ঢাকার ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কে থামছে না ব্যাটারিচালিত অটোরিকশাসহ তিন চাকার যানবাহনের চলাচল। দ্রুতগতির বাস-ট্রাকের সঙ্গে পাল্লা দিয়ে চলা, উল্টো পথে প্রবেশ এবং যত্রতত্র চলাচলের কারণে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। এতে প্রতিদিনই ঝুঁকি নিয়ে চলাচল করছেন যাত্রী ও পথচারীরা। মহাসড়কে এসব যানবাহনের চলাচল বন্ধে পুলিশ নিয়মিত অভিযান চালালেও স্থায়ী সমাধান মিলছে না।
সরেজমিনে দেখা যায়, ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাই অংশের বিভিন্ন স্থানে বাস, ট্রাক ও অন্যান্য ভারী যানবাহনের সঙ্গে একই সড়কে চলাচল করছে ব্যাটারিচালিত অটোরিকশা, ইজিবাইক ও অন্যান্য তিন চাকার যান। অনেক চালক ট্রাফিক আইন না মেনেই বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছেন। হঠাৎ লেন পরিবর্তন, যত্রতত্র যাত্রী ওঠানামা এবং উল্টো পথে চলাচলের কারণে প্রায়ই দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, মহাসড়কে তিন চাকার যানবাহনের এমন চলাচলে স্বাভাবিক যাতায়াতও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। বিশেষ করে দ্রুতগতির যানবাহনের পাশে এসব অটোরিকশার চলাচল যাত্রী ও পথচারীদের মধ্যে আতঙ্ক তৈরি করছে। দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন তারা।
গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মাতব্বর বলেন, মহাসড়কে সিএনজি, ব্যাটারিচালিত রিকশা, ব্যাটারিচালিত ভ্যান, ইজিবাইক ও স্থানীয়ভাবে পরিচিত হ্যালোবাইকসহ তিন চাকার যানবাহন চলাচল নিষিদ্ধ। সড়ক পরিবহন আইন-২০১৮ এবং উচ্চ আদালতের নিষেধাজ্ঞা অনুযায়ী মহাসড়কে এসব যান চলাচলের কোনো সুযোগ নেই। তবে স্থানীয় প্রয়োজনে শাখা সড়ক ব্যবহার করতে কোনো বাধা নেই।
তিনি বলেন, মহাসড়কে এসব যানবাহনের চলাচল বন্ধে পুলিশ নিয়মিত গাড়ি আটক ও মামলা দিচ্ছে। কিন্তু মামলা হওয়ার পরও অনেক চালক পরদিন আবার একইভাবে মহাসড়কে গাড়ি চালাচ্ছেন। আড়াই হাজার টাকা জরিমানা দিয়ে আবার সড়কে ফিরে আসছেন তারা। তাই শুধু পুলিশের পক্ষে এ সমস্যা পুরোপুরি নিয়ন্ত্রণ করা কঠিন।
ওসি আরও বলেন, এ সমস্যা সমাধানে সাধারণ নাগরিক ও সচেতন সমাজের মানুষকে এগিয়ে আসতে হবে। এলাকার মহল্লাভিত্তিক ও শাখা সড়কভিত্তিক স্বেচ্ছাসেবীরা উদ্যোগ নিয়ে কোনো তিন চাকার যান যাতে মহাসড়কে উঠতে না পারে, সে বিষয়ে সহযোগিতা করতে পারেন। মানুষের জীবনের নিরাপত্তার কথা বিবেচনা করে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
স্থানীয় বাসিন্দাদের উদ্দেশে তিনি বলেন, এক শাখা সড়ক থেকে অন্য শাখা সড়কে যাতায়াতের জন্য তিন চাকার যান ব্যবহার না করার বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। অনেক সময় যাত্রীরা চালকদের মহাসড়কে উঠতে উৎসাহ দেন এবং পুলিশ সামলে নেওয়ার আশ্বাস দেন। এতে চালকেরা আরও সাহস পান। যাত্রীদের এমন উৎসাহ দেওয়া থেকে বিরত থাকতে হবে।
মহাসড়কে নিরাপদ চলাচল নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
সংশ্লিষ্টদের মতে, মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে নিয়মিত অভিযান, আইনের যথাযথ প্রয়োগ এবং জনসচেতনতা বাড়ানোর বিকল্প নেই।
পড়ুন : খুলনার রূপসায় দোকানে ঢুকে বিএনপি নেতাকে গুলি করে হত্যা
সা/


