গাইবান্ধার সাঘাটায় একটি চল্লিশার অনুষ্ঠানে পরিবেশিত খাবার খেয়ে নারী ও শিশুসহ অন্তত পাঁচ শতাধিক মানুষ অসুস্থ হয়ে পড়েছেন। হঠাৎ করে এত বিপুলসংখ্যক মানুষের ডায়রিয়া ও বমিজনিত অসুস্থতা দেখা দেওয়ায় পুরো এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।
অসুস্থদের মধ্যে গুরুতর অবস্থায় অনেকেই সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, গাইবান্ধা জেনারেল হাসপাতাল এবং বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি রয়েছেন। বাকিরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিচ্ছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১০ নভেম্বর উপজেলার বোনারপাড়া ইউনিয়নের কালপানি নয়াপাড়া গ্রামে মৃত জাহিদুল ইসলামের স্মরণে চল্লিশা বা কুলখানির ভোজের আয়োজন করা হয়। জাহিদুল ওই গ্রামের বাবলু ব্যাপারীর ছেলে এবং কলিম উদ্দীন ব্যাপারীর ভাতিজা। এই আয়োজনের জন্য স্থানীয়দের কাছ থেকে চাল ও আর্থিক সহায়তা সংগ্রহ করা হয়েছিল। পরে গ্রামবাসীসহ আমন্ত্রিত বিভিন্ন এলাকার মানুষ ওই খাবারে অংশ নেন।
খাওয়ার পর থেকেই একে একে লোকজনের পেটের পীড়া, তীব্র ডায়রিয়া, বমি ও শারীরিক দুর্বলতার উপসর্গ দেখা দেয়। সময়ের সঙ্গে সঙ্গে আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়তে থাকলে স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিশেষ করে শিশু ও বয়স্ক রোগীদের নিয়ে তাদের পরিবার গভীর দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে।
স্থানীয়দের ধারণা, পরিবেশিত খাবার বা পানের পানিতে কোনো ধরনের বিষক্রিয়া বা দূষণের কারণে এই বিপত্তি ঘটে থাকতে পারে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে দ্রুত খাবার ও পানির নমুনা সংগ্রহ করে ল্যাবরেটরি পরীক্ষা এবং স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে একটি নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
এ বিষয়ে সাঘাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইলতুতমিশ আকন্দ জানান, ডায়রিয়ায় আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা নিয়মমাফিক দেওয়া হচ্ছে। যাদের শারীরিক অবস্থার অবনতি বা জটিলতা দেখা দিচ্ছে, তাদেরকে উন্নত চিকিৎসার জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতাল ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হচ্ছে।
পড়ুন : মাধবদীতে আদালতের রায় পেয়ে জমিতে গিয়ে প্রতিপক্ষের হামলায় নারীসহ ৭ জন আহত


