প্রাকৃতিক গ্যাসের নতুন সম্ভাবনার দ্বার খুলছে দ্বীপজেলা ভোলায়। জেলার সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামে নতুন একটি গ্যাসকূপের সন্ধান পেয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)। ‘ভোলা নর্থ-৩’ নামের এ কূপ থেকে দৈনিক ২২ থেকে ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলনের প্রাথমিক সম্ভাবনা দেখছেন সংশ্লিষ্টরা। নতুন এ গ্যাসকূপের সন্ধ্যায় স্থানীয়দের মধ্যে তৈরি হয়েছে আশার সঞ্চার। তবে দীর্ঘদিন ধরে গ্যাসসম্পদ থাকা সত্ত্বেও ভোলায় শিল্পকারখানা ও কর্মসংস্থানের প্রত্যাশিত বিকাশ না হওয়ায় এবার গ্যাসের সুফল স্থানীয় মানুষ কতটা পাবেন, তা নিয়েও রয়েছে তাদের প্রশ্ন।
রোববার (১৫ নভেম্বর) সকাল পৌনে ১০টার দিকে নতুন কূপটিতে আগুন জ্বালানোর মধ্য দিয়ে শুরু হয় ড্রিল স্টেম টেস্ট (ডিএসটি)। এ পরীক্ষার মাধ্যমে কূপটির গ্যাসের প্রবাহ, চাপ ও উৎপাদন সক্ষমতা যাচাই করা হচ্ছে।
বাপেক্স সূত্রে জানা গেছে, ভোলা নর্থ-৩ কূপটি ৩ হাজার ৫২৬ মিটার গভীর পর্যন্ত খনন করা হয়েছে। প্রাথমিক পর্যবেক্ষণে কূপটি থেকে প্রতিদিন ২২ থেকে ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের সম্ভাবনা দেখা গেছে। তবে পরীক্ষার ফলাফল বিশ্লেষণ শেষে গ্যাসের প্রকৃত মজুত ও উৎপাদন সক্ষমতা সম্পর্কে চূড়ান্ত তথ্য জানা যাবে।
ভোলায় বর্তমানে তিনটি গ্যাসক্ষেত্র রয়েছে। নতুন কূপটি যুক্ত হলে জেলায় গ্যাসকূপের সংখ্যা দাঁড়াবে ১০টিতে। বর্তমানে জেলায় প্রায় পৌনে দুই ট্রিলিয়ন ঘনফুট গ্যাসের মজুত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
নতুন গ্যাসকূপের সন্ধানে উচ্ছ্বসিত স্থানীয় বাসিন্দারা। তাদের প্রত্যাশা, এই গ্যাসকে কেন্দ্র করে ভোলায় নতুন শিল্পকারখানা গড়ে উঠবে। সৃষ্টি হবে কর্মসংস্থানের সুযোগ। বিশেষ করে বেকার তরুণদের জন্য নতুন সম্ভাবনা তৈরি হবে।
স্থানীয় বাসিন্দা আনোয়ার হোসেন বলেন, ভোলায় দীর্ঘদিন ধরেই গ্যাস রয়েছে। নতুন করে আরও গ্যাসের সন্ধান পাওয়া আমাদের জন্য আনন্দের খবর। আমরা চাই, এই গ্যাস ব্যবহার করে ভোলায় শিল্পকারখানা গড়ে তোলা হোক। স্থানীয় মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হোক।
আরেক বাসিন্দার প্রত্যাশা, “ভোলার গ্যাস জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কিন্তু গ্যাস থাকার পরও স্থানীয়ভাবে শিল্পায়নের তেমন সুযোগ তৈরি হয়নি। নতুন এই গ্যাসকূপের মাধ্যমে ভোলার উন্নয়ন ও কর্মসংস্থানে ইতিবাচক পরিবর্তন আসবে এটাই আমাদের প্রত্যাশা।
স্থানীয়দের মতে, গ্যাসসম্পদকে কাজে লাগিয়ে ভোলায় গ্যাসভিত্তিক শিল্পাঞ্চল, সার কারখানা ও অন্যান্য উৎপাদনমুখী শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলা গেলে জেলার অর্থনৈতিক চিত্র বদলে যেতে পারে। পাশাপাশি স্থানীয় পর্যায়ে গ্যাস সরবরাহ ও কর্মসংস্থান নিশ্চিত করার বিষয়েও কার্যকর উদ্যোগ প্রয়োজন।
সংশ্লিষ্টরা বলছেন, ভোলা নর্থ-৩ কূপের ড্রিল স্টেম টেস্টের ফলাফল নতুন গ্যাসসম্পদের প্রকৃত সম্ভাবনা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পরীক্ষার ফলাফল পাওয়ার পর কূপটির চূড়ান্ত মজুত ও উৎপাদন সক্ষমতা আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
পড়ুন:সিরাজগঞ্জে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগে তদবিরবাজির অভিযোগে দুজন আটক
ইমি/


