চট্টগ্রামের সীতাকুণ্ডে উৎসবমুখর ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হয়েছে পন্থিশাহ ফাউন্ডেশন পরিচালিত মেধাবৃত্তি পরীক্ষা–২০২৬। শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টায় উপজেলার পাঁচটি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
এ নিয়ে চতুর্থবারের মতো মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করেছে পন্থিশাহ ফাউন্ডেশন। শিক্ষার্থীদের মেধা বিকাশ, পড়ালেখায় উৎসাহ প্রদান এবং শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান আয়োজকরা।
পরীক্ষা চলাকালে উপজেলার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন হযরত পন্থিশাহ (রহ.) ফাউন্ডেশনের চেয়ারম্যান ও হযরত পন্থিশাহ (রহ.) কমপ্লেক্সের পরিচালক মোছলেহ উদ্দীন খালেদ।
এ সময় উপস্থিত ছিলেন হযরত পন্থিশাহ (রহ.) কমপ্লেক্সের অধ্যক্ষ মশিউর রহমান, মাওলানা এমাজ উদ্দিন, এসএম মনোয়ার উদ্দিন সোহেল, আক্তার উদ্দিন বাবুল, তাজুল ইসলাম, তৈয়ব উদ্দিন, এমদাদুল হক, তসলিম উদ্দিন তানভীর, রবিউল ইসলাম রুবেলসহ বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
এ সময় ফাউন্ডেশনের চেয়ারম্যান মোছলেহ উদ্দীন খালেদ বলেন, “শিক্ষার্থীদের মেধা বিকাশ ও সুপ্ত প্রতিভা অন্বেষণের লক্ষ্যেই আমাদের এই আয়োজন। শুধু পরীক্ষায় ভালো ফলাফল নয়, শিক্ষার্থীদের মধ্যে জ্ঞানচর্চা, প্রতিযোগিতার মনোভাব ও নৈতিক মূল্যবোধ গড়ে তোলাও আমাদের উদ্দেশ্য। চতুর্থবারের মতো এ আয়োজন করতে পেরে আমরা আনন্দিত। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত রাখার পাশাপাশি আরও বৃহৎ পরিসরে শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে চাই।”
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং সংশ্লিষ্ট সবার সহযোগিতায় পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে।
পড়ুন : বিএনপি নেতার কার্যালয়ের সামনে ৪টি ককটেল সদৃশ বস্তু, যা জানা গেলো


