সিরাজগঞ্জে ২৮৫ শিশি নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশন রাখার দায়ে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকালে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ম আদালতের বিচারক লায়লা শারমীন এ রায় ঘোষণা করেন।
আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট শামসুজ্জোহা শাহানশাহ এ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মাদক মামলার রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না। তিনি পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
দণ্ডপ্রাপ্ত আসামি সিরাজগঞ্জ পৌর এলাকার রহমতগঞ্জ ২ নম্বর গলির আব্দুল লতিফ মোল্লার ছেলে মো. রানা (২৭)।
মামলা সূত্রে জানা যায়, ২০২১ সালের ২১ আগস্ট র্যাব-১২-এর সদস্যরা সিরাজগঞ্জ শহরে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় র্যাবের কাছে খবর আসে, রহমতগঞ্জের শরিফ মোল্লার বাড়ির সামনে মাদকদ্রব্য কেনাবেচা হচ্ছে। খবর পেয়ে র্যাব সদস্যরা সেখানে উপস্থিত হলে রানা দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে তাকে আটক করা হয়। তাঁর দেহ তল্লাশি করে পলিথিনে মোড়ানো ২৮৫ শিশি নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশন উদ্ধার করা হয়।
এ ঘটনায় র্যাবের ডিএডি মানিক মিয়া বাদী হয়ে মামলা করেন। মামলার সাক্ষ্য-প্রমাণ শেষে বৃহস্পতিবার আদালত রানাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।
পড়ুন : পটিয়ায় মাহিন্দ্রা রেগুনা উল্টে নারী-শিশুসহ আহত ১২


