দক্ষ কর্মীর চাহিদা পূরণে বড় পরিসরে অভিবাসনের সুযোগ দিচ্ছে অস্ট্রেলিয়া। দেশটির স্কিল ইন্ডিপেন্ডেন্ট ভিসা (সাবক্লাস ১৮৯) কর্মসূচির আওতায় প্রায় ২০ হাজার দক্ষ অভিবাসনপ্রত্যাশীকে ভিসার আবেদন করার আমন্ত্রণ জানানো হয়েছে। ২০২৬-২৭ অর্থবছরের প্রথম রাউন্ডে দেওয়া এ সুযোগে বাংলাদেশসহ বিভিন্ন দেশের পেশাজীবীদের জন্য অস্ট্রেলিয়ায় স্থায়ীভাবে বসবাস ও কাজের সম্ভাবনা তৈরি হয়েছে।
অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত ১৫ অক্টোবর ২০২৬-২৭ অর্থবছরের প্রথম স্কিল ইন্ডিপেন্ডেন্ট ভিসা আমন্ত্রণ রাউন্ড আয়োজন করে। জুলাই, আগস্ট ও সেপ্টেম্বরে কোনো আমন্ত্রণ না দেওয়ার পর অক্টোবরেই প্রথমবারের মতো এ কার্যক্রম পরিচালিত হয়।
বিভিন্ন অভিবাসন আইনবিষয়ক প্রতিষ্ঠানের প্রকাশিত তথ্য অনুযায়ী, এবারের রাউন্ডে প্রায় ২০ হাজার আবেদনকারীকে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক পরিসংখ্যান প্রকাশ করেনি। ফলে আমন্ত্রণের প্রকৃত সংখ্যা এখনো নিশ্চিত নয়।
সাবক্লাস ১৮৯ মূলত পয়েন্টভিত্তিক স্থায়ী অভিবাসন ভিসা। এ ভিসার জন্য কোনো নিয়োগকর্তার স্পনসরশিপ কিংবা অস্ট্রেলিয়ার কোনো রাজ্য সরকারের মনোনয়নের প্রয়োজন হয় না। ভিসা পেলে একজন অভিবাসী দেশটির যেকোনো জায়গায় বসবাস ও কাজ করার সুযোগ পান।
এ ক্ষেত্রে আবেদনকারীর জাতীয়তার চেয়ে বয়স, পেশাগত দক্ষতা, শিক্ষাগত যোগ্যতা এবং ইংরেজি ভাষায় পারদর্শিতার মতো বিষয়গুলো বেশি গুরুত্ব পায়।
বাংলাদেশ থেকে চিকিৎসক, প্রকৌশলী, তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ, শিক্ষক ও কৃষিবিজ্ঞানীরাও এ ভিসার জন্য আবেদন করতে পারবেন। তবে আবেদনকারীর পেশা অস্ট্রেলিয়ার নির্ধারিত দক্ষ পেশার তালিকায় থাকতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে প্রয়োজনীয় স্কিলস অ্যাসেসমেন্ট সম্পন্ন করতে হবে। সাধারণ নিয়ম অনুযায়ী, আমন্ত্রণ পাওয়ার সময় আবেদনকারীর বয়স ৪৫ বছরের নিচে থাকা বাধ্যতামূলক।
ভিসার জন্য আইনগতভাবে সর্বনিম্ন ৬৫ পয়েন্ট প্রয়োজন হলেও এই স্কোর থাকলেই আবেদন করার আমন্ত্রণ পাওয়া নিশ্চিত নয়। প্রতিযোগিতার ভিত্তিতে পেশাভেদে প্রয়োজনীয় পয়েন্টের পার্থক্য রয়েছে। প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, এবারের রাউন্ডে নির্মাণ খাতের কয়েকটি পেশায় ৬৫ পয়েন্টেই আমন্ত্রণ দেওয়া হয়েছে। স্বাস্থ্যসেবা খাতে প্রয়োজন হয়েছে ৭০ থেকে ৮০ পয়েন্ট। অন্যদিকে, কিছু প্রকৌশল পেশায় আমন্ত্রণ পেতে ৮৫ থেকে ১০০ পয়েন্ট পর্যন্ত প্রয়োজন হয়েছে।
এবারের আমন্ত্রণে স্বাস্থ্যসেবা, প্রকৌশল, তথ্যপ্রযুক্তি, শিক্ষা, নির্মাণ ও কৃষিসহ বিভিন্ন খাতের দক্ষ পেশাজীবীরা অন্তর্ভুক্ত হয়েছেন বলে জানা গেছে।
২০২৬-২৭ অর্থবছরে সাবক্লাস ১৮৯ ভিসার জন্য ২০ হাজার আসন বরাদ্দ রাখা হয়েছে। আগের অর্থবছরের তুলনায় এই বরাদ্দ প্রায় ২৫ শতাংশ বেশি। তবে আমন্ত্রণ পাওয়ার অর্থ এই নয় যে আবেদনকারী সরাসরি ভিসা পেয়ে গেছেন।
আমন্ত্রণপ্রাপ্তদের নির্ধারিত ৬০ দিনের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ পূর্ণাঙ্গ ভিসার আবেদন জমা দিতে হবে। সাধারণত এ সময়সীমা বাড়ানোর সুযোগ থাকে না। এ ছাড়া আবেদনকারীদের স্বাস্থ্য পরীক্ষা, চারিত্রিক যোগ্যতা এবং অন্যান্য অভিবাসনসংক্রান্ত শর্ত পূরণ করতে হবে।
বাংলাদেশি দক্ষ পেশাজীবীদের জন্য অস্ট্রেলিয়ায় স্থায়ীভাবে বসবাস ও কাজের ক্ষেত্রে এ কর্মসূচি নতুন সম্ভাবনা তৈরি করেছে। তবে আবেদনের আগে নিজের পেশার যোগ্যতা, প্রয়োজনীয় পয়েন্ট, স্কিলস অ্যাসেসমেন্ট এবং অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বশেষ নির্দেশনা যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
পড়ুন : শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে ভারতের পরিকল্পনা কী, ডিসেম্বরেই কি প্রত্যাবর্তন?


