মাধবদীতে আদালতের রায় পেয়ে জমিতে গিয়ে প্রতিপক্ষের হামলায় নারীসহ ৭ জন আহত

নরসিংদীর মাধবদীতে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও মারধরের অভিযোগ উঠেছে। শুক্রবার (১৩ নভেম্বর) সকালে মাধবদী থানার পাইকারচর ইউনিয়নের কামারচর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নারীসহ একই পরিবারের ৭ জন আহত হয়েছেন। আহতদের নরসিংদী সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে ভুক্তভোগীরা জানান, পৈতৃক সম্পত্তি ভোগদখলে রায় দিয়েছে নরসিংদীর বিজ্ঞ আদালত। কিন্তু সে রায় পেয়েও জমিতে গিয়ে প্রতিপক্ষের হামলার শিকার হতে হচ্ছে।

এ ঘটনায় শুক্রবার বিকেলে আহত মো. মোশারফ হোসেন (২৫) বাদী হয়ে মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগপত্রে উল্লেখ করা হয়, দীর্ঘদিন ধরে জমি নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। এর জের ধরে শুক্রবার সকাল ১০টার দিকে বাদীর পরিবারের সদস্যরা তাঁদের বসতবাড়ির পূর্ব পাশের জমিতে কাজ করতে গেলে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে তাঁদের ওপর হামলা চালান। এ সময় হামলাকারীদের হাতে দা, লাঠি, সোটা, লোহার রড, শাবল ও ছুরির মতো অস্ত্র ছিল বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগে বলা হয়, হামলাকারীরা বাদীর পরিবারের সদস্যদের এলোপাতাড়ি মারধর করেন। এতে বাদীর ছোট ভাই মুন্না (২২), বড় ভাই মোস্তফা (২৮), ছোট ভাই মোশারফ (২৩), বড় ভাই ইদ্রিস (৩০) এবং পরিবারের আরও তিন নারী সদস্যসহ ৭ জন আহত হন। তাঁদের শরীরের বিভিন্ন স্থানে কাটা ও রক্তাক্ত জখম হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া হামলার সময় বাদীর বড় ভাইয়ের বাড়িতে ঢুকে টিনের বেড়া ও ঘরের বিভিন্ন অংশ ভাঙচুর করা হয়। এতে প্রায় ৩০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন বাদী। একই সময়ে ঘরে থাকা নগদ ৫০ হাজার টাকা এবং বাদীর ছোট বোনের গলায় থাকা স্বর্ণের চেইন নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে। পাশাপাশি পরিবারের অন্য নারী সদস্যদের কাছ থেকেও স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়। সব মিলিয়ে লুট হওয়া স্বর্ণালংকারের মূল্য প্রায় ১ লাখ ৬৫ হাজার টাকা বলে দাবি করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা পরিবারের সদস্যদের প্রকাশ্যে হুমকি দেন এবং সুযোগ পেলে তাঁদের হত্যা করা হবে বলে ভয়ভীতি দেখান। পরে স্থানীয় লোকজনের সহায়তায় আহত ব্যক্তিরা চিকিৎসা নেন। ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন বাদী।

এ বিষয়ে মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, এ ঘটনায় দুই পক্ষের অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে মামলা নথিভুক্ত করা হবে বলে জানান তিনি।

বিজ্ঞাপন

পড়ুন : বিশ্বনাথে প্রবাসীদের অর্থায়নে ও হাজী নাজির মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন