কলমাকান্দায় সাদ্দাম হত্যার বিচার দাবিতে উত্তাল গ্রামবাসী, খুনিদের ফাঁসির দাবি

সারাদিন হাড়ভাঙা খাটুনির পর রিকশা চালিয়ে ক্লান্ত শরীরে বাড়ি ফিরেছিলেন যুবক সাদ্দাম হোসেন। বৃদ্ধ বাবার সঙ্গে রাতের খাবার খেয়ে কেবল বিছানায় গা এলিয়ে দিয়েছিলেন তিনি। কিন্তু বাড়ির পাশের চৌরাস্তার দোকানের সামান্য হট্টগোল যে তার জীবনের শেষ রাত হয়ে দাঁড়াবে, তা ঘুণাক্ষরেও ভাবেননি কেউ। ঝগড়া থামাতে গিয়ে উল্টো দেশীয় অস্ত্রের নির্মম আঘাতে প্রাণ হারানো নিরীহ এই যুবকের হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে আজ শুক্রবার দুপুরে উত্তাল হয়ে ওঠে নেত্রকোনার কলমাকান্দার পাবই বাজার সড়ক।

হত্যাকাণ্ডের দুই সপ্তাহ পেরিয়ে গেলেও মূল অভিযুক্তরা এখনো পুলিশের ধরাছোঁয়ার বাইরে থাকায় চরম ক্ষোভ ও হতাশায় ফুঁসছেন সালেঙ্গা গ্রামের বাসিন্দারা। শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে উপজেলার পোগলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সালেঙ্গা গ্রামের সর্বস্তরের মানুষের ব্যানারে পাবই বাজার-কলমাকান্দা সড়কে এক বিশাল মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

প্রখর রোদ উপেক্ষা করে নারী-পুরুষ ও শিশুদের দীর্ঘ সারি যখন রাজপথে দাঁড়িয়ে ‘ফাঁসি চাই, ফাঁসি চাই’ স্লোগানে আকাশ-বাতাস ভারী করে তোলে, তখন নিহতের স্বজনদের আহাজারিতে সেখানে হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়।

মানববন্ধনে উপস্থিত প্রত্যক্ষদর্শী ও স্বজনদের বিবরণে উঠে আসে গত ৩০ অক্টোবর রাতের সেই নৃশংস হত্যাকাণ্ডের বিবরণ। পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, সাদ্দাম হোসেন ছিলেন একজন অত্যন্ত নিরীহ প্রকৃতির মানুষ। কখনো রিকশা চালিয়ে, আবার কখনো স্থানীয় বাজারে দর্জির (টেইলারিং) কাজ করে অতি কষ্টে সংসার চালাতেন তিনি।

ঘটনার রাতে রিকশা চালিয়ে বাড়ি ফিরে বাবা মো. আব্দুল হাশিমের সঙ্গে রাতের খাবার খান সাদ্দাম। শরীর কিছুটা খারাপ লাগায় খাবার শেষেই তিনি ঘরে ঘুমিয়ে পড়েন। এর কিছুক্ষণ পরই বাড়ির সামনের চৌরাস্তার দোকানের কাছে পূর্ববিরোধের জেরে সাদ্দামের চাচাতো ভাইয়ের সঙ্গে প্রতিপক্ষের লোকজনের কথা-কাটাকাটি ও হট্টগোল শুরু হয়। চিৎকার-চেঁচামেচি শুনে ঘুম ভেঙে যায় সাদ্দামের। চাচাতো ভাইকে ঝগড়া থেকে ফিরিয়ে আনতে এবং পরিস্থিতি শান্ত করতে তিনি খালি হাতেই বাড়ির বাইরে এগিয়ে যান।

প্রত্যক্ষদর্শী ও স্বজনদের অভিযোগ, সাদ্দাম সেখানে পৌঁছামাত্রই প্রতিপক্ষের লোকজন ইটপাটকেল ছুড়ে আশপাশের লোকজনকে সরিয়ে দেয় এবং সাদ্দামকে একা পেয়ে ঘিরে ফেলে। কোনো কিছু বুঝে ওঠার আগেই অভিযুক্ত শাহিদ ও ছান মিয়া সাদ্দামের দুই হাত চেপে ধরে রাখেন এবং জামাল নামের আরেক অভিযুক্ত লোহার রড, বল্লম ও তিন-কাট্টা (দেশীয় ধারালো অস্ত্র) দিয়ে তার বুকে ও শরীরে সজোরে আঘাত করেন। এ সময় রিয়াজ নামের আরেকজন তাকে লাথি মেরে মাটিতে ফেলে দেন।

