হেমন্তের মিষ্টি রোদ তখন কেবল ছড়িয়ে পড়ছে কুতুবপুরের সবুজ প্রান্তরে। নেত্রকোনার কেন্দুয়া উপজেলার রোয়াইলবাড়ী আমতলা ইউনিয়নের শান্ত এই গ্রামেই জন্মেছিলেন বাংলা সাহিত্যের জাদুকর, নন্দিত কথাসাহিত্যিক ও চলচ্চিত্রকার ড. হুমায়ূন আহমেদ। ক্যালেন্ডারের পাতায় আজ ১৩ নভেম্বর- তাঁর ৭৮তম জন্মদিন। প্রিয় লেখকের জন্মদিন ঘিরে প্রতিবছরের মতো এবারও উৎসব আর আবেগের মিলনমেলা বসেছিল তাঁরই স্বপ্নের প্রতিষ্ঠান ‘শহীদ স্মৃতি বিদ্যাপীঠ’ প্রাঙ্গণে।
শুক্রবার (১৩ নভেম্বর) সকাল থেকেই বিদ্যালয় চত্বরে জড়ো হতে থাকেন শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক আর দেশের নানা প্রান্ত থেকে আসা হুমায়ূনভক্তরা। লেখকের গড়া প্রাঙ্গণে তাঁরই সৃষ্টির সুর আর ছন্দে মেতে ওঠে চারপাশ। আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হয় হিমু ও মিসির আলীর স্রষ্টাকে।
সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য এবং শহীদ স্মৃতি বিদ্যাপীঠের অ্যাডহক কমিটির সভাপতি আলহাজ ড. রফিকুল ইসলাম হিলালী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অংশ নেন নেত্রকোনার জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান, পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম, ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আ. জ. ম. রেজাউল করিম খান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি এবং রাজস্ব) মুন মুন জাহান লিজা এবং কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা চৌধুরী। এ ছাড়া স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে অনুষ্ঠানস্থল হয়ে ওঠে প্রাণবন্ত।
আলোচনা পর্বে বক্তাদের কণ্ঠে বারবার উঠে আসে বাংলা সাহিত্য ও চলচ্চিত্রে হুমায়ূন আহমেদের কালজয়ী অবদানের কথা। বক্তারা বলেন, স্বাধীনতাপরবর্তী বাংলাদেশে মধ্যবিত্ত জীবনের হাসি-কান্না, স্বপ্ন ও টানাপোড়েনকে যিনি সবচেয়ে সহজ অথচ গভীর ভাষায় মলাটবন্দী করেছেন, তিনি হুমায়ূন আহমেদ। বাংলা সাহিত্যে তিনি যে স্বতন্ত্র ধারা তৈরি করে গেছেন, তাঁর প্রয়াণের এক যুগের বেশি সময় পরও তা পাঠকমহলে সমানভাবে জনপ্রিয়। শুধু কথাসাহিত্য বা চলচ্চিত্র নয়, নিজ গ্রামের মানুষ ও নতুন প্রজন্মের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে কুতুবপুরে ‘শহীদ স্মৃতি বিদ্যাপীঠ’ প্রতিষ্ঠা ছিল তাঁর অনন্য দূরদর্শিতা।
স্মৃতিচারণার ফাঁকে ফাঁকে চলে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক পরিবেশনা। শিক্ষার্থীদের কণ্ঠে হুমায়ূন আহমেদের লেখা জনপ্রিয় গান ও কবিতা আবৃত্তির মধ্য দিয়ে ফুটে ওঠে লেখকের প্রতি নতুন প্রজন্মের অকৃত্রিম ভালোবাসা। যে আঙিনায় লেখক নিজে হেঁটেছেন, গাছের ছায়ায় বসে শিক্ষার স্বপ্ন বুনেছেন- সেই আঙিনায় দাঁড়িয়ে কোমলমতি শিক্ষার্থীদের শ্রদ্ধাঞ্জলি উপস্থিত সবাইকে আবেগাপ্লুত করে তোলে।
১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রামে জন্মগ্রহণ করেন হুমায়ূন আহমেদ। দীর্ঘ চার দশকের বেশি সময় ধরে উপন্যাস, নাটক ও চলচ্চিত্রের মাধ্যমে তিনি বাঙালি পাঠক ও দর্শকদের মন্ত্রমুগ্ধ করে রেখেছিলেন। ২০১২ সালের ১৯ জুলাই যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন অবস্থায় এই মহান স্রষ্টার জীবনাবসান ঘটে। মানুষ হুমায়ূন আহমেদ আজ সশরীরে নেই, কিন্তু কুতুবপুরের শহীদ স্মৃতি বিদ্যাপীঠের প্রতিটি ইটে আর পাঠকের হৃদয়ে তিনি বেঁচে আছেন অমলিন হয়ে।
পড়ুন : আজ হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মদিন, নুহাশপল্লীতে নানা আয়োজন


