দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন এক হাজার ৫৭২ জন।
রোববার (১৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হাম সংক্রান্ত বুলেটিনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করা আটজনের মধ্যে ছয়জন ঢাকা বিভাগের এবং একজন করে চট্টগ্রাম ও খুলনা বিভাগের। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি।
গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৫৯৫, চট্টগ্রামে ২৬২, সিলেটে ১৭৮, খুলনায় ১০১, বরিশালে ৯৪, ময়মনসিংহে ৭৭, রংপুরে ৬০ এবং রাজশাহী বিভাগে ৪৭ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। একই সময়ে ঢাকা বিভাগে ৬১, সিলেটে ৩২ এবং চট্টগ্রামে ৩০ জনের হাম নিশ্চিত হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ১ হাজার ২০৯ জন। একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ১০৫ জন।
এ পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪৮ হাজার ৬০ জনে। এর মধ্যে নিশ্চিত হামের রোগী ২৫ হাজার ২৬৯ জন।
এ সময়ে মোট ২ লাখ ২১ হাজার ৫৩৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে চিকিৎসা শেষে ২ লাখ ১২ হাজার ৪০২ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।
হামের প্রধান প্রধান লক্ষণসমূহ:
স্বাস্থ্যবিষয়ক তথ্যানুযায়ী, হামে আক্রান্ত হলে রোগীর দেহে নানা ধরনের লক্ষণ প্রকাশ পায়। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি লক্ষণ হলো:
তীব্র জ্বর: হামের শুরুতেই শরীর বেশ উত্তপ্ত হয়ে ওঠে। অনেক সময় এই জ্বর ১০৩ থেকে ১০৪ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত উঠে যেতে পারে।
সর্দি ও কাশি: অনবরত হাঁচি দেওয়া, নাক দিয়ে পানি পড়া এবং তীব্র শুকনো কাশি হওয়া হামের প্রাথমিক ও সাধারণ লক্ষণ।
চোখের সমস্যা: আক্রান্ত শিশুর চোখ লাল হয়ে যায়, অনবরত পানি পড়ে এবং আলোতে তাকালে চোখে তীব্র অস্বস্তি বা ব্যথার অনুভূতি হয়।
মুখের ভেতর সাদা দাগ (কপলিক স্পট): সাধারণত জ্বর আসার দুই থেকে তিন দিনের মাথায় মাড়ির পাশে বা গালের ভেতরের চামড়ায় ক্ষুদ্র লবণের দানার মতো সাদাটে দাগ ফুটে ওঠে।
লালচে ফুসকুড়ি বা র্যাশ: জ্বর শুরু হওয়ার ৩ থেকে ৫ দিন পর প্রথম কানের পেছন ও মুখে লাল দানাদার ফুসকুড়ি দেখা দেয়। পরবর্তীতে তা ঘাড়, বুক, পিঠ ও হাত-পাসহ পুরো শরীরে ছড়িয়ে পড়ে।
শারীরিক দুর্বলতা ও অরুচি: পেশিতে ব্যথাসহ শরীর ভীষণ দুর্বল হয়ে পড়ে এবং খাবারের প্রতি তীব্র অরুচি তৈরি হয়। ক্ষেত্রবিশেষে পাতলা পায়খানা কিংবা বমিও হতে পারে।
পড়ুন : ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু


