মোহনগঞ্জে জিনিয়াস বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, ১৮০ শিক্ষার্থীর অংশগ্রহণ

শীতের আগমনী বার্তার হিমেল সকালে নেত্রকোনার মোহনগঞ্জ পৌরশহরের মহিলা কলেজ প্রাঙ্গণ মুখরিত হয়ে উঠেছিল একঝাঁক খুদে শিক্ষার্থীর পদচারণায়। চোখেমুখে একটুখানি কৌতূহল আর ভালো করার প্রত্যয় নিয়ে তারা বসেছিল নিজেদের মেধা যাচাইয়ের আসরে। নিয়মিত ক্লাসের গণ্ডি পেরিয়ে শনিবার (১৪ নভেম্বর) অনুষ্ঠিত হলো ‘জিনিয়াস স্কলারশিপ অ্যাসোসিয়েশন’ আয়োজিত বৃত্তি পরীক্ষা।

সকাল ১০টায় পরীক্ষার ঘণ্টা বাজার সঙ্গে সঙ্গে পিনপতন নীরবতা নেমে আসে পরীক্ষাকেন্দ্রে। বেলা সাড়ে ১২টা পর্যন্ত টানা আড়াই ঘণ্টা চলে খুদে শিক্ষার্থীদের খাতায় কলমের লড়াই। কেন্দ্রের বাইরে তখন অভিভাবকদের অপেক্ষার প্রহর আর সন্তানদের উজ্জ্বল ভবিষ্যতের প্রার্থনা।

এবারের আয়োজনে উপজেলার পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৮০ জন শিক্ষার্থী অংশ নেয়। প্রতিষ্ঠানগুলো হলো- লিটল স্টার কিন্ডারগার্টেন, ভাটিবাংলা কিন্ডারগার্টেন, ঢাকা উত্তর মডেল স্কুল, জিনিয়াস কিন্ডারগার্টেন ও ন্যাশনাল প্রি ক্যাডেট স্কুল।

আয়োজক সূত্রে জানা যায়, শিশুদের মধ্যে ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি আনন্দময় আগ্রহ সৃষ্টি এবং সুস্থ প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে ২০১৬ সাল থেকে প্রতিবছর এমন বৃত্তি পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে। পরীক্ষায় উত্তীর্ণ মেধাবীদের ‘ট্যালেন্টপুল’ ও ‘সাধারণ’- এই দুই ক্যাটাগরিতে বৃত্তি প্রদান করা হবে। পরবর্তী সময়ে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হবে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র।

শিশুদের মেধা যাচাইয়ের উদ্যোগ প্রসঙ্গে জিনিয়াস স্কলারশিপ অ্যাসোসিয়েশনের পরিচালক ও ন্যাশনাল প্রি ক্যাডেট স্কুলের অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার বলেন, ‘শিক্ষার্থীদের মেধা বিকাশ এবং পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াতেই আমাদের ক্ষুদ্র প্রয়াস। ছোটবেলা থেকেই ওদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি হলে ভবিষ্যতে তারা আরও ভালো ফলাফল করতে উৎসাহিত হবে। শিক্ষার মানোন্নয়নে প্রতিবছর এ ধরনেল আয়োজন অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।’

শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উচ্ছ্বাস প্রকাশ করে অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল্লাহ আল হাদী হৃদয় বলেন, ‘শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশের পাশাপাশি মেধাবীদের উৎসাহিত করাই আমাদের মূল উদ্দেশ্য। পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৮০ জন শিক্ষার্থীর অংশগ্রহণ আমাদের অনুপ্রাণিত করেছে। ভবিষ্যতে উপজেলার আরও বেশি শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষার্থীকে এই কার্যক্রমের আওতায় আনার চেষ্টা থাকবে।’

পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন জিনিয়াস স্কলারশিপ অ্যাসোসিয়েশনের পরিচালক ফারুক আহমেদ তালুকদার, সভাপতি আব্দুল্লাহ আল হাদী হৃদয়সহ অংশগ্রহণকারী পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষকবৃন্দ। সুষ্ঠু ও সুন্দর পরিবেশে পরীক্ষা সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন অভিভাবক ও স্থানীয় শিক্ষানুরাগীরা।

বিজ্ঞাপন

পড়ুন : বিএনপি নেতার কার্যালয়ের সামনে ৪টি ককটেল সদৃশ বস্তু, যা জানা গেলো

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন