শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার মেঘনা নদীতে মালভর্তি কার্গো জাহাজের সঙ্গে কাকলী ফেরির ধাক্কায় তরিকুল বন্দুকসি (১২) নামে এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও চার শিক্ষার্থী। শুক্রবার সকাল ৮টা ৪৫ মিনিটের দিকে উপজেলার হরিণপুরের আলুরবাজার নৌপুলিশ ফাঁড়ি এলাকার মেঘনা নদীর মাঝখানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তরিকুল গোসাইরহাট উপজেলার কুচাইপট্টি ইউনিয়নের মাইজারা গ্রামের আলম বন্দুকসির ছেলে। সে শরীয়তপুর সদর উপজেলার শওতুল কোরআন ক্যাডেট মাদ্রাসার ছাত্র ছিল। তার বাবা মালয়েশিয়াপ্রবাসী। কক্সবাজার ও বান্দরবান থেকে শিক্ষাসফর শেষে শিক্ষার্থীরা বাসযোগে ফিরছিল।
পুলিশ জানায়, সকালে চাঁদপুরের হরিণা ফেরিঘাট থেকে সোয়া ৮টার দিকে কাকলী ফেরি ছেড়ে আলুরবাজারের দিকে আসছিল। অন্যদিকে ঢাকার সদরঘাট থেকে মুদি মালামাল নিয়ে পটুয়াখালীর বাউফলের উদ্দেশে যাচ্ছিল এম বি আলী আকবর নামে একটি কার্গো জাহাজ। মেঘনা নদীর মাঝখানে ফেরিটির সঙ্গে কার্গো জাহাজটির ধাক্কা লাগে।
এ সময় ফেরির সামনের দিকে থাকা তরিকুল ছিটকে পড়ে পার্কিং করে রাখা একটি ট্রাকের নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর কার্গো জাহাজের মাস্টার কুদ্দুস মুন্সি (৪০), মাস্টার সৈয়দ (৩৬) ও ফেরির মাস্টার মোশারফকে আটক করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শী এক শিক্ষার্থীর অভিভাবক অভিযোগ করে বলেন, ফেরির মাস্টার মোশারফ সঠিকভাবে ফেরি পরিচালনা করতে পারেননি। তার অসতর্কতার কারণেই কার্গো জাহাজের সঙ্গে ফেরিটির ধাক্কা লেগেছে বলে তিনি দাবি করেন।
দুর্ঘটনায় আহত চার শিক্ষার্থীকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। নিহত তরিকুলের লাশ উদ্ধার করে চাঁদপুরের আলুরবাজার নৌপুলিশ ফাঁড়িতে নেওয়া হয়েছে।
নিহতের চাচা দেলোয়ার বন্দুকসি বলেন, দুর্ঘটনার খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। এ ঘটনায় সুষ্ঠু বিচার দাবি করেন তিনি।
আলুরবাজার নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম বলেন, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।
নরসিংদীপুর ও আলুরবাজার ফেরিঘাটের ব্যবস্থাপক ইকবাল হোসেন বলেন, নদীতে কার্গো জাহাজটি ওভারটেকিং করতে গিয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে। বিষয়টি পুলিশ তদন্ত করছে।
পড়ুন : চট্টগ্রামে স্বর্ণ চোরাচালান, গ্রেপ্তার ১