রক্তাক্ত অবস্থায় সাদ্দাম তার চাচার পায়ের কাছে লুটিয়ে পড়ে কাতর কণ্ঠে কেবল একটি কথাই বলতে পেরেছিলেন- ‍“কাকু, আমারে মাইরা ফেলছে, জামালে ঘা দিছে আর হেরা দুইজনে ধইরা রাখছে।” এরপরই নিস্তেজ হয়ে পড়েন তিনি। তাৎক্ষণিকভাবে স্বজনেরা তাকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মানববন্ধনে সাদ্দামের ছবি সম্বলিত ব্যানার ধরে দাঁড়িয়ে অঝোরে কাঁদছিলেন তার স্ত্রী বৃষ্টি আক্তার, বৃদ্ধ বাবা আব্দুল হাশিম ও বোন শেফালী আক্তার।

মানববন্ধনে বৃষ্টি আক্তার কোলের অবুঝ শিশুসন্তানকে জড়িয়ে ধরে বিলাপ করে বলেন, ঘর থেকে বাইর হইয়া রাস্তায় যাওয়ার পর শাহিদ আর ছান মিয়া আমার স্বামীরে ধইরা রাখছে, আর জামালে ঘা দিছে। তারা আমার কোলের মেয়েটার বুক খালি কইরা দিছে। আমার মেয়ে অহন কারে বাবা ডাকব? যে আমার সংসারটা উজাড় করছে, আমি আমার স্বামীর সেই খুনিদের ফাঁসি চাই।”

ছেলের শোকে কাতর বৃদ্ধ বাবা মো. আব্দুল হাশিমের কান্না যেন থামছিলই না। বাষ্পরুদ্ধ কণ্ঠে তিনি বলেন, “২২ বছর আগে আমার স্ত্রী মারা গেছে। এই একটা মাত্র সন্তানের মুখের দিকে চাইয়া আমি আর বিয়া-শাদি করি নাই। ঘটনার রাইতে বাপ-পুত একসাথে ভাত খাইলাম। পূর্বের গরু চুরির বিরোধ থেইকা আক্রোশে তারা আমার নিরীহ পুতটারে মাইরা ফেলল। আমার এক নাতি আর বউয়ের অহন কী হইব? আমার তো আর কেউ নাই। আমি এমপি সাহেব ও প্রশাসনের কাছে এই খুনিদের ফাঁসি চাই।”

ভাই হারানোর বেদনায় ভেঙে পড়া বোন মোছা. শেফালী আক্তার বুক চাপড়ে বলেন, “আমার ভাই তো কোনো দোষ করে নাই। ঝগড়া শুইনা খালি ফিরাইতে গেছিল। তিন-কাট্টা দিয়া ঘা মাইরা আমার ভাইয়ের জীবনটা শেষ কইরা দিছে। হাসপাতাল নেওয়ার পর ডাক্তার কয় ভাই আর জগতে নাই। যেমনে আমার ভাইয়ের ঘর খালি করছে, আমি খুনিদের ফাঁসি চাই।”

মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য দেন স্থানীয় ইউপি সদস্য মো. কামাল মিয়া, নিহতের ভগ্নিপতি, চাচা এবং এলাকাবাসী মো. কাদির মিয়া ও মো. আজিজ মিয়া।

বক্তারা তীব্র ক্ষোভ প্রকাশ করে জানান, নৃশংস এই হত্যাকাণ্ডের ঘটনায় কলমাকান্দা থানায় মামলা দায়ের করা হলেও আজ ১৫ দিন পেরিয়ে গেছে। গ্রামবাসী নিজেদের প্রচেষ্টায় তিনজনকে ধরে পুলিশে সোপর্দ করলেও, পুলিশ নিজে থেকে এখনো এজাহারভুক্ত মূল আসামিদের কাউকেই গ্রেপ্তার করতে পারেনি।

নিহতের স্বজন ও স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, “একজন নিরীহ রিকশাচালককে প্রকাশ্যে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হলো, অথচ ১৫ দিনেও পুলিশ একটা আসামি ধরতে পারল না। থানায় গেলে ওসি সাহেব কেবল বলেন ‘আমরা চেষ্টা করছি, লোক লাগিয়েছি’। একটি হত্যা মামলার আসামিরা এভাবে ধরাছোঁয়ার বাইরে থাকায় আমরা চরম নিরাপত্তাহীনতা ও হতাশায় ভুগছি।”

বক্তারা অবিলম্বে হত্যাকাণ্ডের মূল হোতা জামাল, শাহিদ, ছান মিয়াসহ জড়িত সকল আসামিকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা এবং দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে তাদের সর্বোচ্চ শাস্তি (মৃত্যুদণ্ড) নিশ্চিত করতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। আসামিদের দ্রুত গ্রেপ্তার করা না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন বিক্ষুব্ধ গ্রামবাসী।

বিজ্ঞাপন

পড়ুন : পদ্মা সেতুর টোলপ্লাজায় নাশকতার মামলা, শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মচারীসহ ৪ জন গ্রেফতার

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন