কর্মী মো. কাজল মিয়া।

জেলা সদরেও থেমে ছিল না পুলিশের অভিযান। নেত্রকোনা মডেল থানার ওসি আবুল খায়ের নিশ্চিত করেছেন, সদর উপজেলা থেকে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ৬ নম্বর লক্ষ্মীগঞ্জ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. সবুজ মিয়া এবং সাধারণ সম্পাদক মো. সঞ্জু মিয়াকে একযোগে আটক করা হয়। সদরের অন্য তিনজন হলেন- মৌগাতী ইউনিয়ন যুবলীগ নেতা মুজিবুর পাঠান রিপন, সিংহের বাংলা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম এবং জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ইমরান খান।

এদিকে, পূর্বধলা উপজেলায় বিভিন্ন সময়ে দায়েরকৃত নাশকতার মামলায় চারজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানিয়েছেন থানার ওসি আব্দুল্লাহ আল মামুন। এরা হলেন- জারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা কমিটির সদস্য নুরুল আমিন, বিশকাকুনি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, বৈরাটি ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এম মুনতাসির বিল্লাহ আপন এবং উপজেলা আওয়ামী লীগের কর্মী আসাদুজ্জামান রতন।

সাংস্কৃতিক জনপদ হিসেবে পরিচিত কেন্দুয়ায় গতকাল সন্ত্রাসবিরোধী আইনে দায়ের হওয়া একটি মামলায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। কেন্দুয়া থানার ওসি মুহাম্মদ তারিকুল ইসলাম জানান, সান্দিকোণা ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও ৬ নম্বর ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক মো. আব্দুর রশিদ এবং বলাইশিমুল ইউনিয়ন কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলামকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

ভাটি অঞ্চল খালিয়াজুরীতে নাশকতার অভিযোগে আওয়ামী লীগ নেতা সবিনয় এবং ছাত্রলীগ নেতা তানিম সরকারকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ওসি মো. নাসির উদ্দিন। অন্যদিকে, মোহনগঞ্জ থানার ওসি মো. হাফিজুল ইসলাম হারুন জানান, গত ১১ নভেম্বর বিশেষ ক্ষমতা আইনে দায়েরকৃত একটি মামলার এজাহারভুক্ত আসামি ছাত্রলীগ নেতা জুবায়েদ আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে।

এছাড়া বারহাট্টা ও আটপাড়া উপজেলায় একজন করে দুজন গ্রেপ্তার হয়েছেন। বারহাট্টা থানার ওসি চম্পক দাম জানান, বাউসী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক আহ্বায়ক ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মোশাররফ হোসেন তালুকদারকে আটক করা হয়েছে। আর আটপাড়া থানার ওসি মো. জোবাইদুল আলম নিশ্চিত করেছেন উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. জসিম উদ্দিনকে গ্রেপ্তারের বিষয়টি।

সব মিলিয়ে গত ২৪ ঘণ্টার পুলিশের ঝটিকা অভিযানে নেত্রকোনার রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : বিএনপি কার্যালয়ে আগুন: সাবেক এমপিসহ ১২১ জনের নামে মামলা, গ্রেপ্তার ২

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন