অভাবের সংসারে খাবার ও চিকিৎসার খরচ জোগাতে না পেরে মাত্র ৩০ হাজার টাকার বিনিময়ে নিজের এক বছর তিন মাস বয়সী শিশুপুত্রকে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক মায়ের বিরুদ্ধে। বাগেরহাটের মোড়েলগঞ্জ থেকে শিশুটিকে মোংলায় নিয়ে নিঃসন্তান এক ব্যক্তির কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় মোড়েলগঞ্জ ও মোংলা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মোড়েলগঞ্জ উপজেলার বারইখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আনিকা আক্তারের (১৮) প্রায় দুই বছর আগে চট্টগ্রামের হাসান চৌধুরীর সঙ্গে বিয়ে হয়। বিয়ের পর তাদের সংসারে জন্ম নেয় ছেলে সন্তান আল আমিন। পরবর্তীতে পারিবারিক কারণে স্বামীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে শিশুসন্তানকে নিয়ে বাবার বাড়িতে ফিরে আসেন আনিকা।
বাবার পরিবারে অভাব-অনটনের কারণে শিশুটির ভরণপোষণ ও চিকিৎসার খরচ চালাতে হিমশিম খাচ্ছিলেন তিনি। একপর্যায়ে সন্তানকে অন্যের কাছে দেওয়ার সিদ্ধান্ত নেন বলে জানা গেছে।
অভিযোগ রয়েছে, গত বুধবার বিকেলে প্রতিবেশী নাছির শিকদারের স্ত্রী এবং আনিকার বাবা পলাশ শেখের সহযোগিতায় মোংলার এক নিঃসন্তান ব্যক্তির কাছে ৩০ হাজার টাকার বিনিময়ে শিশুটিকে হস্তান্তর করা হয়। বিষয়টি জানাজানি হলে দুই এলাকায় ব্যাপক আলোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়।
এ বিষয়ে আনিকা আক্তার বলেন, ‘আমার বাচ্চাকে খাওয়ানো ও চিকিৎসার খরচ চালাতে পারি না। এ কারণে ৩০ হাজার টাকায় তাকে দিয়ে দিয়েছি।’
এদিকে শিশুটির নিরাপত্তা ও ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা। তারা ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন, শিশুটির বর্তমান অবস্থান নিশ্চিত করা এবং অভিযোগের সত্যতা যাচাই করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে মোড়েলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাবিবুল্লাহ বলেন, ‘এ ধরনের একটি তথ্য পেয়েছি। আগামীকাল তাদের ডাকা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
শিশুটির নিরাপত্তা নিশ্চিত করা এবং অর্থের বিনিময়ে তাকে হস্তান্তরের পেছনে অন্য কোনো উদ্দেশ্য বা সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে বলে আশা করছেন স্থানীয়রা।
পড়ুন : ধামরাইয়ে মহাসড়কে থ্রি-হুইলারের দৌরাত্ম্য, নিয়ন্ত্রণে হিমশিম পুলিশ


